গত ২৫ নভেম্বর কুষ্টিয়ায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ মিছিল করেছে, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি প্রায় তিন বছর পুরোনো এবং ভিন্ন স্থানের।
ফেসবুকে নিজেকে পাবনা জেলা যুব মহিলা লীগের কর্মী দাবি করা রুমি আক্তার নামের প্রোফাইল থেকে বুধবার মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। ২১ সেকেন্ডের ভিডিওর বর্ণনায় লেখা, “BNP পতন এবার নিশ্চিত সারাদেশের আওয়ামী লীগ সৈনিকরা জেগে উঠেছে।” এই মিছিল গত ২৫ নভেম্বর কুষ্টিয়ায় হয়েছে বলে দাবি করা হয় এই পোস্টে।
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৬২ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং নয় শতাধিকবার শেয়ার করা হয়েছে।
ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে মুহাম্মদ ইয়ামিন মিয়া নামে একজনের ফেসবুক প্রোফাইলে গত ২০২৪ সালের ৪ জানুয়ারি প্রকাশিত একাধিক ছবি ও ভিডিও পাওয়া যায়। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের সাথে ভিন্ন কোণ থেকে রেকর্ড করা ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওটির দৃশ্য মিলে যায়।

২০২৪ সালের সে পোস্টে লেখা ছিল, “০৪ ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগ এর উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল সফল করার লক্ষে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভুঁইয়ার দিক নির্দেশনায়। গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইমরান মিয়ার নেতৃত্বে যোগদান এর পূর্ব মুহুর্তে আমরা গৌরনদী উপজেলা,কলেজ ও পৌর-ছাত্রলীগ।”
এছাড়া পর্যবেক্ষণে দেখা যায়, মিছিলের সামনের ব্যানারে লেখা ছিল, “বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী”। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪৮ সালের ৪ জানুয়ারি। বর্তমানে নিষিদ্ধ এই ছাত্র সংগঠনটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় ২০২৪ সালের ৪ জানুয়ারি। তখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ।
অর্থাৎ, ভিডিওটি ২০২৪ সালে ছাত্রলীগের এক মিছিলের, আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো মিছিল নয়।

