তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের ভিডিওটি এআই দিয়ে তৈরি

ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের ভিডিওটি এআই দিয়ে তৈরি

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফ্রান্সে চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, ফ্রান্সের পুলিশ আন্দোলন দমনে শূকর ব্যবহার করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। 

নিজেকে পশ্চিমবঙ্গ বিজেপির নেতা পরিচয় দেওয়া মানস সরকার নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ২৪ অক্টোবর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “জেহাদী শুয়োরদের উৎপাত প্রতিহত করতে শুয়োরকেই কাজে লাগিয়ে ফেললো ফ্রান্সের পুলিশ…. ” (ভাষা অপরিবর্তিত)। ১০ সেকেন্ডের এই ভিডিওতে দাঙ্গা পুলিশের পোশাক পরা কিছু ব্যক্তি কয়েকটি শূকর নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে ব্যারিকেডের অন্য পাশে ফিলিস্তিনের পতাকা হাতে আন্দোলনকারীদের দেখা যাচ্ছে। 

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৬০ হাজার বারের বেশি দেখা হয়েছে, পোস্টটি শেয়ার হয়েছে শতাধিক বার। মন্তব্যে হিন্দিতে একজন লিখেছেন, “ভারতে এমন কবে হবে রে ভাই?” আরেকজন ইংরেজিতে বলেছেন, “ফরাসি পুলিশের বুদ্ধিটা বেশ ভালো, ইউরোপের অন্যান্য দেশেরও এটা অনুসরণ করা উচিত।” 

ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের ভিডিওটি এআই দিয়ে তৈরি
ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

একই ভিডিও থেকে নেওয়া একাধিক ক্লিপ শেয়ার করা হয় আহমেদ হাসান নামে আরেকটি ফেসবুক প্রোফাইল থেকে। পোস্টে লেখা, “সাবধান! সাবধান! ফ্রান্সের চোর-চামার সবাই সাবধান! আজ আর আগের মতো আগুন, ভাঙচুর আর শপিং মল লুটপাটের স্বপ্ন দেখে লাভ নেই! পুলিশ এবার নতুন কৌশল বের করে ফেলেছে— সামনে পুলিশ, পাশে শুয়োর বাহিনী! আজ আর কোনো চালাকি চলবে না! ইয়া জিব্বি! ইয়া জিব্বি! ফ্রান্সের পুলিশের মাথায় অবশেষে বুদ্ধি এসেছে!” (ভাষা অপরিবর্তিত)। 

ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের ভিডিওটি এআই দিয়ে তৈরি
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওতে “এআই কন্টেন্ট”-এর লেবেল

কিফ্রেম সার্চে জারানর ফিল্মস নামে এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ২২ অক্টোবর একই ভিডিও প্রকাশিত হতে দেখা যায়। এই ভিডিওতে “এআই কন্টেন্ট”-এর লেবেল জুড়ে দিয়েছে অ্যাকাউন্টটি। এই পেজে আগেও এআই দিয়ে বানানো এ ধরনের ভিডিও প্রচার করা হয়েছে।

ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের ভিডিওটি এআই দিয়ে তৈরি
এআই কনটেন্ট শনাক্তকরণ টুল সাইটইঞ্জিন দিয়ে ভিডিওটি যাচাইয়ের ফলাফল

পর্যবেক্ষণে ডিসমিসল্যাব ভিডিওতে কিছু অসংগতি দেখতে পায়। ভিডিওতে থাকা বেশ কিছু লেখা বিকৃত ও অস্পষ্ট। এছাড়া এআই কনটেন্ট শনাক্তকরণ টুল সাইটইঞ্জিন দিয়ে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯৭ শতাংশ। তাছাড়া, ফ্রান্সের পুলিশের শূকর ব্যবহারের বিষয়টি কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের সূত্রে পাওয়া যায়নি। 

অর্থাৎ, ফ্রান্সে আন্দোলন দমনে পুলিশের শূকর ব্যবহারের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে বানানো।

আরো কিছু লেখা