ঢাকায় লকডাউনের দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। গত ১২ আগস্ট মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি মশাল মিছিলের দৃশ্য এটি।
ফেসবুকের ‘বিজয় চন্দ্র আচার্য্য’ নামের একটি প্রোফাইল থেকে লাইভে ১ ঘণ্টা ৩৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “ঢাকা লক-ডাউন এইটা শুধু নমুনা.! কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” ভিডিওতে মশাল হাতে মানুষের মিছিলের দৃশ্য দেখা যায়। ভিডিওর দৃশ্য দেখে মনে হচ্ছে প্রথম ৩০ সেকেন্ডের দৃশ্য বারবার জোড়া লাগিয়ে বানানো হয়েছে এটি। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, ভিডিওটি তিন লাখের বেশি বার দেখা হয়েছে এবং ১ হাজার ৪০০ বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের একাধিক প্রোফাইল ও পেজ (১, ২, ৩, ৪) থেকে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টার/মৈত্রী মিডিয়া’ নামের ফেসবুক পেজে গত ১৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর বর্ণনায় বলা হয়, “মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।” এই ভিডিওর শুরুর অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিছিলের একাধিক ব্যক্তি ও পারিপার্শ্বিক দৃশ্যের মিল রয়েছে।
যমুনা টিভির ফেসবুক পেজে গত ১২ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও পাওয়া যায়। “মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল” শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনের ৫২ সেকেন্ড অংশ থেকে ছড়িয়ে পড়া ভিডিওর মিছিলের সামনের সারিতে থাকা একাধিক ব্যক্তির মিল পাওয়া যায়।

এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদন থেকে জানা যায়, মাদারীপুরের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে এই মশাল মিছিল বের করা হয়।
অর্থাৎ, মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলের ভিডিওকে ঢাকায় লকডাউন দাবিতে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, গত আগস্টেও ভিডিওটি শেখ মুজিবুর রহমানের পক্ষে মিছিলের দাবিতে ছড়ানো হয়েছিল। এ নিয়ে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল।

