ফেসবুকে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করা হয়। পোস্টে দাবি করা হয়, তিনি দিল্লিতে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ২০১৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধারণ করা।
গত ২৯ নভেম্বর ফেসবুকে “শেখ হাসিনা” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ২৪ সেকেন্ডের ভিডিওতে শেখ হাসিনাকে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায়। ভিডিওর নিচে লাল ব্যানারে লেখা, “আমি খুব শিগগিরই ঢাকায় ফিরছি। সবাই শান্ত থাকবা – শেখ হাসিনা”। পোস্টে দাবি করা হয়, “দিল্লিতে নেতাকর্মীদের সাথে মিটিং ১৬ই ডিসেম্বর বাংলাদেশ ফিরবেন।” (বানান অপরিবর্তিত)
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টে ৫ হাজার ৮০০-এর বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি ২ লাখ ২৭ হাজারের বেশি দেখা হয়েছে এবং ১ হাজার ২০০ বারের বেশি শেয়ার হয়েছে।
একই ভিডিও একাধিক পেজ (১, ২) ও ব্যক্তিগত প্রোফাইলে (১, ২, ৩ ,৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০) একই দাবিতে প্রচার করা হয়।
সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। এতে সাদেক শিবলী (Sadeq Sibli) নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বরের একটি পোস্ট পাওয়া যায়। পোস্টের ছবিতে শেখ হাসিনার একই দৃশ্য দেখা যায়। পোস্টে লেখা, “বিদায় বেলায় কর্মীদের প্রতি নেত্রীর ভালোবাসা—- হোটেল গ্র্যান্ড হায়াত, ম্যানহাটান নিউইয়র্ক।”

এ সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ইফজাল চৌধুরী (Ifjal Chowdhury) নামের আরেকটি ফেসবুক প্রোফাইলে প্রায় একই দৃশ্যের ভিডিও পাওয়া যায়। এটিও ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর পোস্ট করা। এই পোস্টে লেখা ছিল, “২৩ থেকে ২৯ পুরো ১ সপ্তাহ নিউইয়র্কে অবস্থান শেষে এই মাত্র নেত্রী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা দিলেন।”

অধিকতর যাচাইয়ে ওই সফরের একাধিক প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২০১৮ সালের ২১ সেপ্টেম্বরের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে ঢাকা ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তার গ্র্যান্ড হায়াত হোটেলে থাকার কথা জানানো হয়। ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ছাড়ার কথা ছিল তার।
ডেইলি স্টার বাংলার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সফর শেষে ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। গত বছরের অক্টোবরে একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তখন ফ্যাক্টচেকিং সংস্থা ফ্যাক্টওয়াচ (Fact-Watch) এ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
অর্থাৎ, ভিডিওটি দিল্লির নয়, ২০১৮ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ধারণ করা।
ডিসমিসল্যাব এর আগেও শেখ হাসিনার ফেরার দাবি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

