গত ১৩ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে যাত্রা শুরু করা ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি ফেরি ডুবে যায়। এ ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), নিউজ টোয়েন্টিফোর এবং বার্তা টোয়েন্টিফোর ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ২০০৭ সালের একটি ফেরি দুর্ঘটনার ছবি ব্যবহার করেছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ১৪ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। “ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উত্তাল সমুদ্রে একটি ফেরি ডুবে যাওয়ার পর শতাধিক নিখোঁজ যাত্রীর সন্ধানে সোমবার ব্যাপক উদ্ধার অভিযান চালিয়েছে ইন্দোনেশিয়া।
একই দিনে নিউজ টোয়েন্টিফোর এই ঘটনায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের শিরোনাম ছিল, “ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান।” এছাড়া, বার্তা টোয়েন্টিফোর-এর প্রতিবেদন শিরোনাম ছিল, “ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিখোঁজ শতাধিক, চলছে উদ্ধার অভিযান।” তিনটি প্রতিবেদনেই একই ছবি ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনগুলোতে বার্তা সংস্থা এএফপির বরাতে বলা হয়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন। পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে যাত্রা শুরুর পর রোববার ভোরে ফেরিটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ব্যবহৃত ছবির সূত্র যাচাই করতে রিভার্স ইমেজ সার্চ করলে বার্তা সংস্থা এএফপিতে ২০০৭ সালের ২ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা টোয়েন্টিফোরের প্রতিবেদনে ব্যবহৃত ছবির হুবহু মিল দেখা যায়। এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে জাভা উপকূলে প্রায় ৬০০ আরোহী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার দুই দিন পরও অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

এছাড়া, ছবি বেচাকেনার সাইট গেটি ইমেজেও একই ছবি সংরক্ষিত রয়েছে। সেখানেও বর্ণনায় ছবিটিকে ২০০৭ সালের ১ জানুয়ারির জাভা প্রদেশের ছবি বলে উল্লেখ করা হয়। ছবিটির সূত্র হিসেবে এএফপির উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ইন্দোনেশিয়ায় ১৩ সেপ্টেম্বরের দুর্ঘটনার সংবাদে নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা টোয়েন্টিফোর তাদের প্রতিবেদনে ২০০৭ সালের একটি ফেরি দুর্ঘটনার ছবি ব্যবহার করেছে।
প্রসঙ্গত, রবিবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সুরাবায়া থেকে ২৪৩ জন আরোহী যাত্রা করে ভার্গো ট্রান্সপোর্ট ৮ (Virgo Transport 8) নামের একটি জাহাজ। যাত্রাপথে জাহাজটি প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায়।

