মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Not Sheikh Hasina Feature

শেখ হাসিনার নয়, এটি তারেক রহমানের হেলিকপ্টার নামার ভিডিও

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি হেলিকপ্টারের ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার নয়। এটি গত ৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টার নামার দৃশ্য।

গত ২১ নভেম্বর “BD Saids” নামের একটি ফেসবুক পেজ ভিডিওটি পোস্ট করে। এই ভিডিওতে একটি হেলিকপ্টারকে অবতরণ করতে দেখা যায়। উপস্থিত অনেকে মোবাইল ফোন উঁচিয়ে দৃশ্যটি ধারণ করছেন। ভিডিওর ওপর বড় অক্ষরে লেখা, “শেখ হাসিনা এসেছে”। একটি দৃশ্যে হেলিকপ্টারের গায়ে লেখা “BANGLADESH AIR FORCE” উল্টো দেখা যায়। অর্থাৎ মূল কোনো দৃশ্যকে মিরর করা হয়েছে এই পোস্টে।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটিতে ১৪ লাখের বেশি দেখা হয়েছে। পোস্টটি ৩১ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে এবং ২ হাজারের বেশি বার শেয়ার হয়েছে।

একই দাবিতে একাধিক অ্যাকাউন্ট (১, ২) থেকেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। তাতে মাইটিভি বাংলাদেশের (Mytv Bangladesh) ফেসবুক পেজে গত ৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। পোস্টে লেখা ছিল, “হেলিকপ্টারে ফটিকছড়ি পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান”। দৃশ্যে একই হেলিকপ্টার ও মাঠের দৃশ্য দেখা যায়।

দৈনিক আজাদীর ফেসবুক পেজেও ভিন্ন কোণ থেকে ধারণ করা একটি ভিডিও পাওয়া যায়। এর ক্যাপশন, “ফটিকছড়িতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান”। ভিডিওতে হেলিকপ্টারের পাশ দিয়ে সামরিক পোশাকের কয়েকজনসহ একটি দলকে হেঁটে যেতে দেখা যায়।

এই ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল ভিডিওর দুটি মিল পাওয়া গেছে। প্রথম মিল মাঠের পাশের স্থাপনায়। ভাইরাল ভিডিওতে হেলিকপ্টারের পেছনে একটি সাদা-ধূসর দোতলা ভবন দেখা যায়। এর সামনে একটি নিচু স্থাপনা আছে। দৈনিক আজাদীর ভিডিওতে একই ভবন ও স্থাপনা দেখা যায়। সেখানে ভবনের ছাদে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দ্বিতীয় মিল দূরের দৃশ্যে। ভাইরাল ভিডিওতে মাঠের অন্য প্রান্তে একটি বহুতল ভবন এবং সারিবদ্ধ গাড়ি দেখা যায়। এর মধ্যে আছে ফায়ার সার্ভিসের লাল গাড়ি। দৈনিক আজাদীর ভিডিওতেও একই ভবন ও গাড়ি রয়েছে।

 “BD Saids” পেজে গত ১০ আগস্টও একই দৃশ্যের আরেকটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে লেখা ছিল, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন আমাদের ফটিকছড়িতে।” সেই ভিডিওতেও একই জনসমাগম ও একই ধরনের পরিবেশ দেখা যায়। তবে হেলিকপ্টারের গায়ে “BANGLADESH AIR FORCE” লেখাটি এক্ষেত্রে ঠিক আছে।

ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উল্লেখ করে “BD Saids” পেজের গত ১০ আগস্টের ভিডিও পোস্টের স্ক্রিনশট

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ওই ঘটনার একাধিক প্রতিবেদন পাওয়া যায়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, গত ৯ আগস্ট বিকেল ৩টা ২০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে বাঁশখালী থেকে ফটিকছড়ি পৌঁছান। দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করে। সারাবাংলার প্রতিবেদনেও একই তথ্য আছে। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ ভিড় করেন।

অর্থাৎ, ভিডিওটি শেখ হাসিনার আগমনের নয়, গত ৯ আগস্ট ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হেলিকপ্টার থেকে অবতরণের দৃশ্য।

শেখ হাসিনার ফেরা নিয়ে ভুয়া দাবির বিষয়ে ডিসমিসল্যাব এর আগেও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

আরো কিছু লেখা