মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Video Is From a Vietnamese Festival, Not an Indian Protest

ভারতের বিক্ষোভ নয়, ভিডিওটি ভিয়েতনামের এক উৎসবের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

মোদি সরকারের বিরুদ্ধে পুরো ভারতবর্ষের মানুষ এক হয়েছে, এই দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দৃশ্যটি ভারতের নয়। এটি ভিয়েতনামের একটি উৎসবের ভিডিও।

গত ১৩ অক্টোবর “BNB Channel36 International” নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একটি সড়কজুড়ে অসংখ্য মানুষের ভিড়। পাশে কোরিয়ান হাইপারমার্কেট চেইন “লোটে মার্ট” (LOTTE MART)-এর একটি ভবন দেখা যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, “মোদি সরকারের বি/রু/দ্ধে পুরো ভারতবর্ষের মানুষ এক হয়েছে মোদি হটাও ভারত বাঁচাও” (বানান অপরিবর্তিত)।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৫৪ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে। শেয়ার হয়েছে ৪ হাজারের বেশি বার এবং দেখা হয়েছে ৮ লাখের বেশি বার।

একই দাবিতে ফেসবুকের একাধিক পেজ (১, ২) ও ব্যক্তিগত অ্যাকাউন্ট (১, ২, ৩) থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। 

অনুসন্ধানে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ১৯ সেপ্টেম্বর ফেসবুকের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপলোড করা ১৯ সেকেন্ডের একটি ভিডিওর সঙ্গে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে ভিয়েতনামী ভাষায় লেখা, “Hết pháo hoa rồi, ai về nhà nấy thôi =)))”। যার বাংলায় দাঁড়ায়, “আতশবাজি শেষ, এবার যে যার বাড়ি ফের”। ভিডিওর লোকেশন হিসেবে যোগ করা হয় ভিয়েতনামের বাক জিয়াং (Bac Giang) নামের একটি শহর। 

মূল ভিডিওর স্ক্রিনশট

ভিডিওর লোকেশন যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করা হয়। এতে ফেসবুকে “লোটে মার্ট ভিয়েতনাম” (LOTTE Mart Vietnam) নামের পেজে একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি লোটে মার্ট বাক জিয়াং শাখার উদ্বোধন নিয়ে। সূত্র হিসেবে গত ৩০ জুলাই প্রকাশিত বাক নিন পত্রিকা এবং বাক নিন রেডিও ও টেলিভিশনের সংবাদ বুলেটিনের কথা বলা হয়েছে। প্রতিবেদনের ১৪ সেকেন্ডে লোটে মার্টের ভবনের কাঠামো, ভবনের পাশের গাছ ও প্রতিষ্ঠানটির সাইনবোর্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

সংবাদ প্রতিবেদনের সঙ্গে মূল ভিডিওর ভবন ও সাইনবোর্ডের মিলের স্ক্রিনশট

ছড়ানো ভিডিওতে দেখতে পাওয়া জমায়েতটি কীসের, তা নিশ্চিত হতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করা হয়। এতে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর বর্ণনায় লেখা ছিল, “এই ভিডিওতে ১৯ সেপ্টেম্বরের সন্ধ্যায় অনুষ্ঠিত বাক নিন শহর প্রতিষ্ঠার সিদ্ধান্ত ঘোষণার অনুষ্ঠানের পরিবেশ তুলে ধরা হয়েছে।”

ভিয়েতনামের গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের ২৪ আগস্ট দেশটির জাতীয় পরিষদ বাক নিন শহর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন করে। ১৯ সেপ্টেম্বর সকালে বাক নিন প্রদেশে সেই প্রস্তাব ঘোষণার অনুষ্ঠান হয়। একই দিন সন্ধ্যায় বাক জিয়াংয়ের ফেব্রুয়ারি থার্ড স্কয়ারে বিশেষ অনুষ্ঠান হয়। ভিয়েতনাম টেলিভিশনের ভিটিভি১ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।

অর্থাৎ, ভিডিওটি ভারতের নয়, ১৯ সেপ্টেম্বর ভিয়েতনামের বাক জিয়াংয়ে ধারণ করা।

এর আগেও ভারতের আন্দোলনের নামে ছড়ানো বিভ্রান্তিকর ভিডিও নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা