মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
download

হাসিনার মৃত্যুর তথ্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিডিওটি এআই-নির্মিত

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন, এই দাবিতে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নির্মিত।

গত ২৫ নভেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নেই! আজ আনুষ্ঠানিক তথ্য প্রকাশের দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের!” (বানান অপরিবর্তিত)।

২৬ সেকেন্ডের ভিডিও শুরুতে চ্যানেল টোয়েন্টিফোরের লোগোসহ একটি সংবাদ স্টুডিও দেখা যায়। সেখানে দুজন উপস্থাপককে বসে থাকতে দেখা যায়। নারী উপস্থাপককে বলতে শোনা যায়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আজ আনুষ্ঠানিক তথ্য প্রকাশের দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।”

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং কক্ষের দৃশ্য দেখানো হয়। মন্ত্রণালয়ের মুখপাত্রকে কথা বলতে দেখা যায়।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টে ১৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি ৭ হাজার বারের বেশি শেয়ার হয়েছে এবং প্রায় ১০ লক্ষ বার দেখা হয়েছে।

সত্যতা যাচাইয়ে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ২৫ নভেম্বর ভারতীয় সাংবাদিক সিদ্ধান্ত সিবালের (Sidhant Sibal) এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ভিডিওর দৃশ্যের সঙ্গে ছড়ানো ভিডিওর ব্রিফিং কক্ষ এবং মন্ত্রণালয়ের মুখপাত্রের পোশাকের মিল দেখা যায়। পোস্টের লেখা অনুবাদ করলে দাঁড়ায়, “‘প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে’, তবে তা ‘স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক নাগরিকের’ বিষয় থেকে ‘আলাদা’।”

এক্স পোস্টে প্রকাশিত ব্রিফিংয়ের মূল ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটি ২৫ নভেম্বর অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক ব্রিফিংয়ের। মুখপাত্র রণধীর জয়সওয়ালকে বলতে শোনা যায়, “প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে। ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক একজন নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।” পরে একই কথা তিনি হিন্দিতেও বলেন। দুই বক্তব্যের কোথাও শেখ হাসিনার মৃত্যুর উল্লেখ নেই।

ব্রিফিংয়ের এই বক্তব্য একাধিক বাংলাদেশি ও আন্তর্জাতিক গণমাধ্যম- প্রথম আলো, যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, মানবজমিন, দ্য ট্রিবিউন ও আইএএনএসে প্রকাশিত হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে ব্রিফিংয়ের অন্য প্রশ্নোত্তরের বিবরণও আছে। সেখানেও মৃত্যুর কোনো প্রসঙ্গ নেই।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা ও প্রথম আলো ইংরেজির প্রতিবেদনের স্ক্রিনশট

ব্রিফিংয়ে প্রশ্নটি এসেছিল ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে। ২৪ নভেম্বর রয়টার্সকে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, তিনি বিজয় দিবসে ফিরতে চান। বাংলাদেশ সরকারকে তার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করার অনুরোধও জানানো হয়। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ ছাড়া তিনি ফিরতে পারবেন না।

ছড়িয়ে পড়া ভিডিওর বক্তব্য ব্রিফিংয়ের মূল বক্তব্যের সঙ্গে মেলে না। ভিডিওর স্টুডিও দৃশ্য ও অডিও নিয়ে সন্দেহ হওয়ায় ডিসমিসল্যাব এআই শনাক্তকরণ টুলে ভিডিওটি যাচাই করে।

এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে (Hive Moderation) ভিডিওটি পরীক্ষা করা হয়। টুলটি বলছে, ভিডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশের বেশি এবং অডিওটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৭ শতাংশ। 

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ডিপফেক-ও-মিটারেও (DeepFake-O-Meter) ভিডিওটি যাচাই করা হয়। টুলটির চারটি মডেল জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে বানানোর সম্ভাবনা “উচ্চ” । 

ভিডিওর বক্তব্যেও পরস্পরবিরোধী তথ্য আছে। বাংলা অংশে বলা হয়েছে, কয়েকদিন অসুস্থ থাকার পর দিল্লির একটি হাসপাতালে তিনি মারা গেছেন। হিন্দি অংশে বলা হয়েছে, প্রায় দুই মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। হিন্দি অংশে বাংলাদেশ সরকারকে ১৬ ডিসেম্বরের মধ্যে তার কফিন পাঠানোর ব্যবস্থা করার অনুরোধও করা হয়েছে।

অর্থাৎ, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার মৃত্যুর কোনো তথ্য দেয়নি, ভিডিওটি এআই দিয়ে তৈরি।

আরো কিছু লেখা