সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, বাংলাদেশে নিজ বাড়ি থেকে হিন্দু এক মেয়েকে প্রকাশ্যে তুলে নিয়ে যাচ্ছে “উন্মত্ত জিহাদীর” দল। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের গুজরাটের। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুন গুজরাটের ভাদগামে ১৯ বছর বয়সী এক তরুণীকে তার জীবনসঙ্গীর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার দৃশ্য এটি।
হিন্দুসেনা (Hindusena) নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩০ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ১৩ সেকেন্ডের ভিডিওটি দুই অংশে বিভক্ত। নিচের অংশে দেখা যাচ্ছে, একটি মেয়েকে দুজন ব্যক্তি মিলে পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওর ভেতরে লেখা, “বাংলাদেশে দিনে দুপুরে হিন্দু মেয়েকে তার নিজ বাড়ি থেকে উন্মত্ত জিহাদীর দল। তুলে নিয়ে যাচ্ছে”(ভাষা অপরিবর্তিত)। ভিডিওর ওপরের অংশেও এক ব্যক্তিকে একই কথা বলতে শোনা যাচ্ছে। ক্যাপশনে লেখা, “বাড়ি থেকে জোর করে হিন্দু মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে।”
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ২ লাখ ৯৮ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ২ হাজারের অধিক শেয়ার করা হয়েছে। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৬ হাজারের বেশি ব্যবহারকারী। মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, একাধিক ব্যবহারকারী ঘটনাটি সত্য বলে ধরে নিয়ে তাদের মতামত জানিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “তোমরা কি কর নপুংসক,” আরেকজন মন্তব্য করেছেন, “৭১ কে হাড় মানাচ্ছে।”
অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে চলতি বছরের ২৫ জুন ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য স্টেটসম্যান’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বর্ণনার একটি অংশ বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “গুজরাটের ভাদগাম গ্রামে এক ১৯ বছর বয়সী তরুণীকে তার জীবনসঙ্গীর বাড়ি থেকে তার বাবা ও অন্য তিনজন মিলে অপহরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত দুই বছর ধরে সম্পর্ক এই যুগলের এবং সম্প্রতি একসঙ্গে বসবাস শুরু করার আগে একটি লিভ-ইন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।” প্রতিবেদনের প্রথম ৬ সেকেন্ডের দৃশ্যপটের সাথে প্রচারিত ভিডিওতে থাকা মানুষজন, তাদের পোশাক, আশেপাশের স্থাপনা, দাঁড়িয়ে থাকা গাড়ি ইত্যাদির হুবহু সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।

বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করলে দেখা যায়, এই ঘটনায় একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২) প্রকাশিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের গুজরাটে ১৯ বছর বয়সী এক তরুণীকে তার জীবনসঙ্গীর বাড়ি থেকে তরুণীর বাবা ও অন্য তিন ব্যক্তি মিলে তুলে নিয়ে যান। রাজ্যের আরাবল্লী জেলার ভাদগাম গ্রামে চলতি বছরের ২২ জুন ঘটনাটি ঘটে।

অর্থাৎ, ভারতের অপহরণের ঘটনাকে বাংলাদেশের ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।
ইতঃপূর্বে একাধিক ভুয়া দাবি সাম্প্রদায়িক উসকানিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব।

