মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
ক্লিক ছাড়াই বিজ্ঞাপনের মাধ্যমে স্পাইওয়্যার হামলা, কী এই ‘অ্যাডফেকশন’

ক্লিক ছাড়াই বিজ্ঞাপনের মাধ্যমে স্পাইওয়্যার হামলা, কী এই ‘অ্যাডফেকশন’

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

২০২৪ ও ২০২৫ সালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অন্তত ৪৫টি ডিভাইসকে লক্ষ্য করে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে স্পাইওয়্যার হামলা চালানো হয়। এ ধরনের আক্রমণে ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করতে বা কোনো ফাইল খুলতে হয় না। বিজ্ঞাপন ডিভাইসে লোড হলেই আক্রমণের প্রক্রিয়া শুরু হতে পারে, এমনকি বিজ্ঞাপনটি ব্যবহারকারীর পর্দায় দৃশ্যমান না হলেও।

গত ১৫ অক্টোবর কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাব এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। গবেষকেরা জানিয়েছেন, আল-জাজিরার ডিভাইসগুলোকে লক্ষ্য করে চালানো আক্রমণে ইসরায়েলভিত্তিক স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যান্ডিরু (পরে নিজেদের নাম পরিবর্তন করে ‘ইনটেগ্রিটি ল্যাবস’ রাখে) জড়িত। তাদের ভাষ্য, লক্ষ্যভিত্তিক অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে পরিচালিত জিরো-ক্লিক মার্সেনারি স্পাইওয়্যার আক্রমণের এটিই প্রথম প্রকাশ্য প্রযুক্তিগত প্রমাণ। এই কৌশলের নাম তারা দিয়েছেন ‘অ্যাডফেকশন’। নামটি তৈরি হয়েছে বিজ্ঞাপন (অ্যাড) ও সংক্রমণ (ইনফেকশন) শব্দ দুটি মিলিয়ে।

মার্সেনারি বা ভাড়াটে স্পাইওয়্যার ও অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থার সংযোগ নিয়ে এর আগে কিছু প্রতিবেদন প্রকাশিত হলেও, এই ধরনের স্পাইওয়্যার নির্মাতারা কীভাবে বিজ্ঞাপনব্যবস্থাকে কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে, তা এত দিন অনেকটাই অজানা ছিল। সিটিজেন ল্যাবের এই গবেষণায় লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের মাধ্যমে জিরো-ক্লিক স্পাইওয়্যার ডিভাইসে পৌঁছে দেওয়ার কারিগরি প্রমাণ তুলে ধরা হয়েছে। গবেষকদের ভাষ্য, এ পদ্ধতিতে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে তৈরি বিজ্ঞাপনটি ডিভাইসে লোড হওয়াই স্পাইওয়্যার সংক্রমণের জন্য যথেষ্ট হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, স্পাইওয়্যার বহনকারী বিজ্ঞাপনগুলো কিনেছিল ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠান ডিসকভার-টেক। প্রতিষ্ঠানটি নিজেদের বৈধ বিজ্ঞাপন সংস্থা হিসেবে পরিচয় দিলেও, বাস্তবে এটি অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থা ও মার্সেনারি স্পাইওয়্যার প্রতিষ্ঠানের মধ্যে সংযোগকারী হিসেবে কাজ করেছে।

যেভাবে কাজ করে

আল-জাজিরার নিজস্ব প্রযুক্তি দল ২০২৪ সালে কয়েকজন সাংবাদিকের ব্যবহৃত ডিভাইসে অস্বাভাবিক কিছু যোগাযোগের ধরন শনাক্ত করে। ২০২৫ সালে আল-জাজিরা ওই সময়ের নেটওয়ার্ক লগ সিটিজেন ল্যাবকে দেয়। এসব লগ বিশ্লেষণ করে গবেষকেরা আক্রমণটি কীভাবে পরিচালিত হয়েছিল, তার ধারাবাহিক চিত্র পান।

সংক্রমিত ডিভাইসগুলোর নেটওয়ার্ক লগে দেখা যায়, প্রথমে সেগুলো ডিসকভার-টেকের অবকাঠামোর অধীন ডোমেইনের সঙ্গে যোগাযোগ করে। এটি ডিভাইসে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়ার ইঙ্গিত দেয়। এরপর ডিভাইসগুলোর সঙ্গে ক্যান্ডিরুর একটি ভ্যালিডেটর সার্ভারের সংযোগ দেখা যায়। এই সার্ভার ডিভাইসটি প্রাথমিকভাবে যাচাই করে। এরপর সেটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ ও স্পাইওয়্যার সংক্রমণের প্রক্রিয়া এগোয়। সবশেষে সংক্রমিত ডিভাইস ক্যান্ডিরুর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারের সঙ্গে যোগাযোগ করে।

কোনো অ্যাপ বা ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর জায়গা তৈরি হলে, সেটি কার কাছে দেখানো হবে তা ঠিক করতে পর্দার আড়ালে একটি স্বয়ংক্রিয় নিলাম হয়। বিজ্ঞাপনদাতারা নির্দিষ্ট ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন দেখানোর সুযোগ পেতে দর দেন। এই ব্যবস্থার নাম রিয়েল-টাইম বিডিং। নিলামটি এক সেকেন্ডেরও কম সময়ে শেষ হয়। এ সময় ব্যবহারকারীর ডিভাইস থেকে বিজ্ঞাপন দেখানোর সুযোগ চেয়ে একটি অনুরোধ পাঠানো হয়। বিজ্ঞাপনদাতারা দর দেন, এরপর বিজ্ঞাপন বিনিময়কারী প্রতিষ্ঠান বিজয়ী বিজ্ঞাপনটি সংশ্লিষ্ট অ্যাপ বা ওয়েবসাইটে পাঠায়। প্রতিদিন এ ধরনের নিলাম শত শত বিলিয়নবার হয়।

ক্যান্ডিরু (Candiru), বিন্ডেসি (Bindecy) ও ইনটেলোসের (Intelos) মতো ভাড়াটে স্পাইওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে গুগল, ইয়ানডেক্স, বিসওয়াক্সসহ বিজ্ঞাপন প্ল্যাটফর্মের যোগসূত্র ডিসকভার-টেক। সূত্র: সিটিজেন ল্যাব

এই নিলামে অংশ নিতে অ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন সরবরাহকারী প্ল্যাটফর্ম ব্যবহারকারী ও তার ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য বিজ্ঞাপন বিনিময়কারীদের কাছে পাঠায়। এর মধ্যে থাকতে পারে ডিভাইসের শনাক্তকারী নম্বর ও বৈশিষ্ট্য, অবস্থান, আইপি অ্যাড্রেস, কোন অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে এবং বিজ্ঞাপন দেখানোর জায়গার বিবরণ। এ ব্যবস্থা মোবাইল বিজ্ঞাপন আইডি, কুকি আইডি বা আইপি অ্যাড্রেসের মতো তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানোর সুযোগ দেয়।

অনলাইন বিজ্ঞাপন শুধু ছবি বা ভিডিও নয়। এর সঙ্গে বিজ্ঞাপনদাতা, ডিএসপি বা অন্য তৃতীয় পক্ষের দেওয়া কোডও থাকতে পারে। বিজ্ঞাপন প্রদর্শনের সময় এসব কোড অ্যাপ বা ব্রাউজারের ভেতরে চলে। ব্যবহারকারী, বিজ্ঞাপনের প্রদর্শন কিংবা ক্লিকের তথ্য সংগ্রহের কাজেও এগুলো ব্যবহার করা হয়। এ ধরনের কোডকে সাধারণভাবে ‘ট্যাগ’, ‘পিক্সেল’ বা ‘এসডিকে’ বলা হয়।

বিজ্ঞাপন নিলাম থেকে পাওয়া ব্যবহারকারীর তথ্য এবং বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত কোড — এই দুইয়ের সমন্বয় কাজে লাগিয়েই নির্দিষ্ট ব্যক্তির ডিভাইসে ক্ষতিকর কোড পাঠানো সম্ভব। বিজ্ঞাপনদাতা বা ডিএসপি বিজ্ঞাপন দেখানোর সময় এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট কোড চালাতে পারে। সেই কোড থেকে আরও জাভাস্ক্রিপ্ট লোড হতে পারে। পরবর্তী ধাপে ব্রাউজারের কোনো দুর্বলতা কাজে লাগানোর কোড পাঠিয়ে ডিভাইসে স্পাইওয়্যার ইনস্টল করা সম্ভব।

গবেষকদের উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ডিসকভার-টেক ‘কন্ট্রোলিয়াম’ নামের একটি প্ল্যাটফর্ম চালাত। এটি এক ধরনের নিয়ন্ত্রণ প্যানেল, যার মাধ্যমে গ্রাহকেরা ‘নিয়ন্ত্রিত বিজ্ঞাপন’ ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করতে পারতেন। এ জন্য ব্যবহারকারীর মোবাইল বিজ্ঞাপন আইডি, ব্রাউজারের কুকি আইডি অথবা আইপি অ্যাড্রেস ব্যবহার করা যেত। প্ল্যাটফর্মটি দিয়ে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় শনাক্ত করা এবং তার ডিভাইসের স্বতন্ত্র বৈশিষ্ট্য চিহ্নিত করে প্রোফাইল তৈরি করাও সম্ভব ছিল।

ডিসকভার-টেক বিজ্ঞাপনের নিলামে জিতলে ব্যবহারকারীর খোলা অ্যাপ বা ওয়েবসাইটে বিজ্ঞাপনটি পৌঁছে যায়। ব্যবহারকারী সেটি পর্দায় দেখতে পারেন, আবার কোনো কোনো ক্ষেত্রে বিজ্ঞাপনটি পর্দার আড়ালেও লোড হয়। ডিসকভার-টেকের অনেক বিজ্ঞাপনের সঙ্গে একটি স্ক্রিপ্ট ট্যাগ যুক্ত থাকে। বিজ্ঞাপনটি লোড হলে ওই ট্যাগের মাধ্যমে ডিসকভার-টেকের একটি সার্ভারের সঙ্গে যোগাযোগ হয়। এ সময় ব্যবহারকারীর মোবাইল বিজ্ঞাপন আইডি বা ব্রাউজারের কুকি আইডি এবং আইপি অ্যাড্রেসের মতো তথ্য সার্ভারটিতে পাঠানো হয়।

গবেষকদের ধারণা, আইপি অ্যাড্রেস ও বিজ্ঞাপন শনাক্তকারী তথ্য মিলিয়ে এনওএএস সার্ভার ঠিক করে, ব্যবহারকারীকে লক্ষ্য করা হবে কি না। কোনো ব্যবহারকারীকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হলে এনওএএস সার্ভার থেকে তার ডিভাইসে জাভাস্ক্রিপ্ট কোড পাঠানো হয়। বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত এই কোড স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে। এর মাধ্যমে পরবর্তী সময়ে আরও কোড, এমনকি ব্রাউজারের দুর্বলতা কাজে লাগানোর কোডও লোড হতে পারে। এভাবে ব্যবহারকারীর কোনো ক্লিক ছাড়াই ডিভাইসে স্পাইওয়্যার সংক্রমণের সুযোগ তৈরি হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে আন্তর্জাতিক ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ বাহা নাসরের সঙ্গে কথা বলেছে ডিসমিসল্যাব। তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি পর্দায় আসে। এর সঙ্গে থাকা জাভাস্ক্রিপ্ট দেখে নেয়, এটা সেই মানুষটির ডিভাইস কি না, যাকে তারা হ্যাক করতে চায়। হলে ডিভাইসে স্পাইওয়্যার বসায়।’

সিটিজেন ল্যাবের ভাষায়, ‘লক্ষ্যভিত্তিক একটি বিজ্ঞাপন প্রদর্শিত হওয়াই সংক্রমণের জন্য যথেষ্ট।’ অর্থাৎ, ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করতে বা ফাইল খুলতে না হলেও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন ডিভাইসে লোড হওয়ার মাধ্যমে স্পাইওয়্যার সংক্রমণের প্রক্রিয়া শুরু হতে পারে।

অ্যাপ ও ব্রাউজারে যেভাবে বিজ্ঞাপন পৌঁছায়

এই আক্রমণে ব্যবহারকারীকে কোনো লিংকে ক্লিক করতে বা বার্তা খুলতে হয় না। মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটে বিজ্ঞাপন লোড হওয়ার সময়ই আক্রমণের প্রক্রিয়া শুরু হতে পারে। সিটিজেন ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৬ সালের মার্চ থেকে জুনের মধ্যে আক্রমণকারীদের স্ক্রিপ্ট ট্যাগযুক্ত বিজ্ঞাপন ৭৫ হাজার ৩৭৩টি অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের ব্যবহারকারীদের দেখানো হয়েছে। একই ধরনের বিজ্ঞাপন মোবাইল ও ডেস্কটপ ব্রাউজারে ১ লাখ ২০ হাজার ৭৬৮টি ওয়েবসাইটে প্রদর্শিত হয়েছে।

সংক্রমণের ঝুঁকি তৈরি করতে পারে, এমন ডিসকভার-টেকের বিজ্ঞাপন। গবেষকেরা এগুলো দেখেছেন সিবিসি ও ইয়াহুর ওয়েবসাইট ঘুরে এবং অ্যান্ড্রয়েডে একটি সুডোকু অ্যাপ ব্যবহার করার সময়।সূত্র: সিটিজেন ল্যাব

অ্যান্ড্রয়েডে এমএক্স প্লেয়ার ও লার্ক প্লেয়ারে ১০ লাখের বেশি বিজ্ঞাপন দেখানো হয়েছে। ভাইবারে দেখানো হয়েছে ৭ লাখের বেশি। স্ন্যাপ ভিপিএন, ট্রুকলার ও ভিভাকাটে দেখানো হয়েছে প্রায় পাঁচ লাখ করে বিজ্ঞাপন। ইয়াহু মেইল, অপেরা মিনি, ওয়েটার অনলাইন, ডুওলিঙ্গো, উইমুসলিম, পিরিয়ড ক্যালেন্ডার, বাবল শুটার ও লুডো স্টারের মতো অ্যাপেও এসব বিজ্ঞাপন দেখা গেছে। আইওএসে বিজ্ঞাপনের সংখ্যা অ্যান্ড্রয়েডের তুলনায় কম ছিল। যেমন, আইওএসে ভাইবারে প্রায় দুই লাখ বিজ্ঞাপন দেখানো হয়েছে, যেখানে অ্যান্ড্রয়েডে সংখ্যাটি ছিল সাত লাখের বেশি।

ওয়েবসাইটের ক্ষেত্রেও এসব বিজ্ঞাপন দেখা গেছে। বিশ্লেষিত নিলাম-দরগুলোর ২৩ দশমিক ৩ শতাংশ ছিল ওয়েব ব্রাউজারে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য। আর্মেনিয়া ও সার্বিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ১০ লাখের বেশি এমন বিজ্ঞাপন দেখানো হয়েছে। বিবিসি, সিবিসি, হারেৎজ ও নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইটেও এসব বিজ্ঞাপন দেখা গেছে।

তবে এসব অ্যাপ বা ওয়েবসাইটের মালিকেরা আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন, এমন কোনো প্রমাণ গবেষণায় পাওয়া যায়নি। কোনো অ্যাপ বা ওয়েবসাইটে এ ধরনের বিজ্ঞাপন দেখানো হয়েছে মানেই সেগুলোর ব্যবহারকারীরা স্পাইওয়্যারে আক্রান্ত হয়েছেন, তা-ও নয়। গবেষকদের মূল্যায়ন, অন্তত এসব বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে ডিসকভার-টেক বহু ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও তাদের প্রোফাইল তৈরির সুযোগ পেয়েছে।

সংবেদনশীল নেটওয়ার্কেও বিজ্ঞাপনের উপস্থিতি

সিটিজেন ল্যাবের বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট নেটওয়ার্কেও ডিসকভার-টেকের বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে। এসব নেটওয়ার্কের মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের নেটওয়ার্কেও এসব বিজ্ঞাপন দেখানো হয়েছে। জাতিসংঘ, ন্যাটো, ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের জেনারেল সেক্রেটারিয়েটের নেটওয়ার্কেও বিজ্ঞাপন প্রদর্শনের তথ্য পেয়েছেন গবেষকেরা।

ক্লিক বা বার্তা—কোনো কিছুই না থাকায় আক্রান্ত ব্যক্তি আক্রমণটি টের নাও পেতে পারেন। আয়ারল্যান্ডের টিইউ ডাবলিনের সাইবার নিরাপত্তা বিভাগের শিক্ষক স্টিফেন ও’শনেসি আল-জাজিরাকে বলেন, ‘ভুক্তভোগীর টের পাওয়ার মতো প্রায় কিছুই থাকে না।’

তবে আক্রমণের একটি কারিগরি সীমাবদ্ধতাও রয়েছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষক এডি উইলেমসের মতে, ব্রাউজারের ভেতরে কোনো কোড চালানো গেলেই আক্রমণকারী পুরো ডিভাইসের নিয়ন্ত্রণ পেয়ে যায় না। ব্রাউজারের বিচ্ছিন্ন সুরক্ষিত পরিবেশ বা ‘স্যান্ডবক্স’ থেকে বের হতে আক্রমণকারীকে আরও একটি নিরাপত্তাগত দুর্বলতা কাজে লাগাতে হতে পারে। উন্নত স্পাইওয়্যার আক্রমণে একাধিক দুর্বলতা একসঙ্গে ব্যবহার করা সম্ভব।

ডিভাইসে স্পাইওয়্যার সংক্রমিত হলে এর মাধ্যমে ফাইল, নথি এবং ব্রাউজারের কুকি, বুকমার্ক ও সংরক্ষিত পাসওয়ার্ডের মতো তথ্য সংগ্রহ করা হতে পারে। এ ছাড়া ব্যবহারকারীর টাইপ করা তথ্য রেকর্ড, স্ক্রিনশট নেওয়া, মাইক্রোফোন ও ক্যামেরার মাধ্যমে শব্দ ও ভিডিও ধারণ এবং বিভিন্ন যোগাযোগমাধ্যমের ই-মেইল ও বার্তা সংগ্রহ করাও সম্ভব। নিরাপত্তাব্যবস্থার নজর এড়াতে স্পাইওয়্যার অনেক সময় এনক্রিপ্ট করা সংযোগ ব্যবহার করে এবং চুরি করা তথ্য একবারে না পাঠিয়ে ছোট ছোট অংশে ভাগ করে পাঠায়।

শুধু সাংবাদিক বা কর্মকর্তারাই কি ঝুঁকিতে

সাংবাদিক বা কর্মকর্তা ছাড়া সাধারণ মানুষেরও কি এ নিয়ে চিন্তার কারণ আছে? এ প্রশ্নের উত্তরে বাহা নাসের বলেন, ‘সবারই এ নিয়ে ভাবা উচিত, কারণ এটা তাদের গোপনীয়তার প্রশ্ন। সবাইকে সচেতন হতে হবে।’

তবে সরাসরি স্পাইওয়্যার আক্রমণ ব্যয়বহুল এবং সাধারণত নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়। তাই অধিকাংশ মানুষের ক্ষেত্রে এ ধরনের আক্রমণের ঝুঁকি তুলনামূলক কম। অন্যদিকে, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করেন—এমন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে থাকতে পারেন।

তবে স্পাইওয়্যার সংক্রমণের আগেও বিপুলসংখ্যক মানুষের তথ্য সংগ্রহ ও প্রোফাইলিংয়ের ঝুঁকি রয়েছে। সিটিজেন ল্যাবের গবেষকদের মূল্যায়ন, স্পাইওয়্যার দিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করার প্রস্তুতি হিসেবে লাখ লাখ ডিভাইসের তথ্য সংগ্রহ ও সেগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য শনাক্ত করা হয়ে থাকতে পারে। অর্থাৎ, কোনো ডিভাইসে স্পাইওয়্যার না ঢুকলেও বিজ্ঞাপন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় ও অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়।

বিজ্ঞাপন শিল্প ধরতে পারেনি

ডিসকভার-টেক ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত গুগল ও বিজ্ঞাপনশিল্পের সংগঠন আইএবি ইউরোপের ‘অনুমোদিত’ ও ‘সার্টিফায়েড’ বিজ্ঞাপন বিক্রেতার তালিকায় ছিল। সিটিজেন ল্যাবের মতে, প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনব্যবস্থার এই দুর্বলতা কাজে লাগিয়েছে। গবেষণায় এ ঘটনাকে ডিজিটাল বিজ্ঞাপনশিল্পে যাচাই-বাছাইয়ের গুরুতর ঘাটতির উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, বিজ্ঞাপন বিক্রেতাদের এসব তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাদের নিজেদের দেওয়া তথ্যের ওপর অতিরিক্ত নির্ভর করা হয়েছে; কার্যকর যাচাই ও জবাবদিহির ঘাটতি ছিল।

গবেষণার ফল প্রকাশের আগে গুগল ও আইএবি ইউরোপ ডিসকভার-টেককে তাদের বিজ্ঞাপন বিক্রেতার তালিকা থেকে সরিয়ে দেয়। গুগল প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন বিনিময়ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ করে। বিজওয়াক্স তাদের বিজ্ঞাপন কেনার প্ল্যাটফর্ম থেকে ডিসকভার-টেককে সরিয়ে দেয়। ভাঙ্গল (লিফটঅফ) প্রতিষ্ঠানটির প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করে নিজস্ব পর্যালোচনা শুরু করে। এসকিমি ডিসকভার-টেকের সব অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট ডোমেইন ব্লক করে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ক্যান্ডিরুকে ‘এনটিটি লিস্ট’-এ অন্তর্ভুক্ত করেছিল। দপ্তরের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এমন স্পাইওয়্যার তৈরি করেছিল, যা সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট, শিক্ষাবিদ ও দূতাবাসের কর্মীদের লক্ষ্যবস্তু করতে ব্যবহৃত হয়েছে। 

বাংলাদেশের প্রেক্ষাপট

সিটিজেন ল্যাবের গবেষণায় ২৪টি দেশের সরকার পরিচালিত বা নিয়ন্ত্রিত নেটওয়ার্কে ডিসকভার-টেকের বিজ্ঞাপন প্রদর্শনের তথ্য পাওয়া গেছে। এই তালিকায় বাংলাদেশের নাম নেই। তবে প্রতিবেশী ভুটান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড রয়েছে। তালিকাটি তৈরি করা হয়েছে সীমিত সময়ের তথ্যের ভিত্তিতে। তাই তালিকায় বাংলাদেশের নাম না থাকাকে এ ধরনের বিজ্ঞাপন বা আক্রমণের ঝুঁকি না থাকার প্রমাণ হিসেবে দেখা যাবে না। একইভাবে, কোনো সরকারি নেটওয়ার্কে বিজ্ঞাপন প্রদর্শিত হওয়া মানেই সেখানে স্পাইওয়্যার সংক্রমণ ঘটেছে, এমনও নয়।

লিথুয়ানিয়াভিত্তিক ডিজিটাল বিজ্ঞাপন প্রতিষ্ঠান এসকিমির ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশেও তাদের কার্যালয় রয়েছে। সিটিজেন ল্যাবকে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২২ সাল থেকে ডিসকভার-টেক তাদের বিজ্ঞাপন কেনার প্ল্যাটফর্মে নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞাপন চালাত। এসকিমির দাবি, তাদের প্রচারাভিযান ও বিজ্ঞাপনের ট্যাগগুলো আটকে দেওয়ার কারণে ডিসকভার-টেকের বিজ্ঞাপন প্রচারে ব্যয় হয়েছিল মাত্র কয়েক শ ডলার। প্রতিষ্ঠানটির শেষ বিজ্ঞাপন প্রচারাভিযানটি বন্ধ করা হয় ২০২৬ সালের ৬ আগস্ট। পরে ডিসকভার-টেকের সব অ্যাকাউন্ট, ব্যবহারকারী ও সংশ্লিষ্ট ডোমেইন স্থায়ীভাবে ব্লক করা হয়।

তবে এসকিমির বাংলাদেশে কার্যালয় থাকা বা প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মে ডিসকভার-টেকের বিজ্ঞাপন চালানোর তথ্য থেকে বাংলাদেশে কোনো আক্রমণ হয়েছে কিংবা এসকিমির স্থানীয় কার্যালয় এতে জড়িত ছিল — এমন সিদ্ধান্তে পৌঁছানোর প্রমাণ নেই। সিটিজেন ল্যাবের গবেষণাতেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

বাহা নাসর সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তি এবং সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করা গবেষকেরা এ ধরনের লক্ষ্যভিত্তিক নজরদারির উচ্চঝুঁকিতে থাকতে পারেন। তবে বাংলাদেশে এ ধরনের আক্রমণ ঘটেছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অ্যাডফেকশন থেকে বাঁচতে কী করবেন

সিটিজেন ল্যাবের মতে, শুধু সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অপরিচিত ফাইল না খোলাই যথেষ্ট নয়। কারণ অ্যাডফেকশনের মতো আক্রমণে ব্যবহারকারীর কোনো সক্রিয় পদক্ষেপ ছাড়াই বিজ্ঞাপনের মাধ্যমে স্পাইওয়্যার পৌঁছে দেওয়া সম্ভব। প্রতিষ্ঠানটির মতে, লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনের ঝুঁকি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডিভাইস ও নেটওয়ার্ককে পুরোপুরি নিরাপদ রাখার কোনো নির্ভরযোগ্য উপায় এখনো নেই। তবে কিছু পদক্ষেপে ঝুঁকি কমানো সম্ভব।

১. বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লকার ব্যবহার করুন। বাহা নাসর ইউব্লক অরিজিন লাইট নামের ওপেন সোর্স এক্সটেনশন ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ব্রাউজার সমর্থন করলে এটি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি প্রাইভেসি ব্যাজার ব্যবহার করলে অনলাইন ট্র্যাকিং কমাতে সহায়তা পেতে পারেন। তবে এক্সটেনশন ইনস্টল করার আগে সেটির উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি।

২. ফোনের বিজ্ঞাপন আইডি নিয়মিত রিসেট করুন বা মুছে দিন। অ্যান্ড্রয়েডে এটি গোপনীয়তা বা বিজ্ঞাপন সেটিংসে থাকে। আইফোনে অ্যাপ ট্র্যাকিংয়ের অনুমতি বন্ধ রাখা যায়। ফোনের মডেল ও অপারেটিং সিস্টেমের সংস্করণভেদে সেটিংসের নাম বা অবস্থান আলাদা হতে পারে।

৩. ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ ব্যবহার করুন। গুগল ও ফেসবুকের বিজ্ঞাপন সেটিংসে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন সীমিত বা বন্ধ করার সুযোগ রয়েছে। বাহা নাসর নিজের গুগল অ্যাকাউন্টে এ ধরনের বিজ্ঞাপন বন্ধ রেখেছেন। তবে ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন বন্ধ করলেই অন্য বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ বা লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন পুরোপুরি বন্ধ হবে না।

৪. গোপনীয়তা সুরক্ষায় বাড়তি সুবিধা আছে, এমন ব্রাউজার ব্যবহার করুন। ব্রেভের মতো ব্রাউজারে বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক করার সুবিধা রয়েছে। তবে কোনো ব্রাউজারই সব ধরনের বিজ্ঞাপন বা নজরদারি বন্ধ করার নিশ্চয়তা দেয় না।

৫. ফোন, ব্রাউজার ও অ্যাপ নিয়মিত হালনাগাদ রাখুন। সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ব্যবহার করুন। অনলাইনে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকুন এবং প্রয়োজনের অতিরিক্ত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন।

 ৬. প্রতিষ্ঠান বা নিউজরুমের নেটওয়ার্কে বিজ্ঞাপন ব্লক করুন। শুধু ব্যক্তিগত ডিভাইসে নয়, প্রতিষ্ঠানের পুরো নেটওয়ার্কেও বিজ্ঞাপন ও ট্র্যাকিংয়ের সংযোগ ব্লক করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাহা নাসর রাস্পবেরি পাইয়ে পাই-হোল চালানোর পরামর্শ দিয়েছেন। পাই-হোল একটি ডিএনএসভিত্তিক ব্যবস্থা, যা নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসে বিজ্ঞাপন ও ট্র্যাকার-সংশ্লিষ্ট অনেক ডোমেইনে সংযোগ আটকে দিতে পারে। এটি সব বিজ্ঞাপন বন্ধ করতে পারে না। সিটিজেন ল্যাবও প্রতিষ্ঠানের নেটওয়ার্কের প্রবেশপথে এবং কাজের জন্য ব্যবহৃত ডিভাইসে বিজ্ঞাপন ব্লক করার সুপারিশ করেছে।

৭. উচ্চঝুঁকিতে থাকলে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিন। সাংবাদিকসহ যারা লক্ষ্যভিত্তিক নজরদারির ঝুঁকিতে রয়েছেন, তারা আইফোনের লকডাউন মোড বা অ্যান্ড্রয়েডের অ্যাডভান্সড প্রটেকশন চালু রাখতে পারেন। সিটিজেন ল্যাবের মতে, কারও কাজ বা পরিচয়ের কারণে ঝুঁকি বেশি হলে বিশেষজ্ঞের সহায়তা নিয়ে নিজের ডিভাইস ও নেটওয়ার্কের নিরাপত্তা যাচাই করানো উচিত।

বিজ্ঞাপন ব্লকারই কি যথেষ্ট? এ প্রশ্নের উত্তরে বাহা নাসর বলেন, ‘এটা সবচেয়ে সহজ ব্যবস্থা, কারণ বিজ্ঞাপনই আর দেখা যাবে না। তবে হ্যাকাররা সব সময় নতুন কৌশল বের করে।’

আল-জাজিরার ঘটনা দেখিয়েছে, লক্ষ্যভিত্তিক অনলাইন বিজ্ঞাপন ব্যবহার করে কোনো ক্লিক বা ফাইল খোলা ছাড়াই ডিভাইসে স্পাইওয়্যার পৌঁছে দেওয়া সম্ভব। ব্যবহারকারীর পক্ষে আক্রমণটি টের পাওয়াও কঠিন। অধিকাংশ মানুষ হয়তো সরাসরি এ ধরনের আক্রমণের লক্ষ্য নন। তবে অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থায় ব্যবহারকারীর বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের সুযোগ রয়েছে, যা নির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও লক্ষ্যবস্তু করতে কাজে লাগতে পারে।

তাই বিজ্ঞাপন ব্লকার ব্যবহার, বিজ্ঞাপন আইডির নিয়ন্ত্রণ এবং ফোন, ব্রাউজার ও অ্যাপ হালনাগাদ রাখার মতো পদক্ষেপকে ডিজিটাল নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত। তবে এসব ব্যবস্থা ঝুঁকি কমাতে পারে, পুরোপুরি দূর করতে পারে না। এ ধরনের আক্রমণ ঠেকাতে বিজ্ঞাপনশিল্পের প্রতিষ্ঠানগুলোর কার্যকর যাচাই-বাছাই, নিরাপত্তা পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি।

আরো কিছু লেখা