
চীনের সেনাদের সামনে দুই ভারতীয় সেনা কান ধরে উঠবস করছে, দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে।
নিজেদের সংবাদমাধ্যম দাবি করা একটি ফেসবুক পেজ ‘শেষ টিভি’ থেকে ভিডিওটি গত ১ জুলাই পোস্ট করা হয়। ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, একটি পাহাড়ি পরিবেশে দুই পক্ষের বাহিনী অবস্থান করছে। ভারতীয় পতাকার মতো ব্যাজধারী দুজন ব্যক্তি কানে ধরে উঠবস করছে। তাদের সামনে চীনা পতাকার ব্যাজধারী তিনজন সশস্ত্র সেনাসদস্য দাঁড়িয়ে রয়েছে। পেছনে সামরিক ট্রাক, আরও দুই সৈন্য ও একটি লাল পতাকা দৃশ্যমান।

এর বাইরে পুরো এলাকা প্রায় জনশূন্য। কিন্তু ভিডিওর অডিওতে বেশ কোলাহল শোনা যায়, যা দৃশ্যের সঙ্গে খাপ খায় না। ভিডিওর ভেতরে লেখা, “আত্মসমর্পণ করে চীনা সেনার সামনে কান ধরে উঠাবসা করছে ভারতীয় দুই বিএসএফ।”
ভিডিওর উপরে ডান কোণে একটি লোগো দেখা যায়। লোগোটি বাংলাদেশ-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দেশ টিভি’- এর আদলে বানানো হলেও এতে লেখা, ‘শেষ টিভি-SESH TV’।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে ২০ হাজারের বেশি বার। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া আছে ২৫ হাজারের বেশি। এছাড়া এক হাজারের অধিক মন্তব্যে ভিডিও নিয়ে মতামত জানিয়েছেন অনেকে।
শেষ টিভি ছাড়াও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই দাবিতে পোস্ট করা হয়েছে (১, ২, ৩, ৪)।
সত্যতা যাচাইয়ে ভিডিওটি বিশ্লেষণ করে ডিসমিসল্যাব। এতে ভিডিওর দৃশ্যে কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। ভিডিওতে কান ধরে উঠবস করা দুই চরিত্রের চেহারা ও শরীরের গঠন, ত্বকের বর্ণ, চুলের স্টাইল একইরকম। অন্যপাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা সেনা সদৃশ চরিত্রগুলোর চেহারা ও শারীরিক গঠনও প্রায় একইরকম।
ভিডিওর বিভিন্ন অংশে কান ধরে উঠবস করা সময় দুই সৈন্যের হাতের আঙুল ও চেহারা অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে যায়। একইভাবে অন্য দিকে দাঁড়িয়ে থাকা সেনা সদৃশ একটি চরিত্রের চেহারাও বিকৃত হতে দেখা যায়। ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করলে যা স্পষ্ট হয়।
পরবর্তী যাচাইয়ে ভিডিওটি প্রথম কোথায় পোস্ট বা আপলোড করা হয়েছিল, তা দেখতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ ও রিভার্স সার্চ করা হয়। এতে সবচেয়ে আগে আপলোড হওয়া ভিডিওটি খুঁজে পাওয়া যায় ‘শেষ টিভি’ নামের ফেসবুক পেজটিতেই। গত ১ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১ টা ৫৮ মিনিটে পেজটি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
‘শেষ টিভি’ পেজ থেকে এর আগেও এআই নির্মিত ভিডিওর মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে পোস্ট করার নজির মেলে (১, ২)। যা ডিসমিসল্যাব যাচাই করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।
অধিকতর যাচাইয়ে ভিডিওটি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করা হয়। টুলটির ফলাফল অনুযায়ী ভিডিওর দৃশ্য এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ।
অর্থাৎ, চীন সেনাদের সামনে দুই ভারতীয় সেনার কান ধরে উঠবস করার দৃশ্যটি কোনো বাস্তব দৃশ্য নয়, বরং এআই নির্মিত।