মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: AI-generated scene falsely shared as rare image of Ziaur Rahman saluting Sheikh Mujib and Sheikh Hasina

শেখ মুজিব ও শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার দৃশ্যটি এআই নির্মিত

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপ্রধান শেখ মুজিব ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্যালুট দিচ্ছেন। দুর্লভ ছবি দাবি করে সবাইকে শেয়ার করে রেখে দিতে বলা হচ্ছে টাইমলাইনে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় দৃশ্যটি এআই দিয়ে নির্মিত। 

Fact-check: AI-generated scene falsely shared as rare image of Ziaur Rahman saluting Sheikh Mujib and Sheikh Hasina
ভুয়া দাবিতে প্রচারিত এআই নির্মিত ছবির ফেসবুক রিলের স্ক্রিনশট।

রিয়া আক্তার নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি ভিডিও রিল আকারে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মেজর জিয়ার বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনা কে স্যালুট করার একটা দূর্লভ ছবি সবাই শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন। তারা বলে জিয়ার সৈনিক কিন্ত জিয়া ত বঙ্গবন্ধু সৈনিক ছিল।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিও রিলটি সাত হাজারের বেশি শেয়ার হয়। প্রতিক্রিয়া জানানো হয় ১২ হাজারের বেশি। দেড় শর অধিক মন্তব্য দেখা গেছে। একটি মন্তব্যে লেখা হয়, “বঙ্গবন্ধুর সৈনিক ছিল মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর দুর্লভ ব্যক্তির ছবি আমাদের এলবামে থাকুক।” আরেকজন মন্তব্য করেন, “জিয়াতো বংগবনধু র সরকারের অধীনে একজন বংগবনধু র সৈনিক।”

আরেক ব্যবহারকারী মন্তব্যে লেখেন, “এটা আসলে AI দিয়ে বানানো ছবি।” উত্তরে তাকে আরেকজন লেখেন, “জিয়া সাধারণ সৈনিক ছিল এটা সারা বিশ্ববাসী জানে এটা AI দিয়ে তৈরি হবে কেন?? যা সত্য তাই দিয়েছে। সত্য আপনি মানলেই কি না মানলেই কি জিয়া সাধারণ সৈনিক, সৈনিক।” 

ফেসবুকে রিলের মাধ্যমে প্রচারিত ছবিটির সত্যতা যাচাইয়ে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি ও হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করে ডিসমিসল্যাব। গুগল সিন্থআইডি ফলাফলে জানায়, “ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে যে, এর দৃশ্য এবং অডিও— উভয় অংশই গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা পরিবর্তন করা হয়েছে। এটি কোনো প্রকৃত ঐতিহাসিক ছবি বা ভিডিও নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।” পরবর্তীতে ভিডিওটি হাইভ মডারেশনে পরীক্ষা করলে ফলাফলে দেখা যায়, এটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। এছাড়াও, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এ ধরনের কোনো ঐতিহাসিক বা আসল ছবি খুঁজে পায়নি ডিসমিসল্যাব।

Fact-check: AI-generated scene falsely shared as rare image of Ziaur Rahman saluting Sheikh Mujib and Sheikh Hasina
এআই শনাক্তকারী টুল সিন্থআইডি ও হাইভ মডারেশনের যাচাই ফলাফল বলছে দৃশ্যটির এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।


অর্থাৎ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে জিয়াউর রহমানের স্যালুট দেওয়ার দৃশ্যটি কোনো দুর্লভ ঐতিহাসিক দৃশ্য নয়, বরং এআই নির্মিত একটি দৃশ্য।

আরো কিছু লেখা