মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Bangladesh Train Video Falsely Linked to Delhi Protest

আন্দোলনকারীদের দিল্লি যাওয়ার নয়, ট্রেনের ভিডিওটি বাংলাদেশের 

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

ট্রেনে করে দিল্লিতে আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন শত শত আন্দোলনকারী, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের নয়। বাংলাদেশে ধারণ করা একটি পুরোনো ভিডিও ভুল প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে।

গত ১০ অক্টোবর ‘Update Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও পোস্ট করা হয়। ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ট্রেনের ছাদজুড়ে অসংখ্য মানুষ বসে আছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ট্রেনে করে দিল্লিতে প্রবেশ করছেন শত শত আ’ন্দো’লনকারী” (বানান অপরিবর্তিত)। সঙ্গে হ্যাশট্যাগ হিসেবে #DelhiProtest, #StudentMovement ও #IndiaNews ব্যবহার করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১ হাজার ৮০০টি। ভিডিওটি শেয়ার হয়েছে ৩১৫ বার।

ফেসবুক ও এক্স পোস্টে বিভ্রান্তিকর দাবির স্ক্রিনশট

একই দাবিতে এক্সের একাধিক একাউন্ট (১, ২) থেকে ভিডিওটি শেয়ার করা হয়। 

সত্যতা যাচাইয়ে ভিডিওর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে আরআরবিডি (RRBD) নামের ফেসবুক পেজে গত ৫ সেপ্টেম্বর পোস্ট হওয়া একটি ভিডিও পাওয়া যায়। দুটি ভিডিওতেই একই দৃশ্য দেখা যায়। ছাদে বসে থাকা যাত্রী, রেললাইনের পাশে থাকা মানুষ, পাশের ভবন এবং গাছপালার অবস্থান একই রকম।

মূল ভিডিওর স্ক্রিনশট

অধিকতর যাচাইয়ে ডিসমিসল্যাব আরআরবিডি পেজটির সঙ্গে যোগাযোগ করে। পেজটির পক্ষ থেকে জানানো হয়, ভিডিওটি গাজীপুর জেলার টঙ্গী এলাকায় ধারণ করা। গত ঈদুল ফিতরের (মার্চ ২০২৬) আগে এটি ধারণ করা হয়েছে। তাদের পাঠানো মূল ভিডিওর মেটাডাটা থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটি ১৮ মার্চে ধারণ করা। 

অর্থাৎ, ট্রেনের ছাদে যাত্রীদের এই ভিডিও বাংলাদেশের। ভিডিওটির সঙ্গে ভারতের কোনো আন্দোলনের সম্পর্ক নেই।

উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয়।

আরো কিছু লেখা