
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হিন্দুদের হামলার দাবিতে একটি ভিডিও প্রচার হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি অন্তত ৩ মাস পুরোনো একটি ঘটনার। পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার দৃশ্যকে সাম্প্রদায়িক আঙ্গিকে প্রচার করা হচ্ছে ফেসবুকে।
‘সালমান ফারসি’ নামের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উন্মাদের মতো ঝাপিয়ে পড়েছে হিন্দুরা। গ্রামের পর গ্রাম তাদের ঘরবাড়ি, দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় এসব জ্বলন্ত দৃশ্যগুলো পোস্ট করে হিন্দুত্ববাদীরা উল্লাস করছে। এদিকে বাংলাদেশী হিন্দুরা এইসব পোস্টে লাভ রিয়েক্ট দিচ্ছে।” ভিডিওতে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ওপর থেকে পানি ছোঁড়ার দৃশ্যও দেখা যায়।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পোস্টটি শেয়ার করা হয়েছে ৯০০ বারেরও বেশি। প্রায় ৩ হাজার ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন, এবং মন্তব্য করা হয়েছে ৩০০ এর বেশি। ভিডিওটি আরও একাধিক পেজ, গ্রুপ ও প্রোফাইল থেকে একই দাবিতে প্রচার হতে দেখা গেছে (১, ২, ৩)।
ভিডিওটি যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ভারতভিত্তিক গণমাধ্যম নিউজ১৮ বাংলা-এর অফিশিয়াল ফেসবুক পেজের ৪ মার্চের একটি পোস্ট। পোস্টের ক্যাপশনে লেখা, “মধ্যমগ্রাম স্টেশনের কাছে মিষ্টির দোকানে সিলিন্ডার ফেটে মৃ*ত ১! ভস্মীভূত একের পর এক দোকান! এলাকায় আতঙ্ক”। মধ্যমগ্রামের সূত্র ধরে একাধিক কিওয়ার্ড সার্চে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। চলতি বছরের ৪ মার্চে পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা, “সিলিন্ডার বিস্ফোরণ। স্থান মধ্যমগ্রাম স্টেশন”।

ভিডিওটি ভিন্ন অবস্থান থেকে ধারণ করা হলেও এর সঙ্গে মুসলিমদের ওপর হামলার দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে কিছু দৃশ্যমান মিল লক্ষ্য করা যায়। ছড়িয়ে পড়া ভিডিওর শুরুতেই “এস পি জুয়েলার্স” নামের একটি দোকানের সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। ইনস্টাগ্রামে পোস্ট হওয়া পুরোনো ভিডিওটিতেও আগুন জ্বলতে থাকা দোকানের পাশেই “এস পি জুয়েলার্স”-এর সাইনবোর্ডটি রয়েছে।
এছাড়া, হামলার দাবিতে ছড়ানো ভিডিওর ৩ সেকেন্ডে ডান পাশে একটি লাল দেয়াল ও একটি বেঞ্চের একাংশ দেখতে পাওয়া যায়, যা ইনস্টাগ্রামের ভিডিওতেও দৃশ্যমান। এটি মূলত একটি মন্দিরের দেয়াল। আগুন জ্বলতে থাকা দোকানের চালের গঠন এবং সামনে থাকা বক্স আকৃতির বস্তুটিও ছড়িয়ে পড়া দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়।
এই ঘটনায় ভারতভিত্তিক একাধিক গণমাধ্যমের সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় (১, ২, ৩, ৪)। আজ তক বাংলার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৪ মার্চ পশ্চিমবঙ্গের মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকার একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ হলে তা দ্রুতই আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বেশিরভাগ দোকানে সিলিন্ডার থাকায় একের পর এক বিস্ফোরণ ঘটতেই থাকে।

অর্থাৎ, আগুনের এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক হামলার কোনো সম্পর্ক নেই। মুসলিমদের ওপর হিন্দুদের ঝাঁপিয়ে পড়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ৩ মাস আগে পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার।
প্রসঙ্গত, গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জয় লাভ করে। ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে সংবাদমাধ্যমগুলো থেকে।