সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, এটি বাংলাদেশের অর্থমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দৃশ্যটি নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার।
‘ক্রিয়েটলি ডট ইন’ (Kreately.in) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২১ নভেম্বর পাঁচ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “বাংলাদেশের অর্থমন্ত্রীর বাড়ী পুড়িয়ে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির এখন আত্নগোপনে রয়েছেন। নিরাপত্তার জন্য সম্ভবত তিনি ভারতে আসবেন।” ভিডিওতে একটি ভবনের দিকে দুটি পেট্রোল বোমা ছুড়ে মারতে এবং এতে আগুন জ্বলতে দেখা যায়।
এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৫৭ হাজারের বেশিবার দেখা হয়েছে। প্রায় ৬৫০ বার রিপোস্ট করা হয়েছে এটি।

সত্যতা যাচাইয়ে ভিডিওর বিভিন্ন দৃশ্যের স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। অনুসন্ধানে সংবাদমাধ্যম জাগো নিউজ টোয়েন্টিফোরে ২০২৬ সালের ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে এক্সে ছড়িয়ে পড়া ভিডিওর আগুনের দৃশ্যের মিল পাওয়া যায়। ছবির ক্যাপশনে লেখা ছিল, “বোমা হামলায় জ্বলছে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখা।”
জাগো নিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, ১৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে শাখাটির কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
দৈনিক ইত্তেফাকে ২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনেও একই ছবি ব্যবহার করা হয়েছে। ‘নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, “পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ব্যাংকটি লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। একটিতে সামান্য আগুন জ্বলে, অন্যটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলেও দাবি করেন তিনি।”

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের অর্থমন্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য নয়। ভিডিওটির দৃশ্যের সঙ্গে নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনার মিল পাওয়া যায়। এছাড়া, কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যমে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে আগুন দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হূমায়ুন কবিরের সিলেটের বাসার প্রধান ফটকের সামনে গত ১৯ নভেম্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

