মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
আসামের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের ঘটনা বলে প্রচার

আসামের ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের ঘটনা বলে প্রচার

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ নামের একটা গোষ্ঠী সেনাবাহিনী ও প্রশাসনকে প্রবেশ করতে দিচ্ছে না, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ভারতের আসামের এক কনটেন্ট নির্মাতার।

‘Kashem Vai fd’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ অক্টোবর ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “বাংলাদেশ সরকারের কাছে পোঁছে দিন।” ভিডিওতে দুটি দৃশ্য দেখা যায়। উপরের দৃশ্যে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিও করতে দেখা যায়। নিচের অংশে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “আসসালামু আলাইকুম, পার্বত্য চট্টগ্রাম যদি বাঁচাতে চান তাহলে অতি দ্রুত এদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ এরা ইউপিডিএফ নামের একটা গোষ্ঠী। বাংলাদেশের কোনো সেনাবাহিনী, প্রশাসনকে পার্বত্য জেলার মধ্যে ঢুকতে দিচ্ছে না, একের পর এক ফায়ার করতেছে। অতএব ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকার পর্যন্ত একটু পৌছে দিন।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ৭ হাজারবার শেয়ার করা হয়েছে এবং পোস্টে প্রায় ৮ হাজারবার প্রতিক্রিয়া জানানো হয়েছে।

অনুসন্ধানে ভিডিওর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ‘জানিনা জানিনা’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। গত ২৫ অক্টোবর প্রকাশিত ওই পোস্টের লেখা ছিল, “পাহাড়ি মহিলাদের সাথে কে কে ঝগড়া করতে পারবে সেনাবাহিনীরা তাদেরকে ফুল ক্ষমতা দিলেও কাজ হবে কি”।

ভুয়া দাবিতে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট (বাঁয়ে) ও ফেসবুকে প্রকাশিত মূল ভিডিওর স্ক্রিনশট (ডানে)

পরবর্তী অনুসন্ধানে ‘Rongjali Narzary’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ভিডিও পাওয়া যায়। গত ২০ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। প্রোফাইলের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ভারতের আসামের কোকরাঝাড়ের বাসিন্দা। পর্যবেক্ষণ করে ওই প্রোফাইলে একই ধরনের আরও ভিডিও প্রকাশ করতে দেখা যায়।

এছাড়া ‘N.rongjali’ বা ‘Rongjali Narzary’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই ভিডিও পাওয়া যায়। সেখানেও ভিডিওটি গত ২০ অক্টোবর প্রকাশিত হয়েছিল।

অর্থাৎ, ভারতের আসামের এক কনটেন্ট নির্মাতার সামাজিক মাধ্যমে পূর্বে প্রকাশিত ভিডিওকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা