ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, চট্টগ্রামের ফটিকছড়িতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো রাজপথে বাইক মিছিল করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি মালয়েশিয়ার। গত ৬ সেপ্টেম্বর দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং মালাক্কার মুখ্যমন্ত্রীর গাড়িবহরের দৃশ্য এটি।
ফেসবুকের একটি গ্রুপ থেকে গত ২৫ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তায় একটি গাড়িবহর যাচ্ছে। অডিওতে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান শোনা যাচ্ছে। পোস্টে লেখা ছিল, “চট্রগ্রাম ফটিকছড়ি আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ দেশ রক্ষার জন্য রাজপথে বাইক মিছিল করে জানিয়ে দিয়েছে,বাংলাদেশ কে জুলাই জঙ্গী বিএনপি জামাতকে উৎখাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, ইনশোআল্লাহ।” (লেখা অপরিবর্তিত)
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৮ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং শতাধিকবার শেয়ার করা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া ছিল পাঁচশর বেশি।
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২, ৩, ৪) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
সত্যতা যাচাইয়ে ভিডিও থেকে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে মালয়েশিয়ান রাজনীতিবিদ আবদুল রাজাক বিন আবদুল রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর পোস্ট করা একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। পোস্টের বর্ণনার লেখা অনুবাদ করলে দাঁড়ায়, “এমআইটিসিতে ‘মেলাকা যুব কার্নিভালের’ সমাপনী অনুষ্ঠানে উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি এবং মুখ্যমন্ত্রী আব রউফ ইউসুহ-এর গাড়িবহর।”

২৪ সেকেন্ডের এই ভিডিওর সঙ্গে ছড়ানো ভিডিওটির দৃশ্য হুবহু মিলে যায়। তবে আওয়ামী লীগের মিছিল দাবিতে ছড়ানো ভিডিওর অডিওটি আলাদা করে জুড়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ লিখে সার্চ করা হয়। এতে মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘মালয়েশিয়া গেজেট’-এর ফেসবুক পেজে ৬ সেপ্টেম্বর কার্নিভাল পরবর্তী একগুচ্ছ ছবি পাওয়া যায়। এ ঘটনা নিয়ে সংবাদমাধ্যমটি একাধিক প্রতিবেদনও প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার মালাক্কায় গত ৪-৬ সেপ্টেম্বর তিনদিনব্যাপী ‘মেলাকা যুব কার্নিভাল -২০২৬’ (কার্নিভাল আনাক মুদা) অনুষ্ঠিত হয়। উৎসবের সমাপনী দিনে ‘মেলাকা রাজ্য যুব মোটরবাইক শোভাযাত্রা’র আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে দেশটির উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি এবং মালাক্কার মুখ্যমন্ত্রী ড. আব রাউফ ইউসুহকে সঙ্গে নিয়ে মোটরবাইক শোভাযাত্রাটি মালাক্কা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আয়ের কেরোহ-এর এমআইটিসিতে অনুষ্ঠিত যুব কার্নিভালের ভেন্যুতে পৌঁছে।

অর্থাৎ, ফটিকছড়ির রাজপথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বাইক মিছিলের দাবিটি ভুয়া। মূলত মালয়েশিয়ার যুব কার্নিভাল উপলক্ষ্যে অনুষ্ঠিত মোটরবাইক শোভাযাত্রায় থাকা গাড়িবহরের ভিডিও এটি।

