সম্প্রতি নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়ে। এ ঘটনায় সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, যুগান্তর ও মাছরাঙা নিউজ তাদের ফটোকার্ডে ব্যবহার করেছে ২০১৮ সালের একটি ভবন ধসের ঘটনার ছবি।
যুগান্তরের অফিসিয়াল ফেসবুক পেজে ৬ সেপ্টেম্বর ২০২৬ একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে লেখা, “দিল্লিতে ধ/সে পড়ল ছয়তলা ভবন, অনেকের আটকে পড়ার আশ/ঙ্কা।” একই দিনে মাছরাঙা নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডেও একই ছবি ব্যবহার করে লেখা হয়, “দিল্লিতে ধসে পড়ল ছয়তলা ভবন, বহু মানুষ আট’কা পড়ার আ’শ’ঙ্কা। (বানান অপরিবর্তিত।)”

এ ছাড়া নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা (VOD) ৬ সেপ্টেম্বর ২০২৬ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির শিরোনাম, “দিল্লিতে বহুতল ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার শঙ্কা।” এই প্রতিবেদনেও একই ছবি ব্যবহার করা হয়েছে।
সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু-তে ১৯ জুলাই ২০১৮ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে ব্যবহৃত ছবির সঙ্গে যুগান্তর ও মাছরাঙা নিউজের ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়।
দ্য হিন্দুর ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, “সাতজনের মৃত্যু, নয়ডার একটি ভবন ধসে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা।” এই প্রতিবেদনে ভারতের নয়ডায় একটি ভবন ধসে সাতজন নিহত এবং উদ্ধার অভিযান চালানোর কথা উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, দিল্লির সত্য নিকেতন এলাকার ভবন ধসের ছবি হিসেবে যুগান্তর ও মাছরাঙার ফটোকার্ডে ২০১৮ সালের ভবন ধসের ছবি ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়ে। এ ঘটনায় ছয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

