মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
হাসনাত আবদুল্লাহর নয়, আগুনের দৃশ্যটি সাবেক মন্ত্রীর বাড়ির

হাসনাত আবদুল্লাহর নয়, আগুনের দৃশ্যটি সাবেক মন্ত্রীর বাড়ির

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাড়িতে আগুন লেগেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওটি বান্দরবানের, ২০২৫ সালে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাড়িতে আগুন লাগার ঘটনার দৃশ্য এটি।

ফেসবুকে গত ২১ নভেম্বর ‘সাত্তার মিয়া’ (Sattar Mia) নামের একটি প্রোফাইল থেকে ১০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “চমৎকার দৃশ্য এমপি হাসনাত আব্দুল্লার বাড়িতে আগুন” (ভাষা অপরিবর্তিত)। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি ৫ হাজার ২০০টির বেশি প্রতিক্রিয়া পেয়েছে এবং ৯০০ বারের বেশি শেয়ার হয়েছে।

একই ভিডিও ‘Channel21 সুবর্ণচর’ নামের একটি ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়। সে পোস্টে লেখা ছিল, “একেবারে জয় বাংলা করে দিল।”

হাসনাত আবদুল্লাহর বাড়িতে আগুনের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট 

ভিডিওর প্রায় এক-তৃতীয়াংশজুড়ে একজন ব্যক্তিকে দেখা যায়। নিচের অংশে একটি বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। বাড়ির গেটের সামনে কয়েকজনকে ছোটাছুটি করতে ও সামরিক পোশাকের কিছু ব্যক্তিকে দেখা যায়। ভিডিওর সামনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও এক নারীর ছবি যুক্ত করা হয়েছে।

সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে সংবাদমাধ্যম ‘ভিউজ বাংলাদেশ’ (viewsbangladesh) ও এনটিভির দুটি প্রতিবেদন পাওয়া যায়। দুটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আগুনের দৃশ্য ও গেটের উপরিভাগের অংশের মিল পাওয়া যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, দৃশ্যটি বান্দরবানের সাবেক মন্ত্রী বীর বাহাদুরীর বাসার আগুনের।

বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুনের ঘটনায় ভিউজ বাংলাদেশ ও এনটিভিতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

এছাড়া দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে আগুন লাগার কথা জানানো হয়। এ প্রতিবেদনে প্রকাশিত ছবিতে থাকা গেটের নকশার সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর বাড়ির গেটের নকশার মিল পাওয়া যায়।

এ ছাড়া বিষয়টি নিয়ে দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়। যুগান্তরের ‘সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে আগুন’ শিরোনামের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১টার দিকে বান্দরবানের রাজারমাঠ এলাকায় বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই ঘটনার ভিডিও ও ছবি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার তথ্যও পাওয়া যায়। দৈনিক সমকালের প্রতিবেদন এবং যুগান্তরের প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়।

অর্থাৎ, বান্দরবানে সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে আগুন লাগার পুরোনো ভিডিওকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাড়িতে আগুনের দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা