বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাসে’ নড়াইলের শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দৃশ্যটি নড়াইলের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৬ সালের ১৮ নভেম্বর রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার দৃশ্য।
ফেসবুকে ‘নাজিম উল আজম’ নামের একটি প্রোফাইল থেকে গত ২১ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত নড়াইলের শতাধিক পরিবার… তথাকথিত সুশীলরা কোথায়।” ২১ সেকেন্ডের ভিডিওতে একটি এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। পোস্টের মন্তব্যে অনেককে এই ঘটনার নিন্দা জানাতে ও বিচার চাইতে দেখা গেছে।
এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৩২ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ৪৭০ বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক প্রোফাইল (১, ২, ৩, ৪, ৫) থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।
যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ২০২৬ সালের ১৮ নভেম্বর চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। শিরোনামে লেখা, “মহাখালীর সাততলা বস্তিতে আগুন, সর্বস্বান্ত শতাধিক পরিবার।” ১ মিনিট ৫৯ সেকেন্ডের ওই ভিডিওর ১৯ সেকেন্ডের পর থেকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।
এই ঘটনায় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশিত হয়েছে। গত ১৮ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বেশ কিছু ঘর। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।” সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়।

উল্লেখ্য, নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে গত ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে নড়াইলের এই ঘটনার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর কোনো সম্পর্ক নেই।

