জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
This article is more than 1 month old
Bangladeshi media misinformation factcheck

কঙ্গোর পুরোনো ভিডিওকে জিম্বাবুয়ের সাম্প্রতিক নৌকাডুবির বলে প্রচার করল জাগরণ নিউজ

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

জিম্বাবুয়ের সাম্প্রতিক নৌকাডুবির ঘটনা দাবি করে একটি ভিডিও প্রকাশ করেছে জাগরণ নিউজ নামের একটি সংবাদমাধ্যম। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের ৩ অক্টোবর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর লেক কিভুতে ঘটা নৌকাডুবির দৃশ্য।

গত ১৮ আগস্ট জাগরণ নিউজ তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে। পোস্টে লেখা, “জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৮৪, নিহতদের মধ্যে ১৮ শিশু।” ভিডিওতে একটি নৌকাকে ধীরে ধীরে কাত হতে দেখা যায়। একসময় পানিতে ডুবে যায় নৌকাটি। দূরে তীরের দিকটায় পাহাড় দেখা যাচ্ছে।

জাগরণ নিউজের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ছড়িয়ে পড়া ভিডিওটি ২ লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া দেখা গেছে ৩ হাজার ৭০০-এর বেশি এবং ৭ শতাধিকবার শেয়ার করা হয়েছে।

জাগরণ নামের আরেকটি পেজে একই শিরোনামে একই ভিডিও পোস্ট হতে দেখা গেছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটি ৩০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ১৩০ বারের বেশি শেয়ার করা হয়েছে। এই পেজে থাকা ইমেইল এড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর ও ওয়েবসাইট লিংকের সঙ্গে জাগরণ নিউজের ফেসবুক পেজে থাকা তথ্যগুলো মিলে যায়।     

অনুসন্ধানে ডিসমিসল্যাব ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আল জাজিরায় ২০২৪ সালের ৩ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পায়। ওই প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ছড়ানো ভিডিওর সাদৃশ্য লক্ষণীয়। আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম ছিল, “ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকাডুবি।” ভিডিওর বর্ণনায় লেখা ছিল, “পূর্ব কঙ্গোয় লেক কিভুতে যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়ার দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওতে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, অন্তত ৫০ জন নিহত হয়েছেন।”

মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত দুটি ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। ২০২৪ সালের ৩ অক্টোবর প্রতিবেদনে বলা হয়েছে, “বৃহস্পতিবার পূর্ব কঙ্গোর লেক কিভুতে ১০০ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তাসংস্থা এপি বলছে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।”

অর্থাৎ, জিম্বাবুয়ের সাম্প্রতিক নৌকাডুবির ঘটনা দাবি করে ছড়ানো ভিডিওটি মূলত ২০২৪ সালের অক্টোবরে ডিআর কঙ্গোর লেক কিভুতে ঘটে যাওয়া নৌকাডুবির দৃশ্য।

প্রসঙ্গত, গত ১১ আগস্ট জিম্বাবুয়ের লেক কারিবায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া সরকারি মালিকানাধীন ফেরিটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন।

আরো কিছু লেখা