সাতক্ষীরায় হিন্দু কল্যাণ ট্রাস্ট পরিচালিত গীতাস্কুলে সন্ত্রাসীরা আগুন দিয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি সাতক্ষীরার নয়, নওগাঁর। এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগের জেরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির শফিউল হাসান দিপুর প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেনে হামলার দৃশ্য এটি।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১২ সেপ্টেম্বর ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “হিন্দুকল্যানট্রাস্ট পরীচালিত গীতাস্কুলে আগুন দীয়েছে সন্ত্রাসীরা,কুলিয়া,দেবহাটা,সাতক্ষীরা, বাংলাদেশ” (বানান অপরিবর্তিত)। ভিডিওতে একটি ঘরের ভেতরে স্তূপ করে রাখা চেয়ারে আগুন জ্বলতে এবং টিনের তৈরি ঘর ভাঙচুর করতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৯৩ হাজার বার দেখা হয়েছে এবং ১ হাজার ১০০ বার শেয়ার করা হয়েছে।
অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘এস বাংলা টিভি ডিজিটাল’ (S Bangla TV Digital) নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে গত ৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। “বদলগাজীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে বিক্ষোভে ভাঙচুর” শিরোনামে প্রকাশিত ভিডিওর কিছু অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়।

এছাড়া গত ৪ আগস্ট মাছরাঙা নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। “জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ’র্ষণচেষ্টার অভিযোগ” শিরোনামের ওই প্রতিবেদনে দেখানো ক্ষতিগ্রস্ত স্থাপনার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর স্থাপনার মিল আছে।

অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এই ঘটনায় সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। গত ৪ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নওগাঁর বদলগাছী উপজেলায় জামায়াতের এক নেতার বিরুদ্ধে নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। এর জেরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন প্রতিষ্ঠানটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি শফিউল হাসান জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির। তিনি নওগাঁর বদলগাছীতে ওই কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করে নিজে প্রধান শিক্ষক হিসেবে পরিচালনা করে আসছিলেন।
সুতরাং, নওগাঁয় জামায়াত নেতা শফিউল হাসানের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনতার অগ্নিকাণ্ডের ভিডিওকে সাতক্ষীরায় হিন্দু কল্যাণ ট্রাস্ট পরিচালিত গীতাস্কুলে হামলার দাবিতে প্রচার করা হচ্ছে।

