মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Video of Attack on Woman on Stage Is AI-Generated Fea

মঞ্চে নারীর ওপর হামলার ভিডিওটি এআই দিয়ে তৈরি

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

গরুর মাংস খাওয়ার কথা বলায় মঞ্চে এক নারীর ওপর এক হিন্দু যুবক হামলা চালিয়েছেন, এমন দাবি করে ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। চিলির এক পুরুষ কমেডিয়ানের ওপর হামলার ঘটনার একটি ভিডিও অবলম্বনে এটি তৈরি করা হয়েছে।

গত ২২ নভেম্বর ফেসবুক পেজ “সত্যের কণ্ঠস্বর” ভিডিওটি পোস্ট করে। ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মঞ্চে নীল টিশার্ট পরা চশমাধারী এক ব্যক্তি এক নারীকে লাথি ও ঘুষি মারছেন। পরে নারীটিও পাল্টা ঘুষি দিচ্ছেন। ভিডিওর ওপরে লেখা, “গরুর মাংস খাওয়ার কথা বলতেই ক্ষুব্ধ মঞ্চে নারীর ওপর হিন্দু যুবকের হামলা”। পোস্টের ক্যাপশনে লেখা, “গরুর মাংস খাওয়ার কথা বলতেই ক্ষুব্ধ মঞ্চে নারীর ওপর হিন্দু যুবকের হা”ম”লা” (বানান অপরিবর্তিত)।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটিতে ১৫ হাজার ৯০০-এর বেশি প্রতিক্রিয়া এসেছে। এটি ১ হাজার ৮০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং ৮ লাখের বেশি বার দেখা হয়েছে।

একই ভিডিও এক্সে ছড়িয়েছে ভিন্ন দাবিতে। গত ২০ নভেম্বর “গৌরব” (@k_gauravs) নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ভিডিওটি পোস্ট করে। পোস্টে দাবি করা হয়, কমেডিয়ান “আলেহান্দ্রা সোতো” (Alejandra Soto) মুখ খোলার আগেই এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে মারতে যান। তিনি এড়িয়ে গিয়ে পাল্টা ঘুষি চালান। 

এক্সে একই এআই ভিডিও ভিন্ন ভিন্ন দাবিতে প্রচারের স্ক্রিনশট

গত ২১ নভেম্বর “হিন্দু ডিকোডেড” (Hindu Decoded) নামের আরেকটি ভেরিফায়েড অ্যাকাউন্ট ভিডিওটি পোস্ট করে। ভিডিওর ওপরের লেখায় দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে মঞ্চে বোরকা না পরায় এক নারীর ওপর হামলা চালিয়েছেন এক মুসলিম ব্যক্তি।

গৌরবের পোস্টে একটি কমিউনিটি নোট যুক্ত হয়েছে। নোটে বলা হয়েছে, এটি এআই ডিপফেক। চিলির স্ট্যান্ড-আপ কমেডিয়ান লুইস স্লিমিংয়ের (Luis Slimming) ওপর গত ১২ নভেম্বর আরিকা (Arica) শহরে হামলার ফুটেজ থেকে এটি বানানো। নোটে মূল ফুটেজের একটি ইউটিউব লিংকও দেওয়া আছে।

চিলির সংবাদমাধ্যম “দ্য ক্লিনিক” (The Clinic)-এর ইউটিউব চ্যানেলে মূল ভিডিওটি পাওয়া যায়। গত ১৪ নভেম্বর প্রকাশিত ভিডিওটির শিরোনাম “El momento en que agreden a Luis Slimming durante su show en Arica”। যার বাংলা অর্থ দাঁড়ায়, আরিকায় শো চলাকালে লুইস স্লিমিংকে আক্রমণের মুহূর্ত। ভিডিওর বিবরণীতে বলা হয়েছে, হোটেল আনতাইয়ে (Hotel Antay) শো চলার সময় এক অচেনা ব্যক্তি হঠাৎ মঞ্চে উঠে স্লিমিংকে মারতে শুরু করেন। স্লিমিং আত্মরক্ষার চেষ্টা করেন এবং কিছু আঘাতের জবাব দেন। শেষে ছুটিতে থাকা চিলির তদন্ত পুলিশের কয়েকজন সদস্য হামলা থামান।

চিলির সংবাদমাধ্যম “দ্য ক্লিনিক”-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত লুইস স্লিমিংয়ের ওপর হামলার মূল ভিডিও

মূল ভিডিওতে আক্রান্ত ব্যক্তি পুরুষ। ভাইরাল ভিডিওতে তাঁর জায়গায় এক নারীকে দেখানো হয়েছে। মূল ভিডিওর মঞ্চের পেছনে বড় পর্দা দেখা যায়। ভাইরাল ভিডিওতে আছে ইটের দেয়াল ও লাল নিয়ন সাইনে “Alejandra Soto” লেখা।

আরও যাচাইয়ে ভাইরাল ভিডিওটি হাইভ মডারেশনে (Hive Moderation) যাচাই করা হয়েছে। টুলটি ৮১.৯ শতাংশ সম্ভাবনা দেখিয়েছে যে ভিডিওটি এআই দিয়ে তৈরি। 

ভিডিওটি ইউনিভার্সিটি অ্যাট বাফেলোর ডিপফেক-ও-মিটারেও (DeepFake-O-Meter) যাচাই করা হয়। চারটি ডিটেক্টর এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি দেখিয়েছে।

চিলির একাধিক সংবাদমাধ্যমে মূল ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টি-থার্টিনের (T13) প্রতিবেদন অনুযায়ী, ১২ নভেম্বর রাত আনুমানিক ৮টায় আরিকার হোটেল আনতাইয়ের কনভেনশন সেন্টারে এক ব্যক্তি মঞ্চে উঠে স্লিমিংকে লাথি ও মুখে ঘুষি মারেন। ছুটিতে থাকা পুলিশ সদস্যরা হামলাকারীকে আটক করেন। শো বাতিল হয়। 

ঘটনার পর স্লিমিং ইনস্টাগ্রামে জানান, কোনো কৌতুকের কারণে হামলা হয়নি। হামলার আগে তিনি সেসব কৌতুকে পৌঁছাতেই পারেননি। বিওবিও চিলের (BioBioChile) প্রতিবেদনে এ কথা উঠে এসেছে। চিলির এসব প্রতিবেদনে গরুর মাংস, বোরকা বা ধর্মীয় কোনো প্রসঙ্গের উল্লেখ নেই।

চিলির সংবাদমাধ্যম এডিএনও (ADN) গত ২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, স্লিমিংয়ের ওপর হামলা এআই দিয়ে পুনর্নির্মাণ করে যুক্তরাষ্ট্রে ছড়ানো হয়েছে। এতে হাজারো মানুষ বিভ্রান্ত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এক নারী কমেডিয়ানকে আক্রমণের দৃশ্য হিসেবে ভিডিওটি আলোচনায় আসে।

অর্থাৎ, ভিডিওটি হিন্দু বা মুসলিম কারও হামলার নয়, চিলিতে এক পুরুষ কমেডিয়ানের ওপর হামলার ভিডিও থেকে এআই দিয়ে বানানো।

আরো কিছু লেখা