সৌদি আরবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের সমর্থনে জোরদার মিছিল হয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি কোনো রাজনৈতিক মিছিলের নয়। এটি ২০২৪ সালে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি সংগীতশিল্পী জেমসের কনসার্টে দর্শকদের উপস্থিত হওয়ার দৃশ্য।
গত ২৯ নভেম্বর ‘তুহিন তা’ (Tuhin Ta) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ৩৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বাংলাদেশের আমজনতা যা বলতেছে এবং কি আমরা যা দেখতেছি আমার কাছে মনে হইতেছে সম্পূর্ণ মিথ্যা কথা তা না হলে বাংলার জমিন পার করে আজকে সৌদি আরবের মাটির দেও আমলিক নিয়ে একটা জোরদার মিছিল হয়েছে এতে বুঝা যায় আম্লিক এখনো বাংলার মানুষের মনে আছে আমলে কি এটা এখনো বাংলার মানুষে ভুলতে পারেনি দেশের জন্য সর্বোচ্চ সেরা জিনিসটাই দিয়ে গেছে এটাই আওয়ামী লীগের রীতিনীতিআই।”
এই প্রতিবেদন প্রকাশের আগে পর্যন্ত ভিডিওটিতে প্রায় ১৪ হাজারের বেশি প্রতিক্রিয়া ছিল। পোস্টটি এক হাজারবার শেয়ার করা হয়েছে।
ভিডিওতে রাতের বেলায় একটি জায়গায় মানুষের সমাগম দেখা যায়। রাস্তার পাশে সারি সারি খেজুরগাছ, ধাতব ব্যারিকেড এবং বিভিন্ন রঙের আলোকসজ্জা রয়েছে। এ সময় সামনের রাস্তা দিয়ে কয়েকটি গাড়ি চলাচল করতেও দেখা যায়। আওয়ামী লীগের পক্ষে কিছু স্লোগানও শোনা যায়।

ভিডিওটির উৎস অনুসন্ধানে প্রথমে এর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে সৌদি আরবের সংবাদমাধ্যম ‘স্লাতির’ (Slaati) ওয়েবসাইটে ২০২৪ সালের ২৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “সুয়াইদি পার্কে বাংলাদেশি সংগীতশিল্পীর কনসার্টে দর্শকদের ছুটে যাওয়ার দৃশ্য।” ওই প্রতিবেদনে বলা হয়, রিয়াদের সুয়াইদি পার্কে “বাংলাদেশ নাইটস” অনুষ্ঠানে বাংলাদেশি সংগীতশিল্পী জেমসের কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে অংশ নিতে বিপুলসংখ্যক দর্শক সেখানে ছুটে যান। প্রতিবেদনে প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। তবে মূল ভিডিওতে কোনো ধরনের স্লোগান শোনা যায়নি।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ও জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির যৌথ উদ্যোগে ‘ইনসিজাম আল-আলামি’ (বিশ্বজনীন সম্প্রীতি) কর্মসূচির আওতায় ‘বাংলাদেশ নাইটস’ আয়োজন করা হয়েছিল। সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এবং দেশটিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
স্লাতির প্রতিবেদনে প্রকাশিত ভিডিওর সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল পাওয়া যায়। দুই ভিডিওতেই একই স্থানের জনসমাগম, খেজুরগাছ, ব্যারিকেড ও আলোকসজ্জা দেখা যায়। আশপাশের পরিবেশের দৃশ্যেও মিল রয়েছে।

অর্থাৎ, সৌদি আরবে আওয়ামী লীগের সমর্থনে মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত রিয়াদের সুয়াইদি পার্কে সংগীতশিল্পী জেমসের কনসার্টে দর্শকদের উপস্থিত হওয়ার দৃশ্য।

