মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Media Watch Misinformation in the media about Yamal’s handshake with Trump

ট্রাম্পের সঙ্গে ইয়ামালের করমর্দন নিয়ে মিডিয়ায় ভুয়া তথ্য

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

২০২৬ ফুটবল বিশ্বকাপের পুরস্কার বিতরণীতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেননি স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল- এমন একটি দাবি একাধিক সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবির পক্ষে প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ফাইনাল শেষে পুরস্কার বিতরণীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইয়ামালকে মেডেল পরিয়ে দিচ্ছিলেন, তখন তাদের করমর্দন করতে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স টোয়েন্টি নাইন ফিলাডেলফিয়া’র ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে ট্রাম্প ও ইয়ামালের করমর্দনের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। একটি নির্দিষ্ট কোণ থেকে ধারণ করা তুলনামূলক অস্পষ্ট ভিডিওর ভিত্তিতে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।

দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে হাত না মেলানোর দাবি করা হয়েছে। ভিডিওর গ্রাফিক্সে লেখা, “ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না লামিনে ইয়ামাল!” নিচের অংশে লেখা, “ভাইরাল ভিডিও।” এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ভিডিও ৬০ লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিক্রিয়া দেখা গেছে ১ লাখ ৩৫ হাজারের বেশি। ব্যবহারকারীরা এই পোস্ট শেয়ার করেছেন ৯ হাজারের বেশি বার।

ট্রাম্পের সঙ্গে করমর্দন করেননি লামিন ইয়ামাল, এমন দাবিতে নাগরিক প্রতিদিন ও দৈনিক ইনকিলাবের ফেসবুক পেজে প্রকাশিত পোস্টের স্ক্রিনশট।

ইনকিলাবের প্রকাশিত এই ভিডিও ডাউনলোড করে একাধিক ফেসবুক প্রোফাইল থেকেও পোস্ট করতে দেখা যায় (,,)। 

এছাড়া ‘নাগরিক প্রতিদিন’, ‘বিবিএম নিউজ’, ‘টাইম টেলিভিশন’, ‘বাংলা লিড’, ‘গ্রিন টিভি’ ও ‘পিপলস নিউজ’সহ নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া একাধিক ফেসবুক পেজে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। 

ছড়ানো ভিডিওতে দেখা যায়, দৃশ্যটি একটু ওপরের দিক থেকে ও পেছন থেকে ধারণ করা হয়েছে। ফলে ইয়ামাল যখন ডোনাল্ড ট্রাম্পের সামনে যান, তখন ক্যামেরার অবস্থানের কারণে ইয়ামালের পিঠ ও শরীর দুজনের হাতের অংশটুকু সম্পূর্ণ আড়াল করে দিচ্ছে। হাত আড়ালে থাকায় এই নির্দিষ্ট ভিডিওতে করমর্দনের দৃশ্য স্পষ্ট দেখা যায় না।

তবে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স টোয়েন্টি নাইন ফিলাডেলফিয়া ফক্স ফাইভ নিউইয়র্ক-এর ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একই অনুষ্ঠানের ভিন্ন কোণ থেকে ধারণ করা একটি ভিডিওতে ঘটনাটির স্পষ্ট দৃশ্য পাওয়া যায়।

ফক্স টোয়েন্টি নাইন ফিলাডেলফিয়ার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট, যেখানে চিহ্নিত অংশে (ডানে বড় করে দেখানো) দেখা যাচ্ছে ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন লামিন ইয়ামাল।

ভিডিওতে দেখা যায়, ফিফা সভাপতির কাছ থেকে পদক নেওয়ার পর ইয়ামাল ডোনাল্ড ট্রাম্পের দিকে এগিয়ে যান এবং উভয়ে হাত মেলান। করমর্দনের সময় ট্রাম্পকে তার হাত দিয়ে ইয়ামালের বাহু চাপড়ে দিতেও দেখা যায়। এরপর ইয়ামাল মঞ্চে থাকা অন্যান্য অতিথিদের দিকে এগিয়ে যান।

আরও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে ঘটনাটির ভিডিও পাওয়া যায়। স্পেনের মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘দিয়ারিও এএস’ (Diario AS) এবং পর্তুগালভিত্তিক প্রিমিয়াম স্পোর্টস টেলিভিশন নেটওয়ার্ক ‘স্পোর্টস টিভি’ (Sports TV)-এর প্রকাশিত ভিডিওতেও করমর্দনের দৃশ্য দেখা যায়।

মূলত, একটি নির্দিষ্ট কোণ থেকে ধারণ করা ভিডিওর কারণে সৃষ্ট দৃষ্টিবিভ্রমের কারণে সামাজিকমাধ্যম ও সংবাদমাধ্যমে লামিন ইয়ামাল এবং ডোনাল্ড ট্রাম্পের করমর্দন না করার ভুয়া দাবিটি ছড়িয়ে পড়েছে।

আরো কিছু লেখা