
সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের হামলার দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের ওড়িশার বেরহামপুরের। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবককে মারধরের সময় তার সঙ্গে থাকা নারী তাকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।
ছড়িয়ে পড়া ৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, সড়কে কয়েকজন লাঠি দিয়ে মারধর করছে দুইজনকে। এক পুরুষকে রক্ষা করতে চাইছেন এক নারী। পাশেই পড়ে আছে একটি মোটরসাইকেল। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “মধ্যরাতে তরুণ সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের নি^র্মম হামলা!”

এ পর্যন্ত ভিডিওটি প্রায় ছয় লাখ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে চার হাজার বারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “দেখতে খুব মজা লাগছে। ধন্যবাদ যুবদলকে।” কেউ একে শুটিং-এর দৃশ্য বলে লিখেছেন, “দূর মিয়া কিসের যুবদল কিসের সম্বনয়ক চলিতাছে শুটিং।।” বাংলাদেশ বলে ধরে নিয়ে কেউ মন্তব্যে লিখছেন, “হায়রে শিয়াল কুকুর এর বাংলাদেশ…!!” আরেকজন লিখেছেন, “সত্যি নাকি একট জানায়েন।”
ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওর কিছু দৃশ্য নিয়ে রিভার্স ইমেজ সার্চে এ ঘটনার একাধিক সংবাদ প্রতিবেদন (১, ২) খুঁজে পায় ডিসমিসল্যাব। ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের ভিডিওর সঙ্গে গতকাল (১৯ মে) প্রকাশিত এসব প্রতিবেদনে ব্যবহৃত ছবির দৃশ্য পুরোপুরি মিলে যায়।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ওড়িশার বেরহামপুরে ১৮ মে (সোমবার) রাতে এ ঘটনা ঘটে। এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বেরহামপুরের বিজিপুর এলাকায় একদল লোক তাদের পথ আটকায়। যুবকটিকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। বান্ধবীটি তাকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন।

তাছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুরের সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার ওপর হামলার কোনো সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
অর্থাৎ, সমন্বয়ক নীলিমার ওপর যুবদলের হামলার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের ভিন্ন ঘটনার।