ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা পদত্যাগ করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। এটি ২০২৫ সালের ১০ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (শিক্ষা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের পদত্যাগের ঘোষণা দেওয়ার ভিডিও।
২৫ নভেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ১৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাংবাদিকদের সামনে কথা বলছেন। ভিডিওর ওপর লেখা, “প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ করলেন”। পোস্টে লেখা ছিল, “প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদত্যাগ আপনি কি ভাবছেন #JoyBangla #JoyBangabandhu” (বানান অপরিবর্তিত)।
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ১ হাজার ৩০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং ২ লক্ষ ৪৪ হাজারের বেশি বার দেখা হয়েছে।
একই দাবিতে ফেসবুকের একাধিক পেজ (১, ২) ও ব্যক্তিগত অ্যাকাউন্ট (১, ২ ,৩, ৪, ৫) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
সত্যতা যাচাইয়ে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১০ মার্চ প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম “পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (শিক্ষা) ড. এম আমিনুল ইসলাম।” দুটি ভিডিওর ব্যক্তি, আশপাশের দৃশ্য, সামনে থাকা মাইক্রোফোন একই।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, “আজকে দুইটার সময় আমি পদত্যাগপত্র আমার পিএস-এর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি কেবিনেট ডিভিশনে।” একজন পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশে ক্ষমতায় ছিল অন্তর্বর্তী সরকার। সে সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম।

তার পদত্যাগ নিয়ে ২০২৫ সালের ১০ মার্চ দ্য ডেইলি স্টার, দেশ রূপান্তর ও বিডিনিউজ২৪সহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ডেইলি স্টার ও রাইজিংবিডির প্রতিবেদনে থাকা তার বক্তব্য ও এই ভিডিওর বক্তব্য এক।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৫ সালের ১০ মার্চ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগের সময়কার।

