সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের সংসদে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের চিঠি গ্রহণ না করায় এক মুসলিম নেতা স্পিকারের সামনে কাগজ ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওর দৃশ্যটি জম্মু ও কাশ্মীর বিধানসভায় দিনমজুরদের স্থায়ীকরণের একটি বিল নিয়ে এক বিধায়কের প্রতিবাদের ঘটনার।
গত ২৪ অক্টোবর “বাংলাদেশ জামায়াতে ইসলামী” নামের ফেসবুক গ্রুপে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ১৭ সেকেন্ডের ভিডিওতে গোলাপি পোশাক পরা এক ব্যক্তিকে কাগজ ছুঁড়ে মারতে দেখা যায়। পরবর্তী দৃশ্যে হাতে কাগজ তুলে ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলতে দেখা যাচ্ছিল তাকে। ভিডিওর ওপরে লেখা “ইসলামের বিজয় হবে একদিন” এবং “ইনশাআল্লাহ”। পোস্টেও লেখা ছিল, “ইসলামের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ”।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একজনকে বলতে শোনা যায়, “স্যালুট ভাই আপনাকে। ভারতে সংসদ কাঁপালো এক মুসলিম নেতা। ভারতের মুসলিমদের উপর অত্যাচার বন্ধ করার জন্য সংসদে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠি গ্রহণ না করার কারণে, স্পীকারের সামনে পেপার ছুঁড়ে মারল মুসলিম নেতা। সাবাশ! বাঘের বাচ্চা। এভাবে প্রতিবাদ চালিয়ে যাও। একদিন বিজয় হবেই। ইনশাল্লাহ।”
এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টে সাড়ে ছয়শর বেশি প্রতিক্রিয়া এসেছে। ভিডিওটি ১৮০ বারের বেশি শেয়ার হয়েছে।
একই দাবিতে ভিডিওটি প্রায় পাঁচ মাস আগেও ছড়িয়েছিল। তখন ফেসবুকের একাধিক পেজ (১, ২) ও গ্রুপ (১, ২) থেকে এটি শেয়ার করা হয়। যার মাঝে “Mohammod official 2.0” নামের প্রোফাইল থেকে একই দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ১ কোটিরও বেশি বার দেখা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ইউটিউব চ্যানেল নিউজ ইনসাইডার টোয়েন্টিফোর সেভেনে (News Insider 24×7) একই দৃশ্যের ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত ১ এপ্রিল প্রকাশিত পোস্টের শিরোনামে লেখা, “বিধানসভায় হট্টগোল; ওমর আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিবাদে বিল ছিঁড়লেন বিধায়ক ওয়াহিদ উর রহমান পারা” (অনুবাদ করা)।
ভিডিওর বর্ণনায় বলা হয়েছে, ওমর আবদুল্লাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে দিনমজুর-সংক্রান্ত বিল ছিঁড়েছেন বিধায়ক পারা।
ওমর আবদুল্লাহ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী এবং ওয়াহিদ উর রহমান পারা কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মিরের বিরোধী দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) বিধায়ক। ভিডিওর শিরোনাম ও বর্ণনায় মুসলিম নির্যাতন কিংবা কোনো চিঠির উল্লেখ নেই।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ওই ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ১ এপ্রিল জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক লাখের বেশি দিনমজুর ও অস্থায়ী কর্মীকে স্থায়ী করার একটি প্রস্তাব ‘হ্যাঁ/না’ ভোটে নাকচ হয়। বিলটির প্রস্তাব দিয়েছিলেন পিডিপির বিধায়ক ওয়াহিদ পারা। এরপর বিরোধী সদস্যরা প্রতিবাদ করেন এবং সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন।
অর্থাৎ, ভিডিওটি মুসলিম নির্যাতনের প্রতিবাদ নয়, জম্মু ও কাশ্মীর বিধানসভায় দিনমজুর বিল নিয়ে প্রতিবাদের।

