
“আমি চাই বাংলাদেশ ভারত এক হয়ে যাক। আর আমরা তো বাংলাদেশ দখল করবই”- বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সম্প্রতি ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে।
‘সময় সংবাদ’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “তারেক রহমানের সাথে বিস্তারিত আলোচনা ভারতের অন্তর্ভুক্ত করতে চাই বাংলাদেশকে……?” ভিডিওটির দৈর্ঘ্য ১৬ সেকেন্ড। ভিডিওতে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সদৃশ ব্যক্তিকে বলতে শোনা যায়, “আমি চাই বাংলাদেশ এবং ভারত এক হয়ে যাক। বাংলাদেশ যদি ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আমরা বিশ্বে এক শক্তিধর দেশ হব। এমনিতেও আমরা বাংলাদেশ দখল করবোই। বাংলাদেশের তো কিছুই নেই। বিশ্বে ভারত একটি শক্তিধর দেশ, বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত হলে বাংলাদেশেরই উপকার হবে। এ বিষয়েই তারেক রহমানের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে।”

ভিডিওটির কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করা হলে ‘শেষ টিভি’ নামের একটি ফেসবুক পেজে হুবহু একই ভিডিওর তুলনামূলক স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। ‘শেষ টিভি’ নামের পেজের বায়োতে লেখা আছে, “এই পেইজের সকল ভিডিও এ আই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনাগুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়, ধন্যবাদ।”
ভিডিওর কয়েকটি কিফ্রেম সার্চ করে বিভিন্ন সংবাদমাধ্যমে ফেসবুকে পেজেও কাছাকাছি দৃশ্যের কয়েকটি ভিডিও পাওয়া যায় (১, ২)। এসব ভিডিওতে দেখা যায়, ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন। এসব বক্তব্যে তাকে “বাংলাদেশ দখল করবো”— এমন কিছু বলতে শোনা যায়নি।
অধিকতর যাচাইয়ে ভিডিওটি এআই শনাক্তকারী টুল সিন্থআইডি ও হাইভ মডারেশনে পরীক্ষা করা হয়। ফলাফলে সিন্থআইডি জানায়, ভিডিওটির অডিওতে সিন্থআইডি ওয়াটারমার্ক শনাক্ত করা গেছে। মানে, ভিডিওটির অডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পরিবর্তন করা হয়েছে বা সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। এছাড়া, হাইভ মডারেশনের ফলাফলে দেখা যায়, ভিডিওটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা ৬৭ শতাংশ।
আরেকটি ডিপফেক শনাক্তকারী টুল ‘হিয়া ডিপফেক ভয়েজ ডিটেক্টর’- এর ফলাফলে জানানো হয়, ভিডিওটির অডিও ডিপফেক হওয়ার সম্ভাবনা বেশি।
অর্থাৎ, ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ দখল করতে চাওয়ার ভিডিওটি এআই দিয়ে সম্পাদিত।
প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠিয়েছে। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।