জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
rangamati/sajek-old video

সাজেকের দৃশ্য দাবিতে ছড়িয়েছে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

সাজেক ভ্যালিতে নিরাপত্তা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত, এমন দাবিতে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সাজেকে চলমান ঘটনার নয়, বরং মিয়ানমারের একটি সংগঠনের প্রচারণামূলক দৃশ্য।

ফেসবুকে ওয়াচ নিউজ বিডি টোয়েন্টিফোর নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “সাজেক ভ্যালি বন্ধ: বাংলাদেশ সেনাবাহিনীর ওপর হামলার অভিযোগ।” ভিডিওর ভেতরে আরও লেখা, “দাবি উঠেছে এরা এমন অস্ত্র পেলো কোথায়?” ভিডিওতে কয়েকজন শিশু-কিশোরকে গোল হয়ে বসে অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যায়। তাদের মাঝখানে কয়েকটি অস্ত্র সাজিয়ে রাখা ছিল। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৩৮ হাজার বার দেখা হয়েছে এবং চার শতাধিক বার শেয়ার করা হয়েছে।

ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, Wai Thin নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। পোস্টে বার্মিজ ভাষায় লেখা ছিল, “চোকসে টাউনশিপ রেভলুশনারি ফোর্স, বন্দুক তো কেবল তখনই বন্দুক যখন তা চালানো হয়, আর নারীকে ভালোবাসলেই কেবল নারী হয়ে ওঠেন, তাই না? #বিপ্লব”।

এছাড়া, ২৪ সেপ্টেম্বর “အဲနီ မိငယ်” নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে বার্মিজ ভাষায় লেখা হয়, “জোরপূর্বক সামরিক বাহিনীতে নিয়োগ এড়িয়ে চলতে ইচ্ছুক ব্যক্তিদের স্বাগত জানায় মিইংজানের তরুণেরা।” ভিডিওর উৎস হিসেবে মিইংজান রেভলুশন আর্মির কথা বলা হয়েছে।  

ফেসবুক প্রোফাইলে পাওয়া ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট।

তবে, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে চোকসে রেভলুশন আর্মি (Kyaukse Revolution Army K.R.A) নামের একটি ফেসবুক পেজ পাওয়া যায়। মিয়ানমারভিত্তিক এই পেজে গত ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৫ মিনিটে একই দৃশ্যের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টে বার্মিজ ভাষায় লেখা ছিল, “সত্যি বলতে, মিয়ানমারের উত্তরাঞ্চলের মানুষের রক্তের অভাব নেই (সাহসের ঘাটতি নেই)।” চোকসে রেভলুশন আর্মি নিজেদের মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী সংগঠন হিসেবে পরিচয় দেয়। এই পেজে প্রচারণামূলক এ ধরনের আরও ভিডিও নিয়মিত পোস্ট করা হয়।   

চোকসে রেভলুশন আর্মি নামের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজোবাজার এলাকায় নিরাপত্তা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং গত ১১ অক্টোবর থেকে সড়ক অবরোধের কর্মসূচি ধাপে ধাপে পালন করা হয়েছে। অন্যদিকে ছড়ানো দৃশ্যটি মিয়ানমারের এবং গত ২২ সেপ্টেম্বরেও ভিডিওটি সামাজিক মাধ্যমে পাওয়া গেছে।

অর্থাৎ, সাজেক ভ্যালিতে সংঘর্ষ-সংশ্লিষ্ট দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার দৃশ্য।

আরো কিছু লেখা