জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট মিছিল ভুয়া খবর ফ্যাক্টচেক

মশাল মিছিলের দৃশ্যটি ১৫ আগস্টের নয়

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে, ১৫ আগস্ট মাদারীপুরে শেখ মুজিবর রহমানের জন্য মিছিল হয়েছে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ১২ আগস্ট মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি মশাল মিছিলের দৃশ্য।

‘বাংলাদেশ জয়বাংলা সংগ্রাম’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওর ভেতরে লেখা, “মুজিব শুধু একটি নাম নয়, মুজিব একটি দেশের নাম। মুজিব মানেই বাংলাদেশ। আজকের মাদারীপুর।” পোস্টের বর্ণনায় লেখা ছিল, “আজ ১৫ই আগস্ট আজকের রাতে মাদারীপুর,বেসি বেসি লাইফ,কমেন্ড.শেয়ার করে সবাই কে দেখার সুযোগ দিন। (বানান অপরিবর্তিত)”

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি প্রায় ২ হাজার ৩০০ বার দেখা হয়েছে এবং ৪৬৩ বার শেয়ার করা হয়েছে।

ভুয়া দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাই করতে এর বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ১২ আগস্ট ২০২৬ প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, “মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল।” ভিডিওতে মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি মশাল মিছিলের দৃশ্য দেখানো হয়েছে।

যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের ১০ সেকেন্ড থেকে ৩৩ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এছাড়া, ওই প্রতিবেদনের ৫৪ সেকেন্ডে দেখা রাস্তার পাশের পিলারগুলোর সঙ্গেও ছড়িয়ে পড়া ভিডিওর পিলারগুলোর সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের সামনের সারিতে থাকা কয়েকজন ব্যক্তিরও মিল দেখা যায়।

মূল ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট।

এ ছাড়া কিওয়ার্ড রিসার্চে, দৈনিক ইনকিলাব দেশ টিভির প্রতিবেদনেও এই ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়। এসব প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরের বিভিন্ন নদ-নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়।

অর্থাৎ, ১৫ আগস্টের ঘটনা হিসেবে ছড়ানো ভিডিওটি মূলত ১২ আগস্টের এবং মিছিলটি আয়োজিত হয়েছিল অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে।

আরো কিছু লেখা