
একাধিক সামাজিক মাধ্যমে সম্প্রতি ভিডিও, পোস্ট ও ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, হজের যাত্রী নিয়ে রাস্তার মধ্যে গাড়ি উল্টে বাংলাদেশি হজ যাত্রীরা মারা গিয়েছেন।
তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত। গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডির মাধ্যমে পরীক্ষায় দেখা যায়, একাধিক ছবিতে সিন্থআইডির ওয়াটারমার্ক রয়েছে।

ফেসবুকে “ফ্যামিলি ভ্লগস” নামের একটি পেজ থেকে গত ১৮ এপ্রিল একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “আহারে দেখুন হজ্বের যাত্রী নিয়ে আজকে রাস্তার মধ্যে এই গাড়িটি উল্টে গেল। তারা সবাই বাংলাদেশী হজ্ব যাত্রী ছিল। আল্লাত তাদের সবাইকে জান্নাত দান করুক। আমিন। তাদের পরিবার এখানো খবরটি জানে না তাই লাইক ও শেয়ার করে তাদের জানিয়ে দিন। হে আল্লাহ সবাইকে মাফ করে দাও।”
ছবিতে দেখা যায়, হজের ইহরাম পরিহিত এক ব্যক্তি ছবির সামনে দাঁড়িয়ে আছেন, এবং তার পেছনে একটি বাস উল্টে পড়ে আছে। বাসের আশেপাশে অনেক হজযাত্রী দেখা যাচ্ছে। একটি অ্যাম্বুলেন্স ও কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এক পাশে সারিবদ্ধ গাড়ির লাইন। রাস্তায় কয়েকজন হজযাত্রীকে শুয়ে এবং বসে থাকতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৪ হাজার ৩০০ বারের বেশিবার শেয়ার করা হয়েছে।
মন্তব্য যাচাইয়ে দেখা যায়, অনেকেই পোস্টটিকে সত্য বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আল্লাহ তুমি এই হজের যাত্রী ইয়া আল্লাহ তুমি বেহেশত নসিব কর আল্লাহ আহত হয়েছে তারা তুমি সুস্থ করে দাও।” আরেকজন লিখেছেন, “হে আল্লাহ বাংলাদেশের হাজী সাহেবগুলাকে আল্লাহ গাড়ি এক্সিডেন্ট হয়েছে আল্লাহ তুমি এদেরকে হেফাজত কর।”
ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকে একই দাবিতে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ছবিটি পোস্ট করা হয়েছে। এছাড়া অন্যান্য সামাজিক মাধ্যমেও দাবিটি ছড়িয়ে পড়েছে। ইনস্টাগ্রামে (১, ২), থ্রেড (১, ২) এবং ইউটিউবেও দাবিটি দেখা যায়।
ছড়িয়ে পড়া ছবিগুলো পর্যালোচনা করে কিছু অসঙ্গতি খুঁজে পায় ডিসমিসল্যাব। দেখা যায়, ছবিতে পেছনে থাকা হজযাত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেহারা বিকৃত হয়ে গিয়েছে, অনেকের শারীরিক অবয়ব অস্পষ্ট হয়ে গিয়েছে। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবির একটি সাধারণ বৈশিষ্ট্য।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবির সত্যতা যাচাইয়ে সেগুলো গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডির মাধ্যমে পরীক্ষা করে ডিসমিসল্যাব। দেখা যায়, ছবিগুলোতে সিন্থআইডির ওয়াটারমার্ক রয়েছে। এছাড়া এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, ভিডিওগুলো এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।
অর্থাৎ, হজের যাত্রী নিয়ে রাস্তার মধ্যে গাড়ি উল্টে যাওয়ার ছবিগুলো এআই দিয়ে বানিয়ে ভুয়া দাবিতে ছড়ানো হচ্ছে। বিভ্রান্তিকর এআই ছবি বা ভিডিও নিয়ে এর আগেও ফ্যাক্টচেক করেছে ডিসমিসল্যাব।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছরের প্রথম হজ ফ্লাইটটি গত ১৭ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করে। ১৮ এপ্রিল সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।