ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আদালতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারের নারীদের ওপর বিএনপির আইনজীবীরা হামলা করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো আদালতের নয়। এটি ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের পারিবারিক আদালত চত্বরে এক নারীকে মারধরের ঘটনার ভিডিও।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২২ নভেম্বর ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, “বিএনপি আদালতে আওয়ামী লীগের পরিবারের উপরে হামলা, আদালতে আওয়ামী লীগ পরিবারের মেয়েদের সাথে, বিএনপির আইনজীবীদের সাথে মা’রা মা’রী।” (বানান অপরিবর্তিত) ভিডিওতে গোলাপি সালোয়ার-কামিজ পরা এক নারীকে চুল ধরে টানতে ও মারধর করতে দেখা যায়।
ফেসবুকের একাধিক (১, ২, ৩) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ২৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির সঙ্গে প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।
প্রতিবেদনটির শিরোনাম বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “উত্তরপ্রদেশ সংবাদ | উত্তরপ্রদেশের পারিবারিক আদালতের ভেতরেই ক্যামেরার সামনে নারীকে হামলা ও শ্বাসরোধের চেষ্টা, তিন অভিযুক্তের মধ্যে স্বামীও রয়েছেন।” প্রতিবেদন অনুযায়ী, ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের পারিবারিক আদালতে ভরণপোষণ মামলার শুনানিতে অংশ নিতে যান প্রিয়া ত্রিপাঠী নামের এক নারী। তার অভিযোগ, শুনানি শেষে আদালত চত্বরে তাঁর স্বামী মণীশ কুমার মিশ্র এবং প্রিন্স মিশ্র ও সতীশ মিশ্র নামের আরও দুজন তাঁকে মারধর ও গলা চেপে ধরেন।
এছাড়াও আরেক ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রকাশিত প্রতিবেদনেও ভিডিওটিকে ভারতের ঘটনা হিসেবে দাবি করা হয়।

এর আগেও ভিডিওটি ভিন্ন দাবিতে ছড়ালে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ ভিডিওটিকে ভারতের উল্লেখ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, ভারতের উত্তরপ্রদেশের পারিবারিক আদালত চত্বরে এক নারীকে মারধরের ভিডিওটি বাংলাদেশে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নারীদের ওপর বিএনপির আইনজীবীদের হামলার দাবিতে প্রচার করা হচ্ছে।

