লেবাননে ইসরায়েলি হামলার খবরের সঙ্গে ব্যবহার করা হয়েছে গাজায় হামলায় ভবন ধসের ছবি। গ্রিসে হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে ভিডিও প্রতিবেদনে দেখানো হয়েছে তিনটি ভিন্ন ঘটনার ফুটেজ। বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এভাবে ব্যবহার করা হচ্ছে পুরোনো বা অন্য ঘটনার ছবি ও ভিডিও। কিন্তু এসব ছবি বা ফুটেজ যে সংশ্লিষ্ট ঘটনার নয়, তা উল্লেখ করা হচ্ছে না। ফলে পাঠক বা দর্শকের পক্ষে দৃশ্যগুলোর প্রকৃত প্রেক্ষাপট বোঝা কঠিন হয়ে পড়ছে।
১০ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত দুই মাসে বাংলাদেশের সংবাদমাধ্যমে সাম্প্রতিক ঘটনার প্রতিবেদন ও ভিডিওতে পুরোনো বা ভিন্ন ঘটনার ছবি-ফুটেজ ব্যবহারের ১৩টি ঘটনা নিয়ে ফ্যাক্টচেক করেছে ডিসমিসল্যাব। এসব ছবি বা ভিডিওর ক্যাপশনে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো সেগুলো পুরোনো কিংবা অন্য ঘটনার — এমন কোনো তথ্য উল্লেখ বা ব্যাখ্যা করেনি।
সংবাদে ফাইল ছবি বা ফুটেজ ব্যবহার নতুন কিছু নয়, আন্তর্জাতিক সাংবাদিকতার নীতিতেও তা নিষিদ্ধ নয়। তবে পুরোনো বা অন্য ঘটনার ছবি ও ভিডিও ব্যবহার করলে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়, যাতে পাঠক বা দর্শক বিভ্রান্ত না হন। বাংলাদেশের সংবাদমাধ্যমে এই নিয়মের ব্যত্যয় ঘটছে।
গ্রিসের হেলিকপ্টার দুর্ঘটনার খবরে তিন পুরোনো ফুটেজ
২৪ আগস্ট প্রকাশিত ডিসমিসল্যাবের একটি প্রতিবেদনে দেখা যায়, গ্রিসে হেলিকপ্টার দুর্ঘটনার খবর দিয়ে ১৮ আগস্ট ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে যুগান্তর। ভিডিওটিতে চারটি ফুটেজ ব্যবহার করা হয়, যার মধ্যে তিনটি ছিল পুরোনো ও ভিন্ন ঘটনার। অথচ ফুটেজগুলোকে পুরোনো হিসেবে উল্লেখ করা হয়নি।

তিনটি ফুটেজের প্রথমটি ছিল ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পার্ল হারবারে পাঁচজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার সাগরে আছড়ে পড়ার ঘটনার। দ্বিতীয় ফুটেজটি ছিল ২০২৬ সালের ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রশিক্ষণের সময় অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হওয়ার ঘটনার। আরেকটি ফুটেজে ছিল গ্রিসে দাবানল নেভানোর সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের সংঘর্ষের দৃশ্য। ওই ঘটনায় দুই সেনাসদস্য নিহত হন।
লেবাননে হামলার খবরে গাজায় ধসে পড়া ভবনের ছবি
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলি হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। ৮ সেপ্টেম্বর ডিবিসি নিউজের একটি অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে লেখা ছিল, “ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৮০০ শিশু নিহত, বাস্তুচ্যুত ৩ লক্ষ ৬০ হাজার শিশু।”

ডিসমিসল্যাবের ৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি লেবাননের নয়। এটি ২০২৪ সালের ২৯ অক্টোবর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় ধসে পড়া একটি ভবনের ছবি। ওই একই ছবি ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছিল।
সৌদির দুই ঘটনার খবরে একই পুরোনো ছবি
২০২৬ সালের ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি আসবাব কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নিহত হন। অন্যদিকে, ৭ সেপ্টেম্বর সৌদি আরবের জিজান শহরে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটে। এই দুই ঘটনার খবর প্রকাশ করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদমাধ্যমে অন্য একটি ঘটনার ছবি ব্যবহার করা হয়েছে।
ডিসমিসল্যাবের ৯ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ছবিটি ২০২২ সালের ২৫ মার্চ জেদ্দায় সৌদি আরামকোর পেট্রোলিয়াম সংরক্ষণাগারে হুতিদের হামলার পর আগুন লাগার দৃশ্যের। প্রায় সাড়ে চার বছর আগের এই ছবি পরে রিয়াদের আসবাব কারখানায় অগ্নিকাণ্ডের খবর প্রকাশের সময় বাংলাদেশের ১৭টি সংবাদমাধ্যম ব্যবহার করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজসহ আরও কয়েকটি সংবাদমাধ্যম।

অন্যদিকে, জিজানে আরামকোর তেল স্থাপনায় হামলার খবরেও একই ছবি ব্যবহার করে দৈনিক মানবকণ্ঠ। একই ছবি দিয়ে ফেসবুকে ফটোকার্ড প্রকাশ করে দৈনিক মানবজমিন।
ইন্দোনেশিয়ার ফেরিডুবির খবরে ২০০৭ সালের ছবি
২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে ২৪৩ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করা ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি ফেরি ডুবে যায়।

১৪ সেপ্টেম্বর ডিসমিসল্যাবের প্রতিবেদনে দেখা যায়, ১৩ সেপ্টেম্বরের ফেরিডুবির খবর প্রকাশের সময় নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও বার্তা টোয়েন্টিফোর ২০০৭ সালের একটি ফেরিডুবির ছবি ব্যবহার করে। ওই বছরের ১ জানুয়ারি প্রতিকূল আবহাওয়ার কারণে জাভা উপকূলে প্রায় ৬০০ আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যায়।
সৌদির বিমানঘাঁটিতে হামলার খবরে ইয়েমেনের পুরোনো ছবি
সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে গত ১৪ সেপ্টেম্বর হুতিদের হামলার খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ডিসমিসল্যাব ফ্যাক্টচেকে করে দেখেছে, এ ঘটনার প্রতিবেদন ও ফটোকার্ডে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম একটি পুরোনো ছবি ব্যবহার করেছে।

দৈনিক মানবজমিন, এটিএন নিউজ ও দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে যে ছবিটি ব্যবহার করা হয়েছে, সেটি ১১ বছরেরও বেশি আগে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পরের দৃশ্যের।
ফ্রান্সের শিক্ষার্থী আন্দোলনের খবরে ভিন্ন ঘটনার ফুটেজ
৬ অক্টোবর প্রকাশিত ডিসমিসল্যাবের একটি প্রতিবেদনে দেখা যায়, ফ্রান্সের শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনের দৃশ্য বলে দাবি করে ঢাকা ট্রিবিউন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এতে চারটি ফুটেজ ব্যবহার করা হয়। এর মধ্যে অন্তত তিনটি ফুটেজ পুরোনো বা ভিন্ন ঘটনার।
ইউরোনিউজ, ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান মিসবার (MISBAR) এবং তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি সাফাকের প্রতিবেদন অনুযায়ী, ৫ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনের প্রথম দুটি ফুটেজে ২০২২ সালের ডিসেম্বরে প্যারিসের কুর্দি সম্প্রদায়ের ওপর প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের দৃশ্য দেখা যায়। অন্যদিকে, প্রতিবেদনে ব্যবহৃত চতুর্থ ফুটেজটি ২০২৩ সালে ফ্রান্সের একটি স্কুলবাসে আগুন ধরে যাওয়ার ঘটনার।

এ ছাড়া, আরও কয়েকটি ঘটনায় সংবাদমাধ্যমগুলোকে ( ১,২,৩,৪,৫,৬) পুরোনো ছবি-ভিডিও ব্যবহার করতে দেখেছে ডিসমিসল্যাব।
ছবির ক্যাপশনে শুধু ‘সংগৃহীত’, নেই প্রকৃত প্রেক্ষাপট
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পুরোনো ছবি ব্যবহারের সময় ছবির উৎস ও প্রেক্ষাপট জানানো হয়। যেমন, আলজাজিরা তাদের প্রতিবেদনে ফাইল ছবি ব্যবহার করলে ক্যাপশনে ছবিটির প্রেক্ষাপট তুলে ধরে। এতে পাঠক বুঝতে পারেন, ছবিটি সাম্প্রতিক ঘটনার নয়।

কিন্তু বাংলাদেশের সংবাদমাধ্যমের ক্ষেত্রে অনেক সময় ছবির নিচে শুধু ‘সংগৃহীত’ লেখা থাকে। গত ৪ অক্টোবর হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার খবর নিয়ে ডিবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদন ও ফেসবুক ফটোকার্ডেও এমন উদাহরণ দেখা যায়। সেখানে প্রায় সাত বছর আগে ওমান উপসাগরে হামলার পর আগুন ধরে যাওয়া একটি তেলবাহী ট্যাংকারের ছবি ব্যবহার করা হয়। ছবিটির নিচে এ তথ্য বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। ফলে পাঠকের মনে এমন ধারণা তৈরি হতে পারে যে ছবিটি ৪ অক্টোবরের হামলার দৃশ্য।
পুরোনো ছবি-ভিডিও ব্যবহারে সাংবাদিকতার নীতিমালা কী বলে?
সংবাদে পুরোনো ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে কি না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, সেগুলো কীভাবে উপস্থাপন করা হচ্ছে এবং এতে পাঠক বা দর্শক বিভ্রান্ত হচ্ছেন কি না।
বিবিসির সম্পাদকীয় নীতিমালায় বলা হয়েছে, পুরোনো বা আর্কাইভের উপাদান ব্যবহার করা যেতে পারে। তবে তা এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে দর্শক কোনো ঘটনা, পরিস্থিতি বা ফুটেজে দেখানো বিষয় সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা পান। পুরোনো কোনো সম্পাদকীয় উপাদান পুনরায় ব্যবহার বা নতুনভাবে সম্পাদনার পরিকল্পনা করা হলে, সেটি এরই মধ্যে ভুল বা পুরোনো হয়ে যেতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী দর্শকদের স্পষ্টভাবে জানাতে হবে যে ব্যবহৃত উপাদানটি আর্কাইভ থেকে নেওয়া।
অর্থাৎ, পুরোনো দৃশ্য ব্যবহার করাই মূল সমস্যা নয়। গুরুত্বপূর্ণ হলো, সেটি কোন প্রেক্ষাপটে ব্যবহার করা হচ্ছে এবং উপস্থাপনার ধরন দর্শককে কী ধারণা দিচ্ছে। কোনো পুরোনো ফুটেজকে শুধু ‘আর্কাইভ’ বা ‘ফাইল ফুটেজ’ হিসেবে চিহ্নিত করাই যথেষ্ট নয়; সেটি কোন সময়ের বা কোন ঘটনার দৃশ্য, তা-ও স্পষ্ট করতে হবে। অন্যথায় দর্শক বিভ্রান্ত হতে পারেন। তাই ফুটেজের প্রকৃত পরিচয় ও প্রেক্ষাপট স্পষ্ট করা জরুরি।
পুরোনো ছবি-ভিডিও ব্যবহারে সংবাদমাধ্যমের বক্তব্য
সাম্প্রতিক খবরের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক পুরোনো ছবি প্রকাশ করা হচ্ছে কেন, তা জানতে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা হয়।
ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ জানান, গণমাধ্যমের নিউ মিডিয়া কনটেন্ট বা ডিজিটাল প্রোডাকশন বিভাগে কিছু ক্ষেত্রে এ ধরনের ব্যত্যয় দেখা যায়।
পুরোনো ছবি ও অপ্রাসঙ্গিক ভিডিও ব্যবহারের বিষয়ে কোনো নীতিমালা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমাদের সংবাদ পরিবেশনা নীতিমালার আওতায় অপ্রাসঙ্গিকভাবে পুরনো ছবির ব্যবহার বারণ রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ফাইল ফটো ব্যবহার করা যেতে পারে তবে তা সুনির্দিষ্ট হতে হবে এবং ডিসক্লেইমার থাকতে হবে, পাঠক-দর্শক যাতে কোনোভাবেই বিভ্রান্ত না হন।”
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অনলাইন বিভাগের প্রধান মো. তানজির রহমান ভুঁইয়া জানান, নিউজ রিপোর্টের সাথে অপ্রাসঙ্গিক পুরনো ছবি বা ভিডিও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ।
“ছবি বা ভিডিও সব সময়ই প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক ছবি বা ভিডিও পাওয়া না গেলে, সে ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রতীকী ছবি বা ইলাস্ট্রেশন ব্যবহার করতে হবে।”
তিনি মনে করেন, গণমাধ্যমে পুরনো ছবি কিংবা রিপোর্টের সঙ্গে সম্পর্কহীন ভিডিও ব্যবহারের প্রবণতা কমাতে হলে শুধু সাংবাদিকদের সতর্ক করলেই হবে না, এর জন্য প্রয়োজন সুস্পষ্ট সম্পাদকীয় নীতিমালা, প্রশিক্ষণ ও জবাবদিহিতা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও নিউ মিডিয়া গবেষক রাজীব নন্দী মনে করেন, অনলাইন সাংবাদিকতায় দ্রুত সংবাদ প্রকাশের চাপ, ঘটনাস্থলে আলোকচিত্রীর অনুপস্থিতি, নিজস্ব ছবির আর্কাইভ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা বা এ বিষয়ে অনাগ্রহ এবং জনবলের অভাবের কারণে অনেক সময় পুরোনো ছবি ব্যবহার করা হয়।
ছবিটি প্রতিবেদনের সঙ্গে প্রাসঙ্গিক হলে তা ব্যবহার করা যেতে পারে। শর্ত হলো, ছবিটি পুরোনো হলে বা অন্য কোনো ঘটনার হয়ে থাকলে, তা ক্যাপশনে স্পষ্ট করতে হবে।
“সাংবাদিকতায় ছবির কাজ শুধু সংবাদকে দৃশ্যমান করা নয়, বরং বাস্তবতাকে যথাযথভাবে উপস্থাপন করা। পুরোনো ছবি ব্যবহার করা অনৈতিক নয়। তবে ছবিটি দেখে পাঠক প্রকৃত ঘটনা সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছেন কি না, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
পুরোনো ছবির পরিচয় ক্যাপশনে উল্লেখ না করলে পাঠক সহজেই বিভ্রান্ত হতে পারেন বলেও মনে করেন রাজীব নন্দী। তার ভাষায়, “সংবাদে ছবি অনেক সময় পাঠকের কাছে ঘটনার দৃশ্যমান প্রমাণ হিসেবে কাজ করে। বিশেষ করে অনলাইনে অনেকে শিরোনাম ও ছবি দেখেই ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করেন। একটি ভুল ছবি কখনো কখনো একটি সঠিক সংবাদকেও বিভ্রান্তিকর করে তুলতে পারে।”
বাংলাদেশের অনেক সংবাদমাধ্যমে ছবির ক্যাপশনে শুধু ‘সংগৃহীত’ বা ‘পুরোনো ছবি’ লিখে দায়িত্ব শেষ করার প্রবণতা আছে জানিয়ে তিনি বলেন, “ছবির উৎস উল্লেখ করা শুধু আলোকচিত্রীর স্বীকৃতির বিষয় নয়, এটি সংবাদমাধ্যমের তথ্য যাচাই ও জবাবদিহিরও অংশ।”

