শেখ হাসিনা সরকারের পতনের পর ২৬ মাসে বাংলাদেশে ১৯ সাংবাদিক নিহত বা অস্বাভাবিক মৃত্যুর শিকার হয়েছেন বলে দাবি করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট নামের একটি সংগঠন। সংগঠনটির শ্বেতপত্রে আরও দাবি করা হয়েছে, এ সময়ে ৮৪ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন, চাকরি হারিয়েছেন ১ হাজার দুইশ’র বেশি।
অথচ শ্বেতপত্রে অধ্যাপক মুহম্মদ ইউনূস ও তারেক রহমানের আমলে নিহত বলে উল্লেখ করা ১৯ সাংবাদিকের মধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের আগেই। তাদের চারজন নিহত হন ২০২৪ সালের জুলাইয়ে, শেখ হাসিনা সরকারের সময় অভ্যুত্থানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে। অন্য তিনজনের মৃত্যু হয় ৪ ও ৫ আগস্ট, অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার আগে।
ডিসমিসল্যাবের হাতে আসা শ্বেতপত্রের কপি বিশ্লেষণ করে আরও বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। কিছু নাম একাধিকবার এসেছে, গবেষণার নির্ধারিত সময়সীমার বাইরের ঘটনা তালিকায় রাখা হয়েছে, আবার কিছু ক্ষেত্রে এক ধরনের ঘটনাকে অন্য ধরনের ঘটনা হিসেবে দেখানো হয়েছে। বেশ কয়েকটি বড় দাবির পক্ষে শ্বেতপত্রে সুনির্দিষ্ট তথ্যসূত্রও দেওয়া হয়নি। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে।
ওই শ্বেতপত্রের বরাতে সাংবাদিক নিপীড়নের পরিসংখ্যান তুলে ধরে গত ২৫ নভেম্বর প্রতিবেদন প্রকাশ করে কলকাতাভিত্তিক ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ। পত্রিকাটির অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “অ্যারেস্টস, মার্ডারস, কার্বস: নিউ রিপোর্ট আন্ডারলাইনস ‘অ্যাসল্ট অন জার্নালিজম’ ইন বাংলাদেশ”। এতে সংগঠনটির সদস্যসচিব শেখ জামালের বক্তব্যও তুলে ধরা হয়।
এ বিষয়ে শেখ জামালের সঙ্গে দুই দফায় কথা বলেছে ডিসমিসল্যাব। তিনি কিছু অসংগতি স্বীকার করেছেন এবং কয়েকটির ব্যাখ্যা দিয়েছেন। তবে বেশ কিছু দাবির পক্ষে যথাযথ তথ্য বা প্রমাণ দিতে পারেননি।

জুলাই অভ্যুত্থানে নিহত সাংবাদিকেরাও ইউনূস-তারেক আমলের হিসাবে
শ্বেতপত্রটির শিরোনাম ‘স্বাধীন গণমাধ্যমের ওপর রাষ্ট্রীয় স্ট্রিমরোলার: ইউনূস-তারেক আমলের অন্ধকার অধ্যায়’। এতে গবেষণার সময়সীমা উল্লেখ করা হয়েছে আগস্ট ২০২৪ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত। শ্বেতপত্রে নিহত সাংবাদিকদের তালিকার প্রথম চারটি নাম হলো হাসান মেহেদী, শাকিল হোসেন, আবু তাহের মুহাম্মদ তুরাব ও তাহির জামান প্রিয়।
তাদের মৃত্যুর ঘটনা নিয়ে ২০২৫ সালের ১ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। এতে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই মেহেদী ও শাকিল এবং ১৯ জুলাই তুরাব ও প্রিয় নিহত হন। চারজনের মৃত্যুর জন্যই পুলিশকে দায়ী করেছে সংগঠনটি।
শ্বেতপত্রের তালিকায় এর পরের তিনটি নাম প্রদীপ কুমার ভৌমিক, সোহেল আখঞ্জি ও আবদুন নূর। তাদের মৃত্যুর তারিখ ৪ ও ৫ আগস্ট ২০২৪। অথচ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট।
অর্থাৎ, শ্বেতপত্রে নিহত ১৯ সাংবাদিকের যে তালিকা দেওয়া হয়েছে, তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয় অন্তর্বর্তী সরকার গঠনের আগে।
গবেষণার সময়সীমার বাইরে জুলাইয়ের ঘটনাগুলো কেন অন্তর্ভুক্ত করা হয়েছে, জানতে চাইলে শেখ জামাল ডিসমিসল্যাবকে বলেন, “জুলাই মাসটা ওইখানে অন্তর্ভুক্ত হইছে।” তিনি জানান, গ্রেপ্তার, চাকরিচ্যুতি ও অ্যাক্রেডিটেশন বাতিলসহ অন্যান্য ঘটনার হিসাব আগস্ট থেকে করা হলেও হত্যাকাণ্ডের ক্ষেত্রে জুলাইয়ের কয়েকটি ঘটনাও যুক্ত করা হয়েছে।
তবে জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোকে কেন ইউনূস-তারেক আমলের নিপীড়নের তালিকায় রাখা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তিনি।
প্রশ্ন রয়েছে ১৯ জনের মৃত্যুর ধরন নিয়েও। শ্বেতপত্রের সারসংক্ষেপে তাদের ‘নিহত ও অস্বাভাবিক মৃত্যুর শিকার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও ডিসমিসল্যাবের সঙ্গে আলাপকালে শেখ জামাল বলেন, “১৯ জন তো মার্ডার হয়েছে।”
কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য কী বলছে? শ্বেতপত্রের ১৯ জনের তালিকায় গাজী টেলিভিশনের নিউজরুম এডিটর রাহনুমা সারাহর নাম রয়েছে। অথচ সে সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে রাহনুমার স্বামী প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেছিলেন, তিনি হাতিরঝিলের পানিতে ঝাঁপ দিয়েছিলেন। তার পরিবার ও বন্ধুরা জানিয়েছিলেন, তিনি বিষণ্নতায় ভুগছিলেন।
শ্বেতপত্রে বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর বিষয়েও আলাদা একটি প্রোফাইল রয়েছে। তবে ১৯ জনের মূল তালিকায় তার নাম নেই। ২০২৬ সালের ১১ সেপ্টেম্বর সমকালের বরিশাল কার্যালয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচটি চিরকুট উদ্ধারের কথা জানিয়ে ডেইলি স্টার পুলিশের বরাতে প্রতিবেদন প্রকাশ করে। পুলিশ জানিয়েছিল, চিরকুটগুলোতে অসুস্থতা ও বেকারত্বজনিত মানসিক কষ্টের কথা ছিল। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছিল পুলিশ। পুলক সমকাল থেকে চাকরি হারিয়েছিলেন ২০২৩ সালে।
রাহনুমা ও পুলকের মৃত্যুর কোনোটিকেই নিশ্চিত হত্যাকাণ্ড কিংবা রাষ্ট্রীয় নিপীড়নের ফলে মৃত্যু হিসেবে প্রতিষ্ঠার মতো প্রমাণ শ্বেতপত্রে দেওয়া হয়নি।
শ্বেতপত্রে সাংবাদিক আজহার আলী সরকারের মৃত্যুকেও কারাহেফাজতে নির্যাতনের ফলে বিচারবহির্ভূত মৃত্যু হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি জামিনে মুক্তির এক মাস ১০ দিন পর, ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিমান্ডে নির্যাতনের কারণে তার অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল বলে শ্বেতপত্রে দাবি করা হলেও এর সপক্ষে কোনো চিকিৎসা নথি বা ময়নাতদন্তের তথ্য দেওয়া হয়নি।
মৃত্যুর কারণ কীভাবে নিশ্চিত করা হয়েছে, জানতে চাইলে শেখ জামাল বলেন, “মিডিয়ায় যেভাবে আসছে, মিডিয়ার রেফারেন্স থেকেই ওখানে সংযুক্ত করা হয়েছে।”
তবে শ্বেতপত্রের তালিকায় আজহার আলীর নামের পাশে কেবল বিডিনিউজ টোয়েন্টিফোরের একটি প্রতিবেদনের লিংক দেওয়া আছে। ওই প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে “রিমান্ডে নির্যাতন” উল্লেখ নেই।
আহতদের প্রায় অর্ধেক ঘটনা অন্তর্বর্তী সরকার গঠনের আগের
নিহত সাংবাদিকদের তালিকার মতো আহত ও হামলার শিকার ব্যক্তিদের হিসাবেও অসংগতি রয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ২৬ মাসে ১১৮ জন সাংবাদিক হামলা বা নির্যাতনের শিকার হয়েছেন। সংখ্যাটি এসেছে শ্বেতপত্রের শুরুর সারণি থেকে। কিন্তু পরে ‘দেশজুড়ে পেশাগত দায়িত্ব পালনকালে আক্রান্ত সাংবাদিকদের’ তালিকায় রয়েছে ১৮৪টি সারি।
তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে তালিকার ৬৭টিতে সারিতে উল্লিখিত ঘটনার তারিখ ২০২৪ সালের ৫ আগস্টের আগের। আরও ২০টি সারিতে উল্লেখ করা ঘটনার তারিখ ৫ থেকে ৭ আগস্টের মধ্যে। অর্থাৎ, তালিকার ১৮৪টি অন্তর্ভুক্তির মধ্যে ৮৭টিতে, প্রায় ৪৭ শতাংশ ক্ষেত্রে, ঘটনার তারিখ অন্তর্বর্তী সরকার গঠনের আগের।
তালিকায় উল্লেখিত সব ঘটনা অবশ্য সাংবাদিকের ওপর হামলার নয়। ১২টি অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো সাংবাদিকের নামের বদলে প্রেসক্লাব, সংবাদমাধ্যম বা কার্যালয়ের নাম উল্লেখ রয়েছে। আবার কোনোটির পাশেই নির্দিষ্ট তথ্যসূত্রের লিংক দেওয়া হয়নি। ফলে ১৮৪টি অন্তর্ভুক্তি থেকে কীভাবে ১১৮ জন আহত সাংবাদিকের হিসাব করা হয়েছে, তা বোঝার উপায় নেই।
সময়সংক্রান্ত এই অসংগতির বিষয়ে জানতে চাইলে শেখ জামাল বলেন, “এরকম হইছে কি না আমার খেয়াল নাই।”
গণমাধ্যমের কার্যালয়ে হামলার তালিকাতেও সময় ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন রয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে ইউনূস সরকারের আমলে আক্রান্ত গণমাধ্যমের উদাহরণ হিসেবে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) কয়েকটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে।
অথচ বিটিভিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ২০২৪ সালের ১৮ জুলাই, অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় তিন সপ্তাহ আগে। সে সময় এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদমাধ্যম। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের জুলাই-আগস্টের ঘটনাবলি নিয়ে তথ্যানুসন্ধান প্রতিবেদনে একাত্তর টিভি, সময় টিভি, এটিএন নিউজ, এটিএন বাংলা, ডিবিসি ও মাইটিভিসহ কয়েকটি গণমাধ্যমে হামলার বিবরণ রয়েছে। ঘটনাগুলো ঘটেছে ৩ থেকে ৫ আগস্টের মধ্যে।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর উল্লেখযোগ্য হামলাগুলোর একটি ছিল ২০২৫ সালের ১৮ ডিসেম্বর প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। কিন্তু শ্বেতপত্রের তালিকায় ঘটনাটি বর্ণনা করা হয়েছে প্রধান কার্যালয়ে অনুপ্রবেশের চেষ্টা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর হিসেবে। সেখানে লুটপাট ও অগ্নিসংযোগের কথা নেই।
শ্বেতপত্রের আরেকটি অংশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের ৫১টি ঘটনা তুলে ধরা হয়েছে। তালিকাটি বিশ্লেষণ করে দেখা যায়, এর মধ্যে ১৭টি ঘটনা ঘটেছে বিএনপি সরকার গঠনের আগে, অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি ২০২৬-এর আগে।
অর্থাৎ, শুধু গবেষণার নির্ধারিত সময়সীমা নয়, কোন ঘটনা কোন সরকারের আমলে ঘটেছে, সেই হিসাবেও শ্বেতপত্রে অসংগতি রয়েছে।
১,২০০ সাংবাদিকের চাকরিচ্যুতির দাবি, পূর্ণাঙ্গ তালিকা দিল না সংগঠন
শ্বেতপত্রে ১ হাজার ২০০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে চাকরিচ্যুত করার কথা বলা আছে। অথচ চাকরিচ্যুত সাংবাদিকদের তালিকায় ১৩৮টি নাম পাওয়া গেছে। এর মধ্যে মাত্র আটজনের চাকরি হারানোর বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। বাকি এক হাজারের বেশি সাংবাদিকের নাম, কর্মস্থল কিংবা চাকরি হারানোর সময় সম্পর্কে কোনো তথ্য নেই।
বিষয়টি নিয়ে জানতে চাইলে শেখ জামাল বলেন, প্রতিবেদনের আকার বড় হয়ে যাওয়ায় পূর্ণাঙ্গ তালিকাটি শ্বেতপত্রে যুক্ত করা হয়নি। তার দাবি, সংগঠনের কাছে বাকি সাংবাদিকদের তালিকাও রয়েছে। ডিসমিসল্যাব যাচাইয়ের জন্য সেই তালিকা চাইলে তিনি তা দিতে রাজি হননি।
“না ভাই, আমি এই তালিকাটা শেয়ার করতে চাই না,” বলেন শেখ জামাল। তার ব্যাখ্যা, চাকরি হারানো অনেক সাংবাদিক এখনো আইনি লড়াই চালাচ্ছেন। তালিকাটি প্রকাশ করলে তারা আবার চাকরিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করেন তিনি।
পেগাসাস, ওয়েবসাইট বন্ধসহ বড় দাবির পক্ষে নেই সুনির্দিষ্ট সূত্র
সাংবাদিকদের গ্রেপ্তার, চাকরিচ্যুতি ও হামলার বাইরে শ্বেতপত্রের বরাতে আরও কয়েকটি গুরুতর অভিযোগ প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। এর মধ্যে রয়েছে ২০০টির বেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ, ৬২ জন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকের টেলিভিশন টকশোতে অংশ নেওয়ার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা এবং সরকারের সমালোচক ও অনুসন্ধানী সাংবাদিকদের ব্যক্তিগত ডিজিটাল যোগাযোগে পেগাসাস স্পাইওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির মাধ্যমে নজরদারির দাবি।
কিন্তু কোন ২০০টি ওয়েবসাইট বন্ধ করা হয়েছে, কখন বন্ধ করা হয়েছে, কিংবা বিটিআরসির কোন নির্দেশনার ভিত্তিতে তা করা হয়েছে, এমন কোনো তথ্য শ্বেতপত্রে নেই।
ওয়েবসাইট বন্ধের তথ্য কোথা থেকে পেয়েছেন, জানতে চাইলে শেখ জামাল বলেন, সংবাদমাধ্যম থেকে তথ্য নেওয়া হয়েছে। তবে কোন সংবাদমাধ্যমের কোন প্রতিবেদন, তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি।
পেগাসাসের মাধ্যমে নজরদারির দাবিতে শ্বেতপত্রে “আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর” তথ্যের কথা বলা হয়েছে। কিন্তু এই দাবির পক্ষে কোন সংস্থার কোন প্রতিবেদন বা বিবৃতি ব্যবহার করা হয়েছে, তার উল্লেখ নেই। নজরদারির অভিযোগ সমর্থনে কোনো নির্দিষ্ট ঘটনার ডিজিটাল ফরেনসিক পরীক্ষার ফলও তুলে ধরা হয়নি।
একইভাবে ৬২ জন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকের টকশোতে অংশ নেওয়ার ওপর অঘোষিত নিষেধাজ্ঞার দাবির সপক্ষে কোনো নামের তালিকা বা নির্দিষ্ট সংবাদসূত্র দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে, আওয়ামী লীগ সরকারের আমলে, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ওই ঘটনার সঙ্গে ফ্রন্টের দাবি করা ২০০টির বেশি ওয়েবসাইট বন্ধের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও নির্ধারণ করা যায়নি।
তথ্য সংগ্রহের বর্ণনা আছে, যাচাইয়ের পদ্ধতি অস্পষ্ট
শ্বেতপত্রের শেষ পাতায় ‘ধন্যবাদান্তে’ অংশে সংগঠনটির সদস্যসচিব শেখ জামালের নাম ও যোগাযোগের তথ্য দেওয়া আছে। জামাল দৈনিক মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন এবং “দৈনিক মুখপাত্র” নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিজের পরিচয় দেন। বিডিনিউজ টোয়েন্টিফোরের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানেও কার্যক্রম নিষিদ্ধ দলটির সদস্য পদে তিনি আছেন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি নিজেকে ছাত্রলীগের পিরোজপুর জেলা শাখার সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবেও উল্লেখ করেছেন।
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের আত্মপ্রকাশ ২০২৬ সালের এপ্রিলের শেষে, বিএনপি সরকার গঠনের দুই মাসের মাথায়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় সংগঠনটি গঠিত হয়, আর ২৮ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। শুরুতে এর নাম ছিল “সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্ট”।
শ্বেতপত্রের শেষ দিকে গবেষণাপদ্ধতির বিবরণে দাবি করা হয়েছে, এটি ‘আন্তর্জাতিক তথ্যানুসন্ধান ও মানবাধিকার সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার মানদণ্ড’ অনুসরণ করে তৈরি। শেখ জামাল ডিসমিসল্যাবকে জানান, সংগঠনের চার-পাঁচজন সদস্য প্রায় দুই মাস ধরে প্রতিবেদনটি তৈরির কাজ করেছেন। তাদের কেউ কোনো সংস্থার কাছ থেকে অর্থায়ন পাননি। নিজেদের অর্থেই তারা কাজটি করেছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি ব্যাখ্যা করে জামাল বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের যে সাংবাদিক আছে ঢাকার বাইরে, তাদের কাছ থেকে আমরা চার-পাঁচজনকে রাখছিলাম, যে এই তথ্যগুলো সংগ্রহ করো সব জায়গা থেকে।”
সংবাদমাধ্যম থেকে তথ্য নেওয়ার ক্ষেত্রে কোনো বাছাইয়ের মানদণ্ড ছিল কি না, জানতে চেয়েছিল ডিসমিসল্যাব। শেখ জামাল বলেন, “না, আসলে আমরা ওইভাবে ইয়াটা করি নাই, কোন নিউজ নেব না নেব।”
এরপর তিনি বলেন, “আমার যে প্রতিষ্ঠানটা, এটা তো আর গবেষণা প্রতিষ্ঠান না। এটা সাংবাদিকদের একটা সংগঠন।”
পুরো শ্বেতপত্রে থাকা ২৬৮টি লিংকের মধ্যে স্বতন্ত্র লিংক পাওয়া গেছে ১৫৪টি। এর মধ্যে একটি সংক্ষিপ্ত লিংকই ব্যবহার করা হয়েছে ৩৬ বার। কয়েকটি ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠনের নির্দিষ্ট প্রতিবেদন বা বিবৃতির পরিবর্তে শুধু তাদের ওয়েবসাইটের মূল ঠিকানা দেওয়া হয়েছে। কোনো ঘটনায় সংবাদমাধ্যমের তথ্য, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্য ও সরকারি নথির মধ্যে অমিল থাকলে তা কীভাবে যাচাই বা সমাধান করা হয়েছে, সে সম্পর্কেও কোনো ব্যাখ্যা নেই। এখানেই আন্তর্জাতিকভাবে প্রচলিত গবেষণাপদ্ধতির সঙ্গে শ্বেতপত্রটির বড় পার্থক্য রয়েছে।
যেমন, সাংবাদিকদের ওপর হামলা, হত্যা ও কারাবাসের তথ্য নথিভুক্ত করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) তাদের গবেষণা পদ্ধতিতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর পৃথক সংজ্ঞা দিয়েছে। প্রতিটি ঘটনা অন্তত দুটি নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে যাচাই করে তারা। কোনো সাংবাদিকের মৃত্যুর সঙ্গে তার পেশাগত কাজের সম্পর্ক নিশ্চিত না হলে সেই ঘটনাকে আলাদা শ্রেণিতে রাখা হয়।
অথচ শ্বেতপত্রে কাকে সাংবাদিক হিসেবে গণনা করা হয়েছে, কোন ঘটনাকে পেশাগত কারণে সাংবাদিক নিপীড়ন হিসেবে বিবেচনা করা হয়েছে, কিংবা কোন ধরনের মৃত্যুকে হত্যাকাণ্ডের তালিকায় রাখা হয়েছে, তার সুস্পষ্ট সংজ্ঞা নেই।
শ্বেতপত্রে দেওয়া পরিসংখ্যানগুলো কীভাবে স্বাধীনভাবে যাচাই করা হয়েছে, তা দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে বোঝা যায় না। গুরুতর অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষের বক্তব্যও এতে নেই।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদক বা তার কোনো সহকর্মী পুরো শ্বেতপত্রটি পড়েছেন কি না এবং তাদের কাছে এর কপি থাকলে তা পাওয়া যাবে কি না, জানতে ইমেইল করে ডিসমিসল্যাব। জবাবে শ্বেতপত্রটি পড়ার বিষয়ে সরাসরি কিছু না জানিয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়, “গোপনীয়তা বজায় রাখার এক প্রকার অলিখিত বোঝাপড়ার ভিত্তিতে শেয়ার করা হয়েছিল, তাই আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি সরাসরি সেই সংস্থা এবং এর সদস্যসচিব শেখ জামালের সঙ্গে যোগাযোগ করুন।”
শেখ জামাল দাবি করেন, শ্বেতপত্রটি বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে পাঠানো হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তার কাছে তথ্যসূত্র চেয়েছে এবং আল-জাজিরাকেও তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তবে ২৬ নভেম্বর পর্যন্ত অনুসন্ধান করে এই নির্দিষ্ট শ্বেতপত্রের বরাতে এপি বা আল-জাজিরার প্রকাশিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
শ্বেতপত্রের তথ্য যাচাইয়ের দায় সম্পর্কে শেখ জামালের বক্তব্য, তাদের কাজ ছিল সংগৃহীত তথ্য তুলে ধরা। সংবাদমাধ্যম বা মানবাধিকার সংস্থা চাইলে তা নিয়ে আলাদা অনুসন্ধান করতে পারে।
“মানবাধিকার সংস্থাকে যখন আমরা দিব, তারা এটা ইনকোয়ারি করবে না? যে কোনটা কতটুকু সত্য, কতটুকু ইয়াটা আছে, তাই না?” বলেন তিনি।
শ্বেতপত্রের অসংগতি, কিন্তু সাংবাদিক নিপীড়নের অভিযোগও বাস্তব
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের শ্বেতপত্রে তথ্যগত ও গবেষণাপদ্ধতিগত অসংগতি থাকার অর্থ এই নয় যে বাংলাদেশে সাংবাদিক নিপীড়নের অভিযোগ ভিত্তিহীন। বরং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের পর্যবেক্ষণেও সাংবাদিকদের ওপর হামলা, মামলা, আটক ও হয়রানির ঘটনা উঠে এসেছে।
২০২৬ সালের ২৭ এপ্রিল সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তের মুক্তি চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রীর কাছে চিঠি দেয়। সংগঠনটি জানায়, হত্যা মামলায় গ্রেপ্তারের পর ১৮ মাসের বেশি সময় ধরে তাদের কারাগারে রাখা হলেও অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং অভিযোগপত্রও দাখিল করা হয়নি।
লেখক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবিরের আটককে স্বেচ্ছাচারী বলে মত দিয়েছে জাতিসংঘের স্বেচ্ছাচারী আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপ। তার অবিলম্বে মুক্তির সুপারিশও করেছে তারা।
সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড ঢালাওভাবে বাতিল, হয়রানিমূলক মামলা, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা এবং চাকরিচ্যুতির ঘটনাও দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে।
টিআইবির গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত ৪৭৬টি ঘটনায় ১ হাজার ৭৩ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী বিভিন্ন ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। এসব ঘটনার মধ্যে রয়েছে হামলা, হত্যা, হুমকি, হয়রানি, মামলা, আটক ও চাকরিচ্যুতি।
বাংলাদেশ মিডিয়া মনিটরের পর্যবেক্ষণ প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদে ১১৯টি ঘটনায় ২৪৩ জনের বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য রয়েছে।
বিএনপি সরকার গঠনের পরও সাংবাদিক নির্যাতন থামেনি। সরকারের প্রথম ১০০ দিন নিয়ে টিআইবির পর্যবেক্ষণে ১৩০টি ঘটনায় ১৮৮ জন সাংবাদিকের হয়রানি বা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে।
এসব পর্যবেক্ষণের সময়সীমা, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং নিপীড়ন বা ক্ষতিগ্রস্ত হিসেবে গণনার মানদণ্ড এক নয়। তাই সংখ্যাগুলোর সরাসরি তুলনা করা যায় না। তবে গবেষণাগুলো দেখায়, রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাংবাদিকদের ওপর হামলা, মামলা, আটক ও হয়রানির মতো ঘটনা অব্যাহত ছিল।
সাংবাদিক নিপীড়নের মতো গুরুতর বিষয়ে ভুক্তভোগীদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি নির্ভুল ও যাচাইযোগ্য তথ্য প্রকাশ করাও জরুরি। একটি উৎস থেকে পাওয়া পরিসংখ্যান একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলেই তা স্বাধীনভাবে যাচাই করা তথ্য হয়ে যায় না।
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের শ্বেতপত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির সমর্থনে শ্বেতপত্রের নিজস্ব তালিকাতেই পর্যাপ্ত তথ্য নেই।
ডিসমিসল্যাবের গবেষণাপদ্ধতি
এই পর্যালোচনায় ডিসমিসল্যাব নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের বাংলা শ্বেতপত্রটি বিশ্লেষণ করেছে। শ্বেতপত্রের বিভিন্ন সারণি ও তালিকার অন্তর্ভুক্তি, একই বা কাছাকাছি নামের পুনরাবৃত্তি, ঘটনার তারিখ, অসম্পূর্ণ তথ্য এবং সূত্রের লিংক পরীক্ষা ও গণনা করা হয়েছে। সারসংক্ষেপে দেওয়া সংখ্যার সঙ্গে বিস্তারিত তালিকার তথ্য মিলিয়ে দেখা হয়েছে।
ঘটনার সময় এবং সরকার পরিবর্তনের আগে-পরে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে শ্বেতপত্রের ঘোষিত সময়সীমার পাশাপাশি অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকারের শপথ গ্রহণের তারিখ যথাক্রমে ৮ আগস্ট ২০২৪ ও ১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিবেচনায় নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ দাবিগুলো যাচাই করা হয়েছে দেশি-বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন, জাতিসংঘের নথি এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), বাংলাদেশ মিডিয়া মনিটর ও সম্পাদক পরিষদের প্রকাশিত তথ্যের সঙ্গে। শ্বেতপত্রের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পদ্ধতি এবং পর্যালোচনায় পাওয়া অসংগতিগুলো নিয়ে সংগঠনটির সদস্যসচিব শেখ জামালের সঙ্গে দুই দফায় কথা বলা হয়েছে।
শ্বেতপত্রের বরাতে প্রকাশিত সংবাদ শনাক্ত করতে বাংলা ও ইংরেজি দুই ভাষায় অনুসন্ধান চালানো হয়েছে। এই অনুসন্ধানের সময়সীমা ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
শ্বেতপত্রে উল্লিখিত প্রত্যেক ব্যক্তির তথ্য এবং সংশ্লিষ্ট সব মামলার মূল নথি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

