বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের তিনশ বাড়িতে আগুন দেওয়া হয়েছে দাবি করে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
গত ২৩ নভেম্বর ফেসবুকে ‘গোপাল সাহা’ (Gopal Saha) নামের একটি প্রোফাইল থেকে ১০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বাংলাদেশে হিন্দুদের ৩০০ টি বাড়িতে আগুন লাগিয়ে দিল বাংলাদেশে জেহাদীদের সরকার।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটিতে আড়াইশর বেশি মন্তব্য দেখা গেছে, এবং ভিডিওতি সাড়ে পাঁচশর বেশি বার শেয়ার হয়েছে।

ভিডিওর শুরুতে একটি টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। ঘরটির দেয়ালে হিন্দু ধর্মের বিভিন্ন প্রতীক ও দেবদেবীর ছবি রয়েছে। সামনে কয়েকজন নারীকে বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে ক্যামেরা ডান দিকে সরে গেলে আরও কয়েকটি ঘর ও আগুনের দৃশ্য দেখা যায়। সে আগুন কাউকে নেভাতে দেখা যায়নি। ভিডিওর শেষাংশে বিপুলসংখ্যক মানুষকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওতে থাকা কয়েকজন নারীর চেহারার আকৃতি অস্বাভাবিক। এছাড়া বালতিতে করে পানি ছেটানোর সময় একটি দৃশ্যে উল্টো বালতির পেছন থেকে পানি নিক্ষেপ হতে দেখা যায়। উপস্থিত জনসমাগমের মধ্যে অনেকের পরনে একই ধরনের গেঞ্জি ও লুঙ্গি এবং একই স্বভাবে হাত-পা নড়াচড়া করতে দেখা যায়। এসব অসামঞ্জস্যতা দেখে দুটি এআই শনাক্তকারী টুলে ভিডিওটি পরীক্ষা করা হয়।
ছবি ও ভিডিও শনাক্তকারী টুল হাইভ মডারেশন জানিয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ দশমিক ৯ শতাংশ। টুলটির ফ্রেমভিত্তিক বিশ্লেষণেও ভিডিওটির পুরো সময়জুড়ে এআই দিয়ে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
পরে আরেকটি এআই শনাক্তকরণ টুল সাইটইঞ্জিনে ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটির বিশ্লেষণে দেখানো হয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৭ শতাংশ।

সম্প্রতি নড়াইলের কালিয়া উপজেলায় অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের শত শত বাড়িতে আগুন দেওয়ার দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ২১ নভেম্বর প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহত হন। এর জেরে ২০ নভেম্বর উপজেলার বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে দ্য ডেইলি স্টার জানিয়েছে, বেন্দারচরে অন্তত ৪০টি বাড়ি অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বাড়ির মালিক আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট মুসলিম সম্প্রদায়ের সদস্য। বেন্দারচর থেকে প্রায় চার কিলোমিটার দূরে হিন্দু অধ্যুষিত ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ওই এলাকায় আর কোনো বাড়িতে হামলা হয়নি।
এর আগেও নড়াইলের ঘটনার সঙ্গে সম্পর্ক নেই, এমন একাধিক ভিডিও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার দাবিতে প্রচার হতে দেখা গেছে। এসব ভিডিও নিয়ে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, বাংলাদেশে হিন্দুদের ৩০০ বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটি এআই দিয়ে তৈরি।

