মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা বলে ইনকিলাবের ভুয়া দাবি

ইনকিলাব বলছে টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা, অথচ পুরোনো অগ্নিকাণ্ডের দৃশ্যটি হোমালিনের

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলা চলছে দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাব। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি মিয়ানমারের হোমালিন বন্দরে পুরোনো অগ্নিকাণ্ডের ঘটনার।

দৈনিক ইনকিলাবের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২ জুলাই, ২০২৬ তারিখে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বি’মান হা’ম’লা! চলছে উ’ত্তে’জনা।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৫০০ বারের বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে হাজারের বেশি। ১ লাখ ৩০ হাজারের বেশিবার দেখা হয়েছে এই ভিডিও। 

দৈনিক ইনকিলাবের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্ট
দৈনিক ইনকিলাবের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টের স্ক্রিনশট।

একই দাবিতে আরও একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে দেখা যায় (,,)। 

দৈনিক ইনকিলাবের পেজ থেকে পোস্ট হওয়া ভিডিও পুনরায় পোস্ট করে ছড়ানো হয়েছে ষড়যন্ত্র তত্ত্বও। ফেসবুকে ‘আল আবরার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে একই ভিডিও পোস্ট করে ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ভারতের একটি “উসকানিমূলক” পদক্ষেপ। ক্যাপশনে লেখা হয়েছে— “টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বি’মান হা’ম’লা! চলছে উ’ত্তে’জনা মূলত ভারতীয় উস্কানিমূলক পদক্ষেপের জেরে এই ঘটনা বাংলাদেশ সীমান্তে ঘটিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৩০ বারের বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে এক শর অধিক। 

আল-আবরার প্রোফাইল থেকে ভিডিওটি যে ক্যাপশনে পোস্ট করা হয়েছিল, হুবহু সেই একই ক্যাপশনে একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা যায় (,,,)।

‘আল আবরার’ নামে অ্যাকাউন্ট থেকে এর আগে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছিল বলে ডিসমিসল্যাবের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে (,)। 

পরবর্তীতে, সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ দিলে একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ২১ এপ্রিল পোস্ট হওয়া হুবহু একই ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর ক্যাপশনে লেখা, “মিয়ানমারে তেলবাহী ট্যাংকারে আগুন।” এছাড়া, কাছাকাছি দৃশ্যের আরও একটি ভিডিও পাওয়া যায়, যেখানে পোস্টের ক্যাপশনে লেখা আছে, “মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন বন্দরে একটি শক্তিশালী বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে দশটিরও বেশি জ্বালানি ট্যাংক পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে বেশ কয়েকজন আহত হন।” 

ফ্যাক্টচেক টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা বলে ইনকিলাবের ভুয়া দাবি
২১ এপ্রিলে শেয়ার করা ফেসবুক পোস্ট যেটির ক্যাপশন ছিল, “মিয়ানমারে তেলবাহী ট্যাংকারে আগুন।”

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে দিলে একাধিক সংবাদমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায় (,)। যা থেকে জানা যায় ঘটনাটি গত ২০ এপ্রিল মিয়ানমারের হোমালিন টাউনশিপের মিওমা মঠের কাছের একটি নদী বন্দরে ঘটা ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ‘মিজ্জিমা’ থেকে ২৩ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোমালিনের ওই নদী বন্দরে একটি গাড়িতে জ্বালানি তেল ভরার সময় অতিরিক্ত তাপ থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে অন্তত ২২টি নৌযান ও দুটি গাড়ি পুড়ে যায়। এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন, গুরুতর আহত হন অন্তত ১১ জন।

এছাড়া, ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টসহ একাধিক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে ভিডিও প্রকাশ করে (,)।

পরবর্তী যাচাইয়ে, হোমালিন সম্পর্কে বাড়তি তথ্য জানার চেষ্টা করে ডিসমিসল্যাব। এতে দেখা যায়, হোমালিন টাউনশিপ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের সাগাইং অঞ্চলে অবস্থিত। মিয়ানমারের এই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।

ফ্যাক্টচেক টেকনাফ সীমান্তের ওপারে বিমান হামলা বলে ইনকিলাবের ভুয়া দাবি
মিয়ানমারের হোমলিনের সঙ্গে বাংলাদেশের কোনো সীমান্ত নেই।

অর্থাৎ, বাংলাদেশের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিমান হামলার দাবিতে দৈনিক ইনকিলাবের প্রচারিত ভিডিওটি মূলত ভারতের মনিপুর সীমান্তঘেঁষা মিয়ানমারের সাগাইং অঞ্চলের একটি নদী বন্দরে ঘটা অগ্নিকাণ্ডের।

আরো কিছু লেখা