মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
factcheck Narail Hindu Houses Set Fire

ভিন্ন স্থানের আগুনের দৃশ্যকে নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে প্রচার

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বাংলাদেশের নড়াইলে ২০০টিরও বেশি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ঢাকা, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে ঘটে যাওয়া তিনটি ভিন্ন অগ্নিকাণ্ডের ফুটেজ জোড়া লাগিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এক্সে ‘নরেন্দ্র’ (Narendra) নামের একটি অ্যাকাউন্ট থেকে ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ভাষা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “খবরে প্রকাশ, বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বাংলাদেশে ২০০টিরও বেশি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ, বাংলাদেশের গণমাধ্যমে এ নিয়ে কোনো ক্ষোভ বা প্রতিবাদ নেই। মাকু (মার্কসবাদী) এবং কংগ্রেস নেতারা এখন কোথায়? তাদের সেই ক্ষোভ এখন কোথায় গেল?” ভিডিওর ওপর বাংলায় লেখা, “বাংলাদেশের নড়াইলে ২০০ বেশি হিন্দু ঘরবাড়ি আগুন লাগিয়ে দেয়।”

ভিডিওতে চারটি ভিন্ন দৃশ্য রয়েছে। শুরু থেকে ৫ম সেকেন্ড পর্যন্ত প্রথম দৃশ্যে এক নারীকে কান্না করতে দেখা যায়। ৬ষ্ঠ থেকে ১২তম সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় দৃশ্যে দেখা যায়, রাতের বেলায় বাড়িতে আগুন জ্বলছে। তৃতীয় দৃশ্যে, অর্থাৎ ১৩ থেকে ১৭তম সেকেন্ড পর্যন্ত রয়েছে দিনের বেলায় বাড়িতে আগুন জ্বলার চিত্র। সবশেষ চতুর্থ দৃশ্যে ১৮ থেকে ২২তম সেকেন্ড পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে ধোঁয়া উঠতে এবং মানুষদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। 

প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১৪ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে আটশ বার শেয়ার করা হয়েছে। 

এ ছাড়া একই দাবিতে ‘সামির’ (Sameer) নামের আরেকটি অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।

যাচাইয়ে ভিডিওর প্রথম দৃশ্য থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে জাগো নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল, “চোখের সামনেই পুড়ল শেষ সম্বল, সাততলা বস্তিতে কান্নার রোল।” ওই ভিডিওতে কান্নারত নারীর চেহারা ও পোশাকের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর প্রথম দৃশ্যের নারীর হুবহু মিল রয়েছে।

২০২৬ সালের ১৮ নভেম্বর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সেদিন রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুনে ঘর হারিয়েছে শতাধিক পরিবার।

নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিও (বামে) এবং মহাখালীর সাততলা বস্তিতে আগুনের ঘটনায় জাগো নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট

ছড়িয়ে পড়া ভিডিওর তৃতীয় দৃশ্যের কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘সংবাদ’-এর অনলাইন সংস্করণে ২০২৬ সালের ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম, “ভয়াবহ অগ্নিকাণ্ডে সোনা মিয়ার বসতঘর ভস্মীভূত।” প্রতিবেদনে সংযুক্ত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর তৃতীয় দৃশ্যের হুবহু মিল রয়েছে। সেখানে বলা হয়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে সোনা মিয়া নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।


নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিও (বামে) এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ব্যক্তির বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় সংবাদের প্রকাশিত প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট

ভিডিওর চতুর্থ দৃশ্যের কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে ২৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। “নড়াইলে অগ্নিসংযোগের দৃশ্য দাবিতে মিরসরাইয়ের আগুনের পুরোনো ভিডিও প্রচার” শিরোনামের ওই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর চতুর্থ দৃশ্যের মিল রয়েছে। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে উঠে আসে, দৃশ্যটি নড়াইলের কালিয়ায় অগ্নিসংযোগের ঘটনার নয়। এটি গত ৬ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনার ভিডিও। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ ও ডিসমিসল্যাবও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে প্রচারিত ভিডিও (বামে) এবং চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় রিউমর স্ক্যানারের প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট

উল্লেখ্য, ছড়িয়ে পড়া ভিডিওর দ্বিতীয় দৃশ্যটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অর্থাৎ, ঢাকা, মুন্সিগঞ্জ ও চট্টগ্রামে ঘটে যাওয়া পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ফুটেজ একত্র করে নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা