যশোরের বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একই ভিডিওকে গোপালগঞ্জের বলেও দাবি করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিগুলো মিথ্যা। প্রকৃতপক্ষে, গত ২৭ নভেম্বর যশোরের বেনাপোলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মশাল মিছিলের দৃশ্য এটি।
ফেসবুকে ‘হাফিজুর রহমান’ নামের একটি প্রোফাইল থেকে গত ২৯ নভেম্বর ২১ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “এইমাত্র বেনাপোলে বিশাল মিছিল আওয়ামী লীগের। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” ভিডিওতে মশাল হাতে মিছিল দেখা যায়। পোস্টের মন্তব্যে অনেককে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লিখতে দেখা গেছে।
এছাড়া ‘নুরুল ইসলাম’ নামের আরেকটি প্রোফাইল থেকে একই ভিডিও পোস্ট করে সেটিকে গোপালগঞ্জের দৃশ্য বলে দাবি করা হয়।
যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘রহস্য বাংলা’ নামের ফেসবুক পেজে গত ২৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর বর্ণনায়, “এইমাত্র বেনাপোল থেকে সীমান্তের দিকে যাচ্ছে বিএনপির বিশাল মশাল মিছিল।” ওই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে।
এই ঘটনায় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়েছে। গত ২৭ নভেম্বর কালবেলায় “বাংলার মাটিতে আ.লীগের আর কোনো ঠাঁই হবে না: নুরুজ্জামান লিটন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে যুক্ত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা একাধিক ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়।
কালবেলার প্রতিবেদনে বলা হয়, গত ২৭ নভেম্বর যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বেনাপোলে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া অন্যায়-অত্যাচার ও ভোটাধিকার হরণের অভিযোগ তুলে ধরেন।

অর্থাৎ, যশোরের বেনাপোলে শার্শা উপজেলা বিএনপির মশাল মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের মিছিল দাবিতে প্রচার করা হচ্ছে।

