মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
নড়াইলের খবরে চট্টগ্রামের পুরোনো ভিডিও ব্যবহার ঢাকা ট্রিবিউন এবং বার্তা বাজারের

নড়াইলের খবরে চট্টগ্রামের পুরোনো ভিডিও ব্যবহার ঢাকা ট্রিবিউন এবং বার্তা বাজারের

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

নড়াইলের কালিয়ায় অগ্নিসংযোগের প্রতিবেদনে চট্টগ্রামের মিরসরাইয়ের অগ্নিকাণ্ডের ভিডিও ব্যবহার করেছে একাধিক সংবাদমাধ্যম। ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট নিয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশের পরও ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনে ওই ভিডিও থেকে নেওয়া ছবি ব্যবহার করেছে। এছাড়া বার্তাবাজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এবং ভারতীয় সংবাদমাধ্যম ভাস্করেও নড়াইলের ঘটনার প্রেক্ষিতে ভিডিওটি প্রচার করা হয়েছে।

গত ২১ নভেম্বর নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. জাকির হুসাইনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ২১ নভেম্বরে ৩টা ৮ মিনিটে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টে বলা হয়, ভিডিওটি নড়াইলের ঘটনার দৃশ্য।

ভিডিওটির সত্যতা যাচাই করে একই দিনের বিকেল ৫টা ১৩ মিনিটে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ফ্যাক্টওয়াচ। প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি মিরসরাইয়ের উত্তর আমবাড়িয়া এলাকায় ৬ সেপ্টেম্বরের একটি আগুনের ঘটনার। ওই দিন ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে যায়।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) ও ফ্যাক্টওয়াচে প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)।

ফ্যাক্টওয়াচের প্রতিবেদন প্রকাশের ৫৩ মিনিট পর, ২১ নভেম্বরের সন্ধ্যা ৬টা ৬ মিনিটে “বিএনপি নেতা হত্যার পর নড়াইলের অনেক বাড়িঘরে আগুন” (Dozens of homes torched in Narail after killing of two BNP leaders) শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ঢাকা ট্রিবিউন। এতে নড়াইলের কালিয়ায় বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের খবরের সঙ্গে একটি ছবি ব্যবহার করা হয়। ছবিটি মিরসরাইয়ের আগুনের ঘটনার পুরোনো ভিডিও থেকে নেওয়া।

ছবিটির নিচে ক্যাপশনে লেখা ছিল “ছবি: ঢাকা ট্রিবিউন।” ছবিটি যে পুরোনো কোনো ভিডিও থেকে নেওয়া এবং সে ভিডিও মিরসরাইয়ের ঘটনার, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা ট্রিবিউনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকেও প্রতিবেদনটি (আর্কাইভ)  প্রচার করা হয়। পোস্টটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্যের বাড়িও কালিয়ায় হামলার শিকার; ফায়ার সার্ভিস বলছে ২০-৩০টি বাড়িতে ক্ষতিগ্রস্থ, হিন্দু পরিবারের ওপর হামলার দাবি নাকচ পুলিশের।” পোস্টের সঙ্গে ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে একই ছবি যুক্ত ছিল।

ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট (বাঁয়ে) ও ঢাকা ট্রিবিউনের এক্স পোস্টের স্ক্রিনশট (ডানে)

বার্তাবাজারের ইনস্টাগ্রামেও নড়াইলের দাবি

বার্তাবাজারের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও প্রচার করা হয়। ২১ নভেম্বর বিকাল ৩টা ২০ মিনিটে প্রকাশিত রিলসে ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা হয় “নড়াইলে সংখ্যালঘুদের উপর আবারও অগ্নিসন্ত্রাস।” বার্তাবাজারের ইনস্টাগ্রাম পোস্টটি (আর্কাইভ) ফ্যাক্টওয়াচের প্রতিবেদন প্রকাশের আগেই প্রচার করা হয়েছিল।

বার্তাবাজারের ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট।

ভাস্কর ইংলিশের প্রতিবেদনেও একই ভিডিও

ভারতীয় সংবাদমাধ্যম ভাস্কর ইংলিশেও নড়াইলের ঘটনা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ভিডিও ব্যবহার করা হয়েছে। “বিএনপির দুই নেতা হত্যার পর বাংলাদেশের নড়াইলে ৫০টিরও বেশি বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ; লক্ষ্যবস্তু আওয়ামী লীগের সম্পত্তি” শিরোনামের প্রতিবেদনটিতে (আর্কাইভ)নড়াইলের ঘটনার সঙ্গে একাধিক ভিডিও যুক্ত করা হয়। এর মধ্যে মিরসরাইয়ের পুরোনো অগ্নিকাণ্ডের ভিডিওটিও রয়েছে।

প্রকৃত ঘটনা মিরসরাইয়ের 

উৎসের খোঁজে রিভার্স ইমেজ সার্চ করলে ‘মাহবুব রহমান’ নামের একটি ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। সেখানে ৬ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্টের মন্তব্যে ঘটনাস্থল সম্পর্কে জানতে চাইলে পেজটি থেকে জানানো হয়, এটি মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকার ঘটনা। এ ছাড়া ‘সবুজ অফিসিয়ালি’ (Sobuj Officially) নামের আরেকটি ফেসবুক পেজেও ৮ সেপ্টেম্বর একই ভিডিও প্রকাশ করা হয়।

৬ সেপ্টেম্বর ‘মাহবুব রহমান’ এবং ৮ সেপ্টেম্বর ‘Sobuj Officially’ নামের দুটি ফেসবুক পেজে প্রকাশিত একই ভিডিওর স্ক্রিনশট

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে সময়ের আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনেও এই ঘটনার বিবরণ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ৬ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে আগুন লাগে। ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ, ভিডিওটি দুই মাস আগের। ওদিকে নড়াইলের কালিয়ায় হামলার ঘটনা ঘটে গত ২১ নভেম্বর।

এই ঘটনা নিয়ে তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এবং বুম বাংলাদেশ ইতোমধ্যে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করলেও ঢাকা ট্রিবিউন এবং বার্তা বাজার এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত তাদের প্রতিবেদন ও পোস্ট সংশোধন করেনি।

আরো কিছু লেখা