নড়াইলে হিন্দুদের কাছ থেকে লুট হওয়া মালপত্র এক কৃষকদল নেতার বাড়িতে পাওয়া গেছে, এমন দাবি করে ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ১৭ নভেম্বর মেহেরপুরের গাংনীতে কৃষকদল নেতা মো. মিজানুর রহমানের বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারের ঘটনার। ভিডিওটির সঙ্গে নড়াইলের ঘটনার কোনো সম্পর্ক নেই।
শনিবার এক ফেসবুক প্রোফাইল থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এর ক্যাপশনে লেখা, “গতকাল নড়াইলে হিন্দুদের লু|ট হওয়া মালপত্র কৃষকদল নেতার বাড়িতে———কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের শি*ব*লি*ঙ্গ উদ্ধার। (বানান অপরিবর্তিত)”
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি আড়াই লাখের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় দেড় হাজার বার শেয়ার করা হয়েছে। একজন মন্তব্য করেছেন, “সৌদিআরবে শিব মন্দির দেখে মেহেন্দি চাচার শিব পূজার করার ইচ্ছা হয়েছে।” আরেকজন লিখেছেন, “কিরে, পুলিশ না বলছিলো AI? কোনটা আসলে AI?”
ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ঢাকা ডায়েরি ও জুম বাংলা নামের ওয়েবসাইটে ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে এ বিষয়ে প্রকাশিত আরও একাধিক সংবাদ প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৭ নভেম্বর মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জেলা কৃষকদলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়ি থেকে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করে উপজেলা প্রশাসন। ভিডিওটি ১৭ নভেম্বর চালানো উদ্ধার অভিযানের। এদিকে নড়াইলে হামলার ঘটনা ঘটে গত ২০ নভেম্বর।
অর্থাৎ, ফেসবুকে প্রচারিত ভিডিওটি নড়াইলের ঘটনার নয়; এটি ১৭ নভেম্বর মেহেরপুরের গাংনীতে শিবলিঙ্গ উদ্ধারের ঘটনার দৃশ্য।

