নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, নাহিদের বাসায় আগুনের দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

নাহিদ ইসলামের বাড়িতে আগুনের দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে “তৌহিদী জনতা”। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্য। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ নভেম্বর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২২ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “এনসিপির দে-শ ধংশ কারি জঈী গোপাল ভার নাহিদ ইসলামের বাড়ীতে আ/গুন ধরিয়ে দিয়েছে তৌহীদী জনতা….।” ৩৬ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, একাধিক ঘরে আগুন জ্বলছে। ভিডিওর শুরুতে বৈদ্যুতিক তার সম্বলিত খুঁটি দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫৫ হাজার বারের বেশি দেখা হয়েছে।

ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫, ৬) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে। 

ফ্যাক্টচেক, নাহিদের বাসায় আগুনের দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ডিবিসি নিউজের ফেসবুক পেজ থেকে গত ১৪ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু দৃশ্যের হুবহু মিল লক্ষ্য করা যায়। ভিডিওটির বর্ণনায় লেখা ছিল, “কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২ টি দোকান পুড়ে ছাই।” একই দাবিতে মাছরাঙা নিউজের পেজ থেকেও ভিডিওটি প্রকাশ করা হয়েছে।

ফ্যাক্টচেক, নাহিদের বাসায় আগুনের দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

ডিবিসি নিউজের প্রকাশিত প্রতিবেদনেও আগুনের দৃশ্যটি ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, “কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।” 

অর্থাৎ, নাহিদ ইসলামের বাড়িতে তৌহিদী জনতা আগুন দিয়েছে দাবিতে প্রচারিত হচ্ছে কুমিল্লায় দোকান পুড়ে যাওয়ার দৃশ্য।

আরো কিছু লেখা