সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছিনতাই চেষ্টার ভিডিও পোস্ট করে ইঙ্গিতে সেটি বাংলাদেশের ঘটনা বলে বোঝানো হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি বাংলাদেশ নয়, বরং ভারতের উত্তরপ্রদেশের এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টার দৃশ্য।
ফেসবুকে “Faceless Democracy – মুখহীন গণতন্ত্র” নামের একটি পেজ থেকে ২৯ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি এক নারীর পাশ দিয়ে যাচ্ছেন। পেছনে থাকা ব্যক্তি নারীর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু ওই নারীর বাধার মুখে ব্যর্থ হয় সে চেষ্টা। পোস্টের বর্ণনায় লেখা, “এত অনিরাপদ দেশ আগে কখনো দেখেছেন বলেন তো?”
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৫৪ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং সাড়ে চারশর বেশি বার শেয়ার করা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন ১ হাজার ২০০-এর বেশি ব্যবহারকারী। ভিডিওতে ঘটনাটি বাংলাদেশের বলে উল্লেখ না করা হলেও মন্তব্য বিশ্লেষণ করে দেখা যায়, একাধিক মন্তব্যকারী সেটি বাংলাদেশের বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “সাবাস নতুন বাংলাদেশ আরো নতুন নতুন অনেক কিছু দেখব,” আরেকজন মন্তব্য করেছেন, “জুলাইয়ের বংলালাদেশ” (বানান অপরিবর্তিত)।
অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে গত ১৭ মে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওর ভেতরের লেখা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “উত্তরপ্রদেশের ৪৫ বছর বয়সী এক নারী ২৩ মিনিট ছিনতাইকারীর বিরুদ্ধে লড়েছেন; এ ঘটনায় গ্রেফতার ২।” ৩৩ সেকেন্ডের এই ভিডিওর সঙ্গে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের ৬ মে উত্তরপ্রদেশের এটাহ জেলায় অনিতা দেবী নামের ৪৫ বছর বয়সী নারী প্রায় ২৩ মিনিট ধরে দুই ছিনতাইকারীর সঙ্গে লড়াই করেন। ছিনতাইকারীদের হামলার মুখেও তিনি নিজের ব্যাগটি ছাড়েননি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তার করে বলে জানা যায়।

অর্থাৎ, দেশকে অনিরাপদ বলে দাবি করে প্রচারিত ভিডিওটি আসলে ভারতে ছিনতাইকারীদের সঙ্গে এক নারীর লড়াইয়ের দৃশ্য।

