ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, আন্দোলনে নারী পোশাক শ্রমিকদের প্রকাশ্যে বেঁধে নির্যাতন করছে “বিএনপির সন্ত্রাসীরা”। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি প্রায় পাঁচ মাস আগেই অনলাইনে ছিল। নোয়াখালীর স্থানীয় অনলাইন মাধ্যমে গত ১২ মে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলার সোনাইমুড়িতে সক্রিয় নারী চোর চক্রের এক সদস্যের আটকের দৃশ্য এটি।
‘ড্রাইভার লীগ’ নামের একটি পেজ থেকে গত ৫ নভেম্বর ২০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীকে ঘিরে অনেক মানুষ জটলা হয়ে আছে এবং এক ব্যক্তি ওই মহিলার হাত বেঁধে দিচ্ছে। ভিডিওর ভেতরে সাদা হরফে লেখা, “ক্ষুধার্ত নারীর ওপর ছাত্রদলের নির্মমতা!” পোস্টে বলা হয়েছে, “আন্দোলনে মহিলা গার্মেন্টস শ্রমিকদের প্রকাশ্যে বেঁধে নির্যাতন করছে প্যাচিস্ট তারেকের সন্ত্রাসী দল।” (লেখা অপরিবর্তিত)
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৯০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ২ হাজার ৪০০ বারের বেশি শেয়ার করা হয়েছে। পোস্টে ২ হাজার ৯০০ এর বেশি ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, “এক দফা এক দাবি অবৈধ সরকারের পতন চাই ☝️”। আরেকজন লিখেছেন, “শ্রমিক বাঁচালে বাংলাদেশ বাঁচবে। ❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥”
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল ও পেজ থেকে (১, ২, ৩, ৪, ৫) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
সত্যতা যাচাইয়ে, ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ‘নোয়াখালীর খবর ২৪’ নামে স্থানীয় অনলাইন গণমাধ্যমের ফেসবুক পেজে পাঁচ মাস আগে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ২০২৬ সালের ১২ মে প্রকাশিত ২ মিনিট ০৪ সেকেন্ডের এই ভিডিওর প্রথম ২০ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের পুরোপুরি মিল আছে। প্রতিবেদন অনুযায়ী, নোয়াখালীর সোনাইমুড়িতে সক্রিয় নারী টাকাচোর চক্রের এক সদস্য স্থানীয়দের হাতে ধরা পড়ে। এতে বিক্ষুব্ধ জনতা ওই নারীকে গণধোলাই দিলে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র চাঞ্চল্য।

প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে নিজেদের সংবাদমাধ্যম দাবি করে এমন একাধিক ফেসবুক পেজে (১, ২, ৩, ৪) এ ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত মে মাসে প্রকাশিত এসব প্রতিবেদনেও ওই নারীকে চোর চক্রের সদস্য বলে উল্লেখ করা হয়। ওই নারীকে যারা মারধর করছিল তাদের কোনো রাজনৈতিক পরিচয় প্রতিবেদনে দেওয়া হয়নি।

অর্থাৎ পাঁচ মাস পুরোনো ভিন্ন ঘটনার ভিডিওকে নারী পোশাক শ্রমিকদের নির্যাতনের দাবিতে প্রচার করে ফেসবুকে অপতথ্য ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি পোশাক কারখানার সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলন করেছেন দেশের পোশাক শ্রমিকেরা।

