ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, গত ২১ নভেম্বর আওয়ামী লীগের মিছিলের দৃশ্য। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি আওয়ামী লীগের কোনো মিছিলের নয়। এটি ২০১৯ সালে হংকংয়ে অনুষ্ঠিত একটি বিক্ষোভের দৃশ্য।
ফেসবুকে হাসান চৌধুরী নামের একটি প্রোফাইল থেকে ১২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওর ওপর লেখা ছিল, “২১ নভেম্বর আওয়ামী লীগের মিছিল। সবাই শেহার করেন।” পোস্টের বর্ণনায় লেখা হয়, “আওয়ামী লীগের মিছিলে হাজার হাজার মানুষের ঢল।”
ভিডিওর ভয়েসওভারে বলা হয়, “খেলা জমে গেছে রে খেলা জমে গেছে। ঢাকা মহাসড়কে আওয়ামী লীগের মিছিলে লক্ষ লক্ষ মানুষের ঢল। আপনারা যারা এই দলটিকে ভালোবাসেন তারা লাইক শেয়ার করে ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ১৩ লাখ বার দেখা হয়েছে এবং ৯ হাজার ৩০০ বার শেয়ার করা হয়েছে।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির বিভিন্ন দৃশ্য থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য আটলান্টিকে (The Atlantic) ২০১৯ সালের ১৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটির শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, এবারের হংকং বিক্ষোভ কেন আলাদা। প্রতিবেদনটিতে ব্যবহৃত একটি ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

দ্য আটলান্টিকের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালে হংকংয়ে চীন সরকারের প্রস্তাবিত প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগে পরিচালিত এই আন্দোলন পরে গণতন্ত্র, নাগরিক অধিকার ও হংকংয়ের স্বায়ত্তশাসন রক্ষার দাবিতে বিস্তৃত হয়। দ্য আটলান্টিকের প্রতিবেদনে প্রকাশিত ছবিতে পেছনের ভবন ও ফুটওভারব্রিজের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা ভবন ও ফুটওভারব্রিজের সাদৃশ্য রয়েছে।
অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি ২১ নভেম্বরে আওয়ামী লীগের মিছিলের নয়। এটি ২০১৯ সালে হংকংয়ে অনুষ্ঠিত একটি বিক্ষোভের দৃশ্য।

