মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Daily Sun Media Watch Load Shedding

দিনাজপুরের আফতাবগঞ্জের পুরোনো ভিডিওকে আফতাবনগরের ঘটনা বলে প্রচার ডেইলি সানের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

২৪ ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে আফতাবনগরে বিদ্যুৎ অফিসে স্থানীয়রা ভাঙচুর চালিয়েছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে সংবাদমাধ্যম ডেইলি সান। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এক মাসের বেশি পুরোনো। এটি মূলত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকার ঘটনা।

গত ১৩ সেপ্টেম্বর ডেইলি সান তাদের বাংলা সংস্করণের ফেসবুক পেজ থেকে ভিডিওটি (আর্কাইভ) পোস্ট করে। পোস্টে লেখা ছিল, “২৪ ঘন্টা লোডশেডিং, আফতাবনগরে বিদ্যুৎ অফিস ভাঙচুর স্থানীয়দের।” পোস্টের সঙ্গে জুড়ে দেওয়া হ্যাশট্যাগে আফতাবনগর, ডেইলি সানের পাশাপাশি ঢাকা পাওয়ারও উল্লেখ করা হয়েছে।

ডেইলি সান ও কুমিল্লা প্রেসের ফেসবুক পোস্টে বিভ্রান্তিকর দাবির স্ক্রিনশট

২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধ জনতা একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি ভবন ভাঙচুর করছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া ছিল প্রায় সাড়ে চার হাজার, শেয়ার হয়েছে সাড়ে নয়শ বার এবং দেড় লাখের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি।

একই দাবিতে ভিডিওটি একাধিক ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট (, , ) এবং কয়েকটি ফেসবুক পেজ (, ) থেকেও ছড়ানো হয়েছে।

সত্যতা যাচাইয়ে ভিডিওর বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। সার্চে “সত্যের কণ্ঠস্বর” নামের একটি পেজের পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ভিডিওতে হুবহু একই দৃশ্য দেখা যায়। গত ১১ আগস্ট পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, “২৪ ঘণ্টা কারেন্ট নেই, আফতাবগঞ্জ বিদ্যুৎ অফিসে জনতার বিক্ষোভ ও ভাঙচুর।” 

একই ঘটনার আরেকটি ভিডিও গত ১০ আগস্ট সংবাদমাধ্যম “আমার সংবাদ” এর ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, “লোডশেডিংয়ের প্রতিবাদে আফতাবগঞ্জে বিদ্যুৎ অফিসে ভা’ঙ’চুর”।”

প্রাসঙ্গিক কিওয়ার্ড ধরে অনুসন্ধানে প্রথম আলোতে গত ১৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় একদল লোক পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর একটি উপকেন্দ্রে হামলা ও ভাঙচুর চালায়। ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ১০ আগস্ট সোমবার সন্ধ্যা ৬টায় হামলা করা হয়। এই প্রতিবেদনও নিশ্চিত করে, ঘটনাস্থল দিনাজপুরের আফতাবগঞ্জ, আফতাবনগর নয়।

অর্থাৎ, ডেইলি সানের প্রচারিত ভিডিওটি আফতাবনগরের নয়, দিনাজপুরের আফতাবগঞ্জ এলাকার।

আরো কিছু লেখা