ফেসবুকে ‘দুই বানরের মধু খাওয়ার প্রতিযোগিতা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে জিনিউজ নামের একটি সংবাদমাধ্যম। সেখানে দুটি বানরকে মৌচাক থেকে মধু খেতে দেখা যায়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
গত ১০ অক্টোবর ‘জিনিউজ’ (znews) নামের সংবাদমাধ্যমের ফেসবুক পেজ থেকে ‘দুই বানরের মধু খাওয়ার প্রতিযোগিতা’ শিরোনামে ভিডিওটি পোস্ট করা হয়। ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুটি বানর গাছের কাণ্ডে থাকা মৌচাক থেকে মধু খাচ্ছে। ভিডিওটি বাস্তব দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভিডিওতে এআই ব্যবহারের কোনো উল্লেখ দেখা যায়নি।
এ প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ভিডিওটি ২ লাখের বেশি বার দেখা হয়েছে এবং পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ১ হাজারের বেশি।
অনুসন্ধানে ভিডিওটি ফ্রেম ধরে খতিয়ে দেখা হয়। এতে একাধিক দৃশ্যগত অসংগতি চোখে পড়ে। ভিডিওতে দুটি বানরেরই গালে বড় ও মসৃণ গোলাপি স্ফীতি দেখা যায়। ভিডিওর শেষদিকে ক্লোজ শটে ছোট বানরের গাল মাথার চেয়েও বড় দেখায়। সেখানে লোম বা ত্বকের স্বাভাবিক গড়ন নেই। ভিডিওজুড়ে স্ফীতির আকার ও অবস্থান বদলেছে।
শুরুতে উপরের বানরের বাহু মৌচাকের দিকে অস্বাভাবিক লম্বা হয়ে যায়। হাত চাকের কিনারার সঙ্গে মিশে যায়; আঙুল আলাদা করা যায় না।
এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে (Hive Moderation) ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটি জানিয়েছে ভিডিওটি এআই-জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৯৮.১ শতাংশ।

অর্থাৎ, মধু খাওয়া দুই বানরের ভিডিওটি বাস্তব নয়, এটি এআই দিয়ে তৈরি।
এআই ব্যবহারে আন্তর্জাতিক গণমাধ্যমের নীতিমালা
যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম চ্যানেল ফোর নিজেদের কনটেন্টের জন্য এআই-বিষয়ক সম্পাদকীয় নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, দর্শককে বিভ্রান্ত করতে পারে এমন সিনথেটিক মিডিয়া লেবেল ছাড়া ব্যবহার করা যাবে না। বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন বা বিকৃত করতে এআই ব্যবহারও নিষিদ্ধ। এআই দিয়ে কৃত্রিম উদ্ধৃতি, ফুটেজ বা ঘটনা তৈরির সুযোগ নেই।
বিবিসির এআই-বিষয়ক সম্পাদকীয় নির্দেশিকা অনুযায়ী, বিবিসি নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স বা তথ্যভিত্তিক সাংবাদিকতায় সরাসরি সংবাদ কনটেন্ট তৈরিতে জেনারেটিভ এআই ব্যবহার করা যাবে না। একমাত্র ব্যতিক্রম, এআই নিজেই যদি সংবাদের বিষয় হয়। যুক্তরাজ্যের পার্লামেন্টের একটি গবেষণা-ব্রিফিংয়ে নির্দেশিকাটির এই অংশ উদ্ধৃত হয়েছে।
জেনারেটিভ এআই ব্যবহারের তিন মূলনীতির একটি স্বচ্ছতা ও জবাবদিহি। নীতিতে বলা হয়েছে, এআই যুক্ত থাকলে দর্শক-পাঠককে তা জানাতে হবে। কেন ও কীভাবে এআই ব্যবহার হয়েছে, সেটিও ব্যাখ্যা করতে হবে।

