নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্টচেক দাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ভারতের ওড়িশার ভিডিও

সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নির্যাতন করছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ভারতের ওড়িশার বেরহামপুরের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওড়িশায় গত ১৮ মে এক যুবক তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বেরহামপুরের বিজিপুর এলাকায় একদল লোক তাদের পথ আটকায়। যুবকটিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। বান্ধবী তাকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন। ছড়িয়ে পড়া ভিডিওটি সে ঘটনার। 

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৬ জুলাই ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “সাধারণ শিক্ষার্থী ভাই বোনদের উপর নির্যাতন ছাত্রদলের।” ভিডিওতে দেখা যায়, সড়কে পড়ে থাকা এক পুরুষকে রক্ষা করতে চাইছেন এক নারী। কয়েকজন লাঠি দিয়ে মারধর করছে দুজনকেই। পাশে একটি মোটরসাইকেল পড়ে আছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভিডিওটি ৪৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ৯১১ বার। ফেসবুকের একাধিক (,,,,) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এক্সে শেয়ার করা হয়েছে “চলছে আন্দোলন রত ছাত্রদের উপর মধ্যযুগীয় কায়দায় শারিরিক নির্যাতন,ছাত্রদলের সন্ত্রাশীরা আন্দোলরত শিক্ষার্থীর উপর করা নির্যাতনের চিত্র এটি! এটাই বিএনপির গনতন্ত্র!!” ক্যাপশনে। 

ফ্যাক্টচেক দাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ভারতের ওড়িশার ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

দাবির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ১৮ মে প্রকাশিত টাইমস নাও নিউজের একটি প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনের শিরোনাম ছিল, “ওড়িশার ব্রহ্মপুরে ব্যস্ত রাস্তায় এক পুরুষ ও মহিলার ওপর লাঠি দিয়ে বর্বরোচিত হামলা।” এই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ছবির দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, “ওড়িশার ব্রহ্মপুর শহরে প্রকাশ্য সহিংসতার একটি উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। একটি ব্যস্ত রাস্তার মাঝখানে যুবক ও যুবতীর ওপর দুই যুবক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর অনুযায়ী, ঘটনাটি ব্রহ্মপুরের গিরি রোডে ঘটেছে। এই হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।” 

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের একাধিক (,) প্রতিবেদন পাওয়া যায়।  

ফ্যাক্টচেক দাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, ভারতের ওড়িশার ভিডিও
প্রকৃত ঘটনা নিয়ে প্রকাশিত ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন।

অর্থাৎ, আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল নির্যাতন করছে, দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের ওড়িশার ঘটনার। ভিডিওটি আগেও ভিন্ন দাবিতে ছড়ালে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব।

প্রসঙ্গত, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে ‘বিরূপ’ মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ১৪ জুলাই থেকে ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এর মধ্যে ঢাকা, বরিশাল ও টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ এবং চট্টগ্রাম ও রাজশাহীতে শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়। 

এ বিক্ষোভকে ঘিরে ছড়িয়ে পড়া অপতথ্য নিয়েও ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা