মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
শেখ হাসিনাকে নিয়ে গুজব; শেখ হাসিনা; বাংলা ফ্যাক্ট চেক; ফ্যাক্টচেক; ফ্যাক্ট চেকিং; ফ্যাক্ট চেকার; ফ্যাক্ট চেক বাংলাদেশ; ফ্যাক্ট চেক; শেখ হাসিনা দেশে ফেরত;

শেখ হাসিনার ফেরার খবরের মাইকিং নয়, দৃশ্যটি ইত্যাদি অনুষ্ঠানের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়ানো একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক রিকশায় বসে মাইকিং করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার খবর দিচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি সম্পাদিত। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি নাটিকার দৃশ্যে ভিন্ন একটি অডিও যুক্ত করে ভিডিওটি ছড়ানো হয়েছে।

গত ১১ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রিকশায় বসে মাইকে ঘোষণা দিচ্ছেন, “এলাকাবাসী, লক্ষ্য করে শুনুন, শেখ হাসিনা আওয়ামী লীগের বহর নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরবে। জনগণ এখন বুঝতে পারছে, শেখ হাসিনাকে এই মুহূর্তে প্রয়োজন…।” 

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিও।

ভিডিওটি প্রথমে ১০ আগস্ট “মুজিবিজম ইনসাইটস ৭১”(Mujibism Insights 71) নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়েছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূল পোস্টটি দেখা হয়েছে ৩ লাখ ৪৯ হাজারের বেশি বার এবং শেয়ার হয়েছে ১ হাজার ৭০০ বারের বেশি। 

একই ভিডিও ‘দৈনিক আজকের কণ্ঠ ডিজিটাল’ নামের আরেকটি পেজ থেকেও “মাইকিং করে শেখ হাসিনা ফেরার খবর দিচ্ছে যুবক” ক্যাপশনে পোস্ট করা হয়। এ ছাড়া ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমেও (,) প্রচার হতে দেখা যায়।

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে “ফাগুন অডিও ভিশন” (Fagun Audio Vision) নামের ইউটিউব চ্যানেল থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আপলোড হওয়া একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা, “একটি হারানো বিজ্ঞপ্তি | ইত্যাদি অক্টোবর ১৯৯৭ পর্ব”।

মূল ভিডিওটির ২ সেকেন্ড থেকে ১৪ সেকেন্ড পর্যন্ত অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর প্রথম ১২ সেকেন্ডের হুবহু মিল পাওয়া যায়। ২ মিনিট ২ সেকেন্ডের মূল ভিডিওর কোথাও শেখ হাসিনার ফেরার খবর দেওয়া সংক্রান্ত কিছু শোনা যায়নি। এটি মূলত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ১৯৯৭ সালের অক্টোবর পর্বের একটি রম্যনাটক। ওই নাটিকায় মাইকে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত নভেম্বরে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকে তাকে ফিরিয়ে দিতে বাংলাদেশ বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে। গত ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দাবি করেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। 

ইতঃপূর্বে শেখ হাসিনার দেশে ফেরা বা প্রকাশ্যে আসা নিয়ে একাধিক ভুয়া দাবি ছড়ালে, তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা