মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
factcheck woman house robbery

দেশে অপরাধ বাড়ার দাবিতে ছড়ানো হলো ভারতে ডাকাতির চেষ্টার পুরোনো ভিডিও

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ নিজ বাসাতেও নিরাপদ নয়। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশের নয়। ২০২৪ সালে ভারতের পাঞ্জাবের অমৃতসরে একটি বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ধারণ করা সিসিটিভি ফুটেজের দৃশ্য এটি।

২৩ সেপ্টেম্বর ফেসবুকে এমডি কে ইসলাম সুমন (Md K Islam Sumon) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনি সুরক্ষাহীন ও মনোবল হারানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা এবং অনভিজ্ঞ সরকারের চরম ব্যর্থতায় দেশে ঝড়ের গতিতে অপরাধ বাড়ছে। এখন পরিস্থিতি এমন যে, মানুষ নিজের বাসায়ও নিরাপদ থাকতে পারছে না।” ভিডিওর ভেতরে লেখা, “দরজায় ডা’কাত, মায়ের বুদ্ধিমত্তায় রক্ষা পেলো পুরো পরিবার।”

ভিডিওতে এক নারীকে একটি দরজা ধরে থাকতে দেখা যায়। অন্য প্রান্ত থেকে কেউ দরজায় ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছিল। চিৎকার করতে করতে ওই নারী দরজা আটকে দেন, তারপর একটি সোফা টেনে দরজার সামনে রাখেন।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটি দুই শতাধিকবার শেয়ার হয়েছে। ৬৮ হাজারের বেশি বার দেখা হয়েছে ভিডিওটি।

ভিডিওর উপরের অংশে ‘আজকের প্রত্যাশা’ নামের একটি লোগো দেখা যায়। ‘আজকের প্রত্যাশা’র ফেসবুক পেজে একই ভিডিও পাওয়া যায়। ২২ সেপ্টেম্বর রাত ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত ওই পোস্টে ভিডিওটির সঙ্গে লেখা ছিল, ‘মায়ের বুদ্ধিমত্তায় রক্ষা পেলো পুরো পরিবার।’

ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের অক্টোবরের একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ভারতের সংবাদমাধ্যম “ইন্ডিয়া টুডে”তে ২০২৪ সালের ২ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে এই ঘটনাকে অমৃতসরের ভেরকা এলাকার একটি বাড়িতে ডাকাতির চেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ছাদে কাপড় শুকাতে যাওয়া এক নারী বাড়ির বাইরে তিনজন মুখোশধারী যুবককে দেখতে পান। পরে তাদের একজন দেয়াল টপকে বাড়িতে ঢোকার চেষ্টা করলে ওই নারী দরজা বন্ধ করে দেন এবং দরজায় ধাক্কা দেওয়া অবস্থায় তা আটকে রাখেন। পরে তিনি একটি সোফা দরজার সামনে এনে দেন এবং পরিবারের সদস্যদের সতর্ক করেন।

একই ঘটনায় ২০২৪ সালের ২ অক্টোবর ভারতের সংবাদমাধ্যম “আজ তাক”-এর প্রতিবেদনে বলা হয়, অমৃতসরের ভেরকায় এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দিনের বেলায় তিন ব্যক্তি লুটের চেষ্টা করে। বাড়ির নারী সদস্য মনপ্রীত তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন। পরে তিন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। প্রতিবেদনে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরুর কথাও উল্লেখ করা হয়েছে। একই ঘটনা নিয়ে আরও কিছু সংবাদ প্রতিবেদন (, ) পেয়েছে ডিসমিসল্যাব। একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে ভিডিও প্রতিবেদনও (, ) প্রকাশ করেছে। সব ক্ষেত্রেই ভিডিওটি পাঞ্জাবের একটি বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ধারণ করা বলে জানানো হয়েছে।

ইন্ডিয়া টুডের অনলাইন সংস্করণ ও এনডিটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট

সুতরাং, ভারতের পুরোনো ডাকাতির চেষ্টার ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক অপরাধ পরিস্থিতির প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা